IPL 2022: লোকেশ রাহুল অনুশীলনে চেনা মেজাজে, লখনউ সুপার জায়ান্টসকে চিন্তায় রাখবে কোন দিক?
আইপিএল এবার থেকে ১০ দলের। গুজরাত টাইটান্সের সঙ্গে এবার নতুন যুক্ত হয়েছে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে নতুন দলগুলির নিলামে সবচেয়ে বেশি দর ওঠে লখনউয়ের। সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে। আইপিএলের দামি দলকে নিয়ে আত্মবিশ্বাসী লোকেশ রাহুল।
|
গেট-সেট-গো!
নিভৃতবাস কাটিয়ে ইতিমধ্যেই লখনউ সুপার জায়ান্টসের অনুশীলনে নেমে পড়েছেন লোকেশ রাহুল। টুইটে সেই ছবি পোস্ট করে রাহুল লিখেছেন, (জার্সির) রং বদলালেও দায়বদ্ধতা একই রয়েছে। রাহুলের সঙ্গে ওপেন করবেন কুইন্টন ডি কক। ডি কক পাওয়ারপ্লে-তে আক্রমণাত্মক ব্যাটিং করেন, রাহুলও। তবে শুরুর দিকে ধরে খেলে ডি কককেই চালিয়ে খেলার পরামর্শ দিতে পারেন লখনউ অধিনায়ক। গত তিনটি আইপিএল মরশুমে ১২৭-এর উপর স্ট্রাইক রেট রাখা মণীশ পাণ্ডে তিনে নামতে পারেন। সেক্ষেত্রে ডি ককের আউট হওয়ার পর মণীশ নামলে তখন চালাতে শুরু করতেই পারেন ভারতীয় দলের সাদা বলের সহ অধিনায়ক।
|
ব্যাটিং বিভাগ
লখনউ সুপার জায়ান্টসের মিডল অর্ডারে ফ্লেক্সিবিলিটিও ভালোই রয়েছে। রয়েছেন আক্রমণাত্মক ব্যাটাররাও। মার্কাস স্টইনিসকে প্রথম দিকে পাওয়া যাবে না তিনি অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাকিস্তানে থাকায়। তবে যখন সকলে থাকবেন তখন চিন্তা নেই। কেন না, দীপক হুডা, স্টইনিসরা নেমেই চালিয়ে খেলার দক্ষতা রাখেন। ক্রুণাল পাণ্ডিয়া ও জেসন হোল্ডারাও রয়েছেন। তবে খুব বেশি ব্যাটিং গভীরতা না থাকায় টপ অর্ডারের উপরই বেশি নির্ভরশীল থাকবে লখনউ সুপার জায়ান্টস। টুর্নামেন্ট যত এগোবে ততই প্রথম একাদশে প্রয়োজনীয় রদবদলও চলতেই পারে। কাইল মেয়ার্স, এভিন লুইস, মনন ভোরার মতো ব্যাটাররাও কার্যকরী ভূমিকা পালন করতেই পারেন।
|
বোলিং শক্তি
মার্ক উড ছিটকে গেলেও লখনউ সুপার জায়ান্টসে ৮ বোলার রয়েছেন যাঁরা প্রথম একাদশে থাকার যোগ্য। ফলে বোলিং বিভাগ লখনউ সুপার জায়ান্টসের অন্যতম শক্তি হতে চলেছে। আবেশ খান ও দুষ্মন্ত চামিরা প্রথম ম্যাচে খেলবেন বলে মনে করা হচ্ছে। দেশের হয়ে খেলার পর বিদেশিরা চলে এলে নিশ্চিতভাবেই প্রথম ১১ বদলাবে। রবি বিষ্ণোইয়ের সঙ্গে অফস্পিনার কৃষ্ণাপ্পা গৌতম, লেগস্পিনার ক্রুণাল পাণ্ডিয়া, এমনকী দীপক হুডাও অফস্পিন বোলিংয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। আদর্শ বিদেশি নিয়ে কম্বিনেশন ঠিক করতে চাইলে চামিরার বিকল্প হতেই পারেন অঙ্কিত রাজপুত। সেক্ষেত্রে লুইস বা মেয়ার্সের মতো আক্রমণাত্মক ব্যাটারকে লখনউ প্রথম একাদশে রাখতে পারবে। শাহবাজ নাদিম, মহসীন খানরাও রয়েছেন। তবে স্পিন বিভাগকে নেতৃত্ব দিতে পারেন রবি বিষ্ণোই। ২১ বছরের রিস্টস্পিনার বিষ্ণোইকে ৪ কোটি টাকা দিয়ে নিলামের আগেই ঘরে তুলেছিল লখনউ। পাঞ্জাব কিংসের হয়ে গত বছর ৭টির মধ্যে ৬টি ম্যাচেই তিনি ৪ ওভারে ২৫ বা তার কম রান দেন। ২০২০ সালের আইপিএলের ইমার্জিং প্লেয়ার বিষ্ণোই ভারতীয় দলের হয়েও নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন।
|
লখনউয়ের সম্ভাব্য ১১
লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, সহকারী কোচ বিজয় দাহিয়া, মেন্টর গৌতম গম্ভীর, বোলিং কোচ অ্যান্ডি বিকেল। পূর্ণশক্তির লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য প্রথম একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, মার্কাস স্টইনিস, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, আবেশ খান ও দুষ্মন্ত চামিরা।
(প্রচ্ছদের ছবি- লোকেশ রাহুলের টুইটার)












Click it and Unblock the Notifications