IPL 2022: সুনীল নারিন কেকেআরের হয়েই খেলছেন ১৫০তম আইপিএল ম্যাচ! টস জিতে ফিল্ডিং কেকেআরের
আইপিএলের জন্মদিনে আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের কেকেআর। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা সুনীল নারিন আজ ১৫০তম আইপিএল ম্যাচ খেলছেন। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে এই নজির গড়তে পারায় গর্বিত ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে না খেললেও নারিন আইপিএলে কেকেআরকে ভরসা দিয়ে চলেছেন। তিনি আইপিএলে শেষ দিন অবধি এই দলেই থাকার ইচ্ছাপ্রকাশও করেছেন। এদিন তাঁর হাতে ১৫০ লেখা বিশেষ জার্সি তুলে দিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। কেকেআর দলে একটি পরিবর্তন। আমন খানের জায়গায় দলে নেওয়া হয়েছে শিবম মাভিকে।
পিচ দেখে ম্যাথু হেডেন জানিয়েছেন, ব্র্যাবোর্নের পিচ ব্যাটিং প্যারাডাইস। ফলে ডিউ ফ্যাক্টর হয়ে না দাঁড়ালে উপভোগ্য ম্যাচেরই অপেক্ষা। ছোট বাউন্ডারিতে বড় রান উঠবে বলে মনে করছেন সুনীল গাভাসকরও, একইসঙ্গে তাঁর মতে গুরুত্বপূর্ণ হতে পারে মাঝের ওভারগুলি। টস জিতে ফিল্ডিং নেওয়ার পর শ্রেয়স জানিয়েছেন, মুম্বইয়ে শিশির পড়া অন্যতম কারণ। মাঠের একদিকে ছোট বাউন্ডারিও রয়েছে। উইকেট শুষ্ক, ভালোই মনে হচ্ছে। আমরা রান তাড়া করতেই পছন্দ করি। সেরা কম্বিনেশন তাঁরা চূড়ান্ত করে ফেলেছন বলেও উপলব্ধি কেকেআর ক্যাপ্টেনের। টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন বলে জানিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। এই মাঠে রাজস্থান এই প্রথম খেলছে। তবে প্রথমে ব্যাট করতে হলেও উদ্বিগ্ন নন সঞ্জু।

রাজস্থান রয়্যালস দলে তিনটি পরিবর্তন। ট্রেন্ট বোল্ট এলেন জিমি নিশামের জায়গায়। ওবেদ ম্যাককয় খেলছেন কুলদীপ সেনের পরিবর্তে। করুণ নায়ার দলে এলেন রাসি ভ্যান ডার ডুসেনের জায়গায়। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের ২৫টি দ্বৈরথে ১৩টিতে জিতেছে কেকেআর, ১১টিতে রাজস্থান রয়্যালস। ২০১৫ সালে কলকাতায় দুই দলের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। দুই দলের শেষ পাঁচটি সাক্ষাতের নিরিখে ৩-২ ব্যবধানে এগিয়ে নাইটরা। গতবারের আইপিএলে দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল। প্রথম সাক্ষাতে মুম্বইয়ে ৬ উইকেটে জিতেছিল রাজস্থান রয়্যালস। ফিরতি সাক্ষাতে শারজায় কেকেআর জেতে ৮৬ রানে।

রাজস্থান রয়্যালস- জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞজু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), করুণ নায়ার, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, ট্রেন্ট বোল্ট, রবিচন্দ্রন অশ্বিন, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, ওবেদ ম্যাককয়
কলকাতা নাইট রাইডার্স- ভেঙ্কটেশ আইয়ার, অ্যারন ফিঞ্চ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিবম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী












Click it and Unblock the Notifications