IPL 2022: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সামনে রাজস্থান রয়্যালস, ফারাক গড়বেন স্পিনাররা?
চলতি আইপিএলের ৩০তম ম্যাচে কাল মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। শ্রেয়সের কেকেআর যেমন হারের হ্য়াটট্রিক এড়াতে বদ্ধপরিকর, তেমনই জয়ের রাস্তায় ফিরতে চাইবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। একদিকে সুনীল নারিন-বরুণ চক্রবর্তী, অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন-যুজবেন্দ্র চাহাল, ফলে ব্যাটারদের সামলাতে হবে স্পিনারদের শক্ত চ্যালেঞ্জ।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের ২৫টি দ্বৈরথে ১৩টিতে জিতেছে কেকেআর, ১১টিতে রাজস্থান রয়্যালস। ২০১৫ সালে কলকাতায় দুই দলের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। দুই দলের শেষ পাঁচটি সাক্ষাতের নিরিখে ৩-২ ব্যবধানে এগিয়ে নাইটরা। গতবারের আইপিএলে দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল। প্রথম সাক্ষাতে মুম্বইয়ে ৬ উইকেটে জিতেছিল রাজস্থান রয়্যালস। ফিরতি সাক্ষাতে শারজায় কেকেআর জয় ছিনিয়ে নিয়েছিল ৮৬ রানে।

রাজস্থান রয়্যালস চলতি আইপিএলে ৫ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। কেকেআরের রয়েছে ৬ ম্যাচে ৬ পয়েন্ট। কেকেআর হারিয়েছে চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আরসিবির বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ হারার পর শেষ দুটি ম্যাচে শ্রেয়সরা হেরেছেন যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে। রাজস্থান রয়্যালস হারিয়েছে সানরাইজার্স, মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসকে। সঞ্জু স্যামসনরা পরাস্ত হয়েছেন আরসিবি ও গুজরাত টাইটান্সের কাছে।

জস বাটলার, সঞ্জু স্যামসনরা স্পিন ভালো খেলেন। ফলে কেকেআর চাইবে বরুণ চক্রবর্তী এই ম্যাচে চেনা ছন্দে ফিরুন। বরুণের ইকনমি কেকেআরের উদ্বেগের কারণ। তবে নাইটদের প্রথম একাদশে রদবদলের সম্ভাবনা নেই বললেই চলে। রাজস্থান রয়্যালসের আগের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি ট্রেন্ট বোল্ট। তিনি কেকেআর ম্যাচে দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে জিমি নিশাম প্রথম একাদশের বাইরে যাবেন। ৪৯ রান করলে টি ২০ ক্রিকেটে ৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন সঞ্জু স্যামসন। কেকেআরের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা সুনীল নারিন কাল দলে থাকলে ১৫০তম আইপিএল ম্যাচ খেলবেন।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞজু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রাসি ভ্যান ডার ডুসেন, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জিমি নিশাম বা ট্রেন্ট বোল্ট, রবিচন্দ্রন অশ্বিন, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- ভেঙ্কটেশ আইয়ার, অ্যারন ফিঞ্চ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, আমন খান, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।












Click it and Unblock the Notifications