IPL 2022: লোকেশ রাহুলের চারটির তিনটি আইপিএল শতরানই মুম্বইয়ের বিরুদ্ধে, আরও কোন নজির গড়লেন?
ওয়াংখেড়েতে আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একা কুম্ভ রক্ষা করলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। পেলেন চতুর্থ আইপিএল শতরান। যার তিনটিই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আজ রাহুল ৬২ বলে ১০৩ রানে অপরাজিত রইলেন। অতিরিক্ত রান-সহ বাকি ব্যাটারদের ৫৮ বলে সম্মিলিত অবদান ৬৫!

রাহুলের চতুর্থ আইপিএল শতরান
আইপিএলে সর্বাধিক ৬টি শতরান রয়েছে ক্রিস গেইলের। বিরাট কোহলির রয়েছে পাঁচটি। ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও জস বাটলারের সঙ্গে এবার লোকেশ রাহুলের নামের পাশেও বসল চারটি আইপিএল শতরান। রাহুল চতুর্থ আইপিএল শতরানটি পেয়েছেন তাঁর ১০২তম ম্যাচে। জস বাটলার এবারের আইপিএলে তিনটি শতরান-সহ মোট চারটি আইপিএল সেঞ্চুরি করেছেন, তিনি ম্যাচ খেলেছেন ৭২টি। ডেভিড ওয়ার্নার আইপিএলে ১৫৫টি ও শেন ওয়াটসন ১৪৫টি ম্যাচ খেলেছেন।

মুম্বইয়ের বিরুদ্ধে তৃতীয় সেঞ্চুরি
লোকেশ রাহুল এদিন আরও একটি অনন্য নজির গড়েছেন। তাঁর চারটি শতরানের মধ্যে তিনটিই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে এতগুলি শতরান কারও নেই। রাহুল যতবার আইপিএলে শতরান করেছেন, সব ক্ষেত্রেই অপরাজিত থেকেছেন। ২০১৯ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করেছিলেন ৬৪ বলে অপরাজিত ১০০, ৬টি করে চার ও ছয় মারেন। ২০২০ সালে পাঞ্জাবের হয়েই দুবাইয়ে ১৪টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৬৯ বলে ১৩২ রানে অপরাজিত ছিলেন। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে মুম্বইয়ের বিরুদ্ধে তিনি ৯টি চার ও ৫টি ছয়ের সাহায্যে করেছিলেন ৬০ বলে অপরাজিত ১০৩। এদিন ১২টি চার ও ৪টি ছয়ের সাহায্যে তিনি অপরাজিত রইলেন ৬২ বলে ১০৩ রান করেই।

এলিট লিস্টে রাহুল
কোনও আইপিএল মরশুমে সবচেয়ে বেশি চারটি শতরানের নজির রয়েছে বিরাট কোহলির, ২০১৬ সালের আইপিএলে তিনি সর্বাধিক রান সংগ্রহকারী হন এই নজির গড়ে। এ ছাড়া চলতি আইপিএলে তিনটি শতরান করেছেন জস বাটলার। ২০১১ সালে ক্রিস গেইল, ২০১৭ সালে হাসিম আমলা, ২০১৮ সালে শেন ওয়াটসন, ২০২০ সালে শিখর ধাওয়ানের পর এবারের আইপিএলে দুটি শতরান হাঁকানোর নজির গড়লেন লোকেশ রাহুল।

কমলা টুপির দৌড়ে
চলতি আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করেছেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। ৮ ম্যাচে তিনি ২ বার অপরাজিত থেকে ৩৬৮ রান করেছেন। গড় ৬১.৩৩, স্ট্রাইক রেট ১৪৭.৭৯। ২ বার শূন্যে আউট হয়েছেন। তাও আবার গোল্ডেন ডাক। মেরেছেন ৩৩টি চার ও ১৫টি ছয়। আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় তিনি আপাতত দ্বিতীয় স্থানে। শীর্ষে জস বাটলার (৭ ম্যাচে ৪৯১)। রাহুলের পর তৃতীয় স্থানে গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (৬ ম্যাচে ২৯৫)।












Click it and Unblock the Notifications