IPL 2022: কুমার কার্তিকেয় কীভাবে রপ্ত করলেন রকমারি স্পিন? কঠিন দিনযাপনের কথাও জানালেন কোচ
মুম্বই ইন্ডিয়ান্স আজ খেলতে নামবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ইতিমধ্যে রোহিত শর্মার দল একটিমাত্র জয়ই পেয়েছে চলতি আইপিএলে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচেই অভিষেকে চমকে দিয়েছেন কুমার কার্তিকেয় সিং। উত্তরপ্রদেশের এই স্পিনার ছয় মাস বাঁহাতি অর্থোডক্স স্পিনার ছিলেন। কিন্তু এখন তাঁর বোলিংয়ে যে বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে তাতে মিস্ট্রি স্পিনার বলা যেতেই পারে।
|
মুম্বই ইন্ডিয়ান্সে কার্তিকেয়
মহম্মদ আরশাদ খান চোটের কারণে ছিটকে যাওয়ায় কুমার কার্তিকেয় সিংকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। বেস প্রাইস ২০ লক্ষ টাকাতেই। যে সময় কার্তিকেয় রোহিতদের দলে ঢোকেন তখনও অবধি মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ৯টি ম্যাচে তাঁর ৩৫টি উইকেট রয়েছে। লিস্ট এ ক্রিকেটের ১৯টি ম্যাচে ১৮টি এবং টি ২০ ক্রিকেটে ৮ ম্যাচে ৯টি উইকেট ছিল। ৩০ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল অভিষেক ম্যাচে তিনি চার ওভারে ১৯ রান দেন, তুলে নেন সঞ্জু স্যামসনের উইকেট।
|
তাকলাগানো বৈচিত্র্য
এই ম্যাচেই তাঁর বোলিং দেখে অবাক ধারাভাষ্যকার থেকে ক্রিকেটপ্রেমীরা। বাঁহাতি কার্তিকেয় কখনও করলেন রিস্টস্পিন, কখনও বা দিলেন রং'য়ান (Wrong'un), কখনও ফিঙ্গারস্পিন, কখনও বা ক্যারম বল। কোচ সঞ্জয় ভরদ্বাজ, ৬ মাস আগেও কার্তিকেয় বাঁহাতি অর্থোডক্স স্পিন বোলিং করতেন। টি ২০ ক্রিকেটে সাফল্যের লক্ষ্যে কার্তিকেয় রিস্টস্পিনের উপর জোর দেন। এই বল রপ্ত করা কঠিন হলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজের লক্ষ্যপূরণ করেছেন। উল্লেখ্য, কার্তিকেয়র জন্ম উত্তরপ্রদেশে। তবে খেলেন মধ্যপ্রদেশের হয়ে।

বদলে গেল জীবন
সঞ্জয় ভরদ্বাজকে উদ্ধৃত করে ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, ৯ বছর আগে দিল্লিতে ভরদ্বাজের আকাদেমিতে প্রথম কার্তিকেয়কে নিয়ে আসা হয় তখন তাঁর বয়স ১৫। তাঁর বাবা প্রাদেশিক আর্মড কনস্টাবুলারির কনস্টেবল পদে কর্মরত। ক্রিকেটকে আঁকড়ে ধরেই পরিবারের আর্থিক পরিস্থিতি উজ্জ্বল করবেন বলে পরিবারকে কথা দিয়েছিলেন কার্তিকেয়। দিল্লিতে বন্ধু রাধেশ্যাম ছাড়া কাউকে তখন চিনতেন না কার্তিকেয়। এই বন্ধু তাঁকে পড়াশোনার ক্ষেত্রেও খুব সাহায্য করেছেন। ভরদ্বাজকে অনুরোধ করা হয় কার্তিককে বিনামূল্যে প্রশিক্ষণের বন্দোবস্ত করার জন্য। তাঁর বোলিং অ্যাকশন, আঙুল সঠিক জায়গায় রেখে বল করার দক্ষতা ট্রায়ালে দেখেই রাজি হয়ে যান কোচ। আকাদেমিতে যাতে প্রশিক্ষণ নিতে পারেন সেজন্য আকাদেমির ৮০ কিলোমিটার দূরে মাসুরি নামের একটি গ্রামে কারখানায় শ্রমিকের কাজ নেন কার্তিকেয়। নিজের থাকা-খাওয়ার খরচ জোগাড় করতে। রাতে কারখানায় কাজ করে সকালে আকাদেমিতে আসতেন। এ ছাড়া বিশ্রাম নিতেন কারখানার কাছেই কয়েকজনের সঙ্গে ভাড়াবাড়িতে। ১০ টাকা বাঁচিয়ে বিস্কুটের প্যাকেট কিনতে কয়েক মাইল হাঁটতেও দ্বিধা করতেন না।

এক বছর দুপুরে না খেয়ে কঠোর পরিশ্রম
ভরদ্বাজ একদিন কার্তিকেয়র কাছে তাঁর এমন জীবনযাপনের কথা জানতে পেরে আকাদেমির রাঁধুনিরা যেখানে থাকতেন সেখানে থাকার বন্দোবস্ত করে দেন। অবাক করার বিষয় আরও ছিল। আকাদেমিতে রাঁধুনিরা মধ্যাহ্নভোজ দিতেই কেঁদে ফেলেন কার্তিকেয়। এক বছর ধরে দুপুরে না খেয়েই কাটতো যে তাঁর! গৌতম গম্ভীরের ছোটবেলার কোচ সঞ্জয় ভরদ্বাজই কার্তিকেয়কে স্কুলে ভর্তি করিয়ে দেন, স্কুল ন্যাশনালস, ডিডিসিএ লিগে সাফল্য আসে। অমিত মিশ্রর মতো দিল্লিতে না রেখে পরবর্তীতে কার্তিকেয়কে মধ্যপ্রদেশে এক বন্ধুর কাছে পাঠিয়ে দেন ভরদ্বাজ। ডিভিশন ক্রিকেটে নজর কেড়ে, মধ্যপ্রদেশের কোনও বয়সভিত্তিক দলে না খেলেই রঞ্জি অভিষেক হয় কার্তিকেয়র। ভোপালে ভরদ্বাজ আকাদেমিতেই নিজেকে আরও ক্ষুরধার করে তোলেন। এমনকী ইন্দোরে ম্যাচ খেলে ভোপালে অনেক রাতে ফিরেও আকাদেমিতে আলো জ্বেলে ঘণ্টা দুই-তিন অনুশীলনও করেন। আইপিএলের সাফল্য তাঁর পরিবারকে কতটা আলোকিত করে তা অবশ্য বলবে সময়।
(ছবি- কুমার কার্তিকেয় সিংয়ের ফেসবুক)
𝐌𝐈 𝐃𝐢𝐚𝐫𝐲 👉 A week of birthdays, debuts and our first victory 💙#OneFamily #DilKholKe #MumbaiIndians MI TV pic.twitter.com/V0JvV8Mum0
— Mumbai Indians (@mipaltan) May 5, 2022












Click it and Unblock the Notifications