IPL 2022: আইপিএলে লখনউয়ের সামনে চেন্নাই চ্যালেঞ্জ! সুপার জায়ান্টস ও সুপার কিংসের প্রথম একাদশে আসবে পরিবর্তন?
আইপিএলে কাল মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পরাস্ত হয়েছে। আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআরের কাছে হেরেছিল রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন সুপার কিংস। সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে গুজরাত টাইটান্স।
|
আত্মবিশ্বাসী রাহুল
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল গুজরাত ম্যাচে হারের পর দাবি করেছিলেন, তাঁর দল আরও ভালো খেলার ক্ষমতা রাখে। আইপিএলে নবাগত হলেও লখনউয়ের দল বেশ শক্তিশালী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তারা এখনও পূর্ণশক্তির দল পায়নি। প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হলেও পরিস্থিতি ভালোই সামাল দেয় মিডল অর্ডার। এমনিতে লখনউয়ের মিডল অর্ডারে কিছুটা দুর্বলতা রয়েছে। কিন্তু তা বোঝা যায়নি দীপক হুডা ও আয়ুষ বাদোনির বিস্ফোরক ইনিংসের সৌজন্যে। ২৯ রানে চার উইকেট হারিয়েও শেষ অবধি ৬ উইকেটে ১৫৮ অবধি পৌঁছেছিল লখনউ। দুষ্মন্ত চামিরা বল হাতে নজর কাড়লেও তাঁর কোচা পূর্ণ করেননি রাহুল। ভুল-ত্রুটি শুধরে লখনউ প্রথম জয় পেতে মুখিয়ে রয়েছে।
|
অভিজ্ঞতা বনাম তারুণ্য
চেন্নাই সুপার কিংস অবশ্য অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রয়েছে। তবে লখনউয়ের ভরসা যেখানে তারুণ্য, সেখানে অন্তত প্রথম ম্যাচে চেন্নাইকে লড়াইয়ে রেখেছিলেন মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রবিন উথাপ্পা, ডোয়েইন ব্র্যাভোরাই। মহেন্দ্র সিং ধোনি ৩৮ বলে দলের হয়ে সর্বাধিক ৫০ রান করেছিলেন। ডোয়েইন ব্র্যাভো ৪ ওভারে ২০ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন। কালকের ম্যাচে একটি উইকেট পেলেই তিনি এককভাবে আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হয়ে যাবেন।

লখনউয়ের শক্তি ও দুর্বলতা
সুপার জায়ান্টস কালকের ম্যাচেও জেসন হোল্ডারকে পাচ্ছে না। পরের ম্যাচে অবশ্য ক্যারিবিয়ান অলরাউন্ডারকে পাবে রাহুলের দল। অ্যান্ড্রু টাইয়ের ব্যাপারেও এখনও কিছু জানানো হয়নি। টাই যদি খেলেন তবে তিনি মহসীন খানের স্থলাভিষিক্ত হতে পারেন। লখনউয়ের হয়ে চেন্নাই ম্যাচে বড় অস্ত্র হতে পারেন ক্রুণাল পাণ্ডিয়া। তিনি রবিন উথাপ্পার বিরুদ্ধে ৩৩ বলে ৩৭ রান দিয়ে ২ বার আউট করেছেন, অম্বাতি রায়ুডুকে ২৫ বলে ২ বার আউট করেছেন, ২৮ রান দিয়ে। রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে তিনি ২৪ বলে ১৭ রান দিয়ে ২ বার আউট করেছেন। ধোনিকে ২৪টি বল করেছেন ১৭ রান দিয়েছেন। তবে মাহির উইকেট পাননি ক্রুণাল। লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), এভিন লুইস, মণীশ পাণ্ডে, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, অ্যান্ড্রু টাই বা মহসীন খান, দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোই, আবেশ খান।
|
মঈন প্রথম একাদশে?
চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিয়েছেন মঈন আলি। লখনউয়ের বিরুদ্ধে মিচেল স্যান্টনারের জায়গায় তাঁর প্রথম একাদশে আসার সম্ভাবনা। অভিজ্ঞ মঈন টি ২০ বিশ্বকাপে পাওয়ারপ্লেতে দুরন্ত বোলিং করেছিলেন। প্রথম ৬ ওভারের মধ্যে তিনি বল করেছেন ১১ ওভার, ৫.৭ ইকনমিতে ৫ উইকেট নিয়েছিলেন। ডি ককের বিরুদ্ধে কার্যকরী হতেই পারেন মঈন। টি ২০ ক্রিকেটে ৮ ইনিংসে মঈনের ৩৮ বলে ডি কক ৫৩ রান করেছেন, তবে আউট হয়েছেন চারবার। চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, মঈন আলি, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শিবম দুবে, ডোয়েইন ব্র্যাভো, অ্যাডাম মিলনে, তুষার দেশপাণ্ডে।












Click it and Unblock the Notifications