IPL 2022: বিরাটকে টপকে রোহিতের কীর্তি স্পর্শের দিনেই রাহুলের উপর ঝুলল নির্বাসনের খাঁড়া, বাঁচতে ভরসা বোলাররা!
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলেই দুটি শতরান হাঁকালেন লোকেশ রাহুল। আইপিএলে তাঁর চারটি শতরানই মুম্বইয়ের বিরুদ্ধে, দুটি লখনউ এবং একটি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। অধিনায়কোচিত অপরাজিত শতরানের সুবাদে বিরাট কোহলিকেও ছাপিয়ে গেলেন লোকেশ রাহুল। স্পর্শ করলেন রোহিত শর্মার শতরানের রেকর্ড। কিন্তু একইসঙ্গে রোহিতের মতোই রাহুলের উপরও নির্বাসনের খাঁড়া।

রাহুলের শাস্তি
চলতি আইপিএলে তৃতীয়বার শাস্তির মুখে পড়লেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। তার মধ্যে দুবারই মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে স্লো ওভার রেটের কারণে। গত ১৬ এপ্রিল ব্র্যাবোর্নে মুম্বই বনাম লখনউ ম্যাচে নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে না পারায় রাহুলের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। এরপর ২০ এপ্রিল আরসিবি ম্যাচে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাহুলের ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা যায় এবং মার্কাস স্টইনিসকে সতর্ক করা হয়। আউট হওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় স্টইনিস আপত্তিকর শব্দ প্রয়োগ করেন বলে অভিযোগ। এরপর গতকাল ফের মুম্বই ম্যাচে স্লো ওভার রেটের ফাঁদে পড়ে লখনউ। দ্বিতীয়বার একই অপরাধের জেরে অধিনায়ক রাহুলের ২৪ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়। প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের জরিমানা ধার্য হয় ৬ লক্ষ বা ম্যাচ ফি-র ২৫ শতাংশের মধ্যে যেটি কম সেই পরিমাণ অর্থ।

রাহুল ও রোহিতের উপর নির্বাসনের খাঁড়া
গত ২৭ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবং ১৪ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেটের ফাঁদে জড়িয়ে পড়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ফলে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উপর ঝুঁলছে এক ম্যাচে নির্বাসনের খাঁড়া। লিগ পর্বে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স ৮টি করে ম্যাচ খেলায় এখনও তাদের ৬টি ম্যাচ বাকি। আইপিএলের নিয়ম বলছে, যদি কোনও দল তৃতীয়বার স্লো ওভার রেটের অপরাধে জড়িয়ে পড়ে তাহলে সেই দলের অধিনায়ক একটি ম্যাচে নির্বাসিত হবেন। ফলে রাহুল ও রোহিতকে এবার থেকে ওভার রেটের দিকেও নজর রাখতেই হবে।

বিরাট-রোহিতদের চেয়ে অনেক এগিয়ে রাহুল
চলতি আইপিএলে লোকেশ রাহুল ৮ ম্যাচে ৩৬৮ রান করে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, রান সংগ্রহের নিরিখে ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম। ফলে প্লে অফ নিশ্চিত করতে গেলেন রাহুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে স্লো ওভার রেটের কারণে রাহুল শাস্তির মুখে পড়লে তা লখনউ সুপার জায়ান্টসের পক্ষে নিশ্চিতভাবেই বড় ধাক্কা হবে। রোহিত শর্মা ও বিরাট কোহলি যেখানে ব্যাট হাতে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়ে চিন্তা বাড়িয়েছেন সেখানে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিতের উত্তরসূরীর দৌড়ে থাকা রাহুল সপ্রতিভ রয়েছেন। ক্যাপ্টেন্সি তাঁর উপর চাপ তৈরি যে করছে না তা বারেবারেই প্রমাণিত। এর আগে পাঞ্জাবের অধিনায়ক হিসেবেও রাহুল ব্যাট হাতে সফল হয়েছেন। রোহিত ৮ ম্যাচে এবার আইপিএলে করেছেন ১৫৩, গড় ১৯.১২, স্ট্রাইক রেট ১২৬.৪৪। বিরাট কোহলির দশা আরও খারাপ, ৮ ম্যাচে ১১৯ করেছেন, গড় ১৭, স্ট্রাইক রেট ১২২.৬৮।

রোহিতের কীর্তি স্পর্শ রাহুলের
চলতি আইপিএলে দ্বিতীয় তথা আইপিএল কেরিয়ারে চতুর্থ শতরানটি এসেছে লোকেশ রাহুলের ব্যাট থেকে। চারবারই সেঞ্চুরি করে তিনি অপরাজিত থাকার নজিরও গড়েছেন। এরই সঙ্গে টি ২০ ক্রিকেটে রাহুলের শতরানের সংখ্যা দাঁড়াল ৬। টি ২০ আন্তর্জাতিকে রাহুলের দুটি শতরান রয়েছে, আইপিএলে চারটি। রোহিত শর্মা টি ২০ আন্তর্জাতিকে চারটি, আইপিএলে ১টি-সহ মোট ৬টি শতরান করেছেন টি ২০ ফরম্যাটে। টি ২০-তে বিরাট কোহলির শতরানের সংখ্যা পাঁচটি, সব কটিই আইপিএলে। আইপিএলে বিরাট ২১৫ ম্যাচে ৬৪০২ রান করেছেন। শিখর ধাওয়ানের রয়েছে ১৯৯ ম্যাচে ৫৯৯৮। রোহিত শর্মা রয়েছেন তিনে, তাঁর ২২১টি ম্যাচে রয়েছে ৫৭৬৪ রান। বিরাট টি ২০ ক্রিকেটে ৩৩৪ ম্যাচে ১০,৩৯২ রান করেছেন। ৩৭৮টি ম্যাচে রোহিতের রান ১০,০৪৮। রাহুল ১৮০টি টি ২০ ম্যাচে করেছেন ৬,১১০ রান।












Click it and Unblock the Notifications