IPL 2022: আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে কলকাতার বদলার মরণ-বাঁচন ম্যাচ, দ্বৈরথে এগিয়ে কারা?
আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর টানা পাঁচটি ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গিয়েছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস গতবারের রানার-আপদের ফের হারিয়ে পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা নিশ্চিত করতে চাইবে। রাজস্থান রয়্যালসকে হারিয়ে গতকাল মুম্বই ইন্ডিয়ান্স প্রথম জয়ের স্বাদ পেয়েছে।

পারস্পরিক দ্বৈরথে
আইপিএলে কলকাতা ও রাজস্থানের দ্বৈরথে ২৬টির মধ্যে ১৩টিতে জিতেছে কেকেআর, রাজস্থান রয়্যালস জিতেছে ১২টিতে। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালস নাইটদের হারিয়েছিল ৭ রানে। শেষ পাঁচটি পারস্পরিক সাক্ষাতের নিরিখে কলকাতা রাজস্থানের চেয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে। ২০২০ সালের আইপিএলে দুটি সাক্ষাতেই জয়লাভ করেছিল কেকেআর। গত মরশুমে রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচে জিতেছিল ৬ উইকেটে, ফিরতি সাক্ষাতে রাজস্থান রয়্যালসকে কেকেআর হারায় ৮৬ রানে।

রাজস্থানের লক্ষ্য প্রথম চার
৯ ম্যাচে এখনও অবধি রাজস্থান রয়্যালসের রয়েছে ১২ পয়েন্ট। নেট রান রেট ০.৪৫০। জিতলে তারা লখনউ সুপার জায়ান্টসকে টপকে দ্বিতীয় স্থান দখল করবে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে। জস বাটলারের উপরই বেশিরভাগ নির্ভরশীল হয়ে পড়েছে রাজস্থান রয়্যালসের ব্যাটিং। দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ারদের কাছে তাই আরও বেশি ধারাবাহিকতা প্রত্যাশা করছে রয়্যালস শিবির। বোলিংয়েও এখনও অবধি সর্বাধিক উইকেটশিকারী যুজবেন্দ্র চাহাল। বল হাতে ভরসা দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন, তিনি ব্যাট হাতেও ঝোড়ো ইনিংস খেলতে যে পারদর্শী তারও প্রমাণ দিয়েছেন এবারের আইপিএলে। কম রানের পুঁজি নিয়েও রাজস্থান জিততে পারছে কুলদীপ সেন, প্রসিদ্ধ কৃষ্ণরাও নিয়ন্ত্রিত বোলিং করায়। তবে এখনও রান তাড়া করে একটি ম্যাচেও জিততে পারেনি রাজস্থান রয়্যালস। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে তারা ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর।

টানা হাফ ডজন হার এড়ানোর চ্যালেঞ্জ
কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার বাকি ম্যাচগুলিতে ফ্র্যাঞ্চাইজির সম্মানরক্ষার্থে নিজেদের উজাড় করে দেওয়ার ডাক দিয়েছেন। তবে দলে খুব বেশি রদবদলের নেতিবাচক প্রভাবও যে পড়ছে তা উঠে এসেছে শ্রেয়স, টিম সাউদিদের কথায়। আগের আইপিএলে নজর কাড়া বরুণ চক্রবর্তী বাদ পড়েছেন। ছন্দ হারিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেলরা। এই পরিস্থিতিতে কালকের ম্যাচে প্যাট কামিন্সকে প্রথম একাদশে ফেরানোর ভাবনাচিন্তা চলছে। আগের আইপিএলে দ্বিতীয়ার্ধে টানা জিতে প্লে অফে উঠে ফাইনাল অবধি গিয়েছিল কেকেআর। টানা পাঁচটি ম্যাচ জেতার কঠিন চ্যালেঞ্জ সামলাতে নাইটরা এখন ম্যাচ ধরে ধরে এগোতে চাইছে। টানা হাফ ডজন হার এড়াতে মরিয়া গতবারের রানার-আপরা।

সম্ভাব্য একাদশ
দুই দলেই পরিবর্তনের সম্ভাবনা কম। কলকাতা নাইট রাইডার্সে প্যাট কামিন্সকে আনা হতে পারে। কামিন্সকে খেলানোর পক্ষে সওয়াল করেছেন যুবরাজ সিংয়ের মতো অনেকেই। একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ড্যারিল মিচেল, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, সুনীল নারিন, বাবা ইন্দ্রজিৎ (উইকেটকিপার), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, উমেশ যাদব, টিম সাউদি বা প্যাট কামিন্স, হর্ষিত রানা












Click it and Unblock the Notifications