IPL 2022: আইপিএলের মেগা নিলামের স্থান ও দিনক্ষণ চূড়ান্ত, ছিটকে গেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার
আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গালুরুতেই। ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখ। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর এ কথা জানিয়ে দিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তবে আইপিএল কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। বিসিসিআই সূত্রে খবর, করোনা পরিস্থিতির উপর নজর রেখে আইপিএলের নিলামের পরই তা চূড়ান্ত হতে পারে।

টাটাকে স্বাগত জয়ের
আইপিএলে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থার টাইটেল স্পনসর থাকা নিয়েও বারবার বিতর্ক তৈরি হয়েছে। ১০ দলকে নিয়ে এবার থেকে যে আইপিএল হবে তার টাইটেল স্পনসর হিসেবে থাকছে টাটা গোষ্ঠী। ব্রিজেশ প্যাটেল এ কথা জানানোর পর টাটা গোষ্ঠীকে স্বাগত জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ১০০টি দেশে ভারতের শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্যশালী সংস্থার আইপিএলের সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে এক বড় বিষয়। বিসিসিআই লাগাতার প্রয়াসের মাধ্যমে আইপিএলকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছে। ভারতের সবচেয়ে বড় এবং বিশ্বাসযোগ্য সংস্থা আইপিএলের সেই বিকাশের ধারা সম্পর্কে অবগত থেকেই তার প্রতি আস্থা দেখিয়েছে। টাটা গোষ্ঠীর সঙ্গে বিসিসিআই ভারতীয় ক্রিকেট ও আইপিএলকে আরও উচ্চতায় তুলে নিয়ে যাবে বলেও আশাবাদী জয় শাহ।

কোথায় হবে আইপিএল?
আইপিএল ভারতে না সংযুক্ত আরব আমিরশাহীতে হবে তা মার্চের আগে স্পষ্ট হবে না বলেই বোর্ডসূত্রে খবর। জানা যাচ্ছে, মার্চে দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত হবে। যদি সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে তাহলে ভারতেই আইপিএল আয়োজনের সম্ভাবনা। তবে মুম্বই-সহ মহারাষ্ট্রের কয়েকটি স্টেডিয়ামেই সীমাবদ্ধ থাকতে পারে আইপিএলের খেলাগুলি। মুম্বইয়ে অন্তত তিনটি স্টেডিয়ামে আইপিএল আয়োজন করাই যায়। জৈব সুরক্ষা বলয়ে যাতে করোনা সংক্রমণ না ছড়াতে পারে সেজন্য বিমানযাত্রা এড়িয়েই আইপিএল ভারতে করতে চায় বিসিসিআই। যেভাবে গোয়ায় আইএসএল হচ্ছে।
|
আইপিএলে নেই টম
আইপিএল নিলামের আগে দুটি নতুন দল লখনউ ও আমেদাবাদ ইতিমধ্যেই দল গঠনে নেমে পড়েছে। চলতি মাসের মধ্যেই এই দুটি দল তিনজন করে ক্রিকেটারকে বেছে নিতে পারবে। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ইংল্যান্ডের টম কারান এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারের কারণে তিনি আইপিএলের পাশাপাশি কাউন্টি মরশুমের প্রথম দুটি মাসেও খেলতে পারবেন না। পিঠের চোটের কারণে তিনি বিগ ব্যাশ লিগের কয়েকটি ম্যাচ খেলেই দেশে ফিরেছেন। ২০১৮ সাল থেকে দিল্লির পাশাপাশি কেকেআর ও রাজস্থান রয়্যালস দলের হয়েও কারান খেলেছেন।
|
ফেরার পথে
কয়েক মাস চোটের কারণে বাইরে থাকার পর চেন্নাই সুপার কিংসে খেলা স্যাম কারান গতকাল থেকে ওভালের নেটে অনুশীলন শুরু করেছেন। বার্বাডোজে রিহ্যাব চলছে জোফ্রা আর্চারের। ইংল্যান্ড দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনেও যে নেমেছেন সেই ভিডিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।












Click it and Unblock the Notifications