IPL 2022: বাটলার বিরাটকে টপকে গড়লেন আইপিএলে নয়া নজির! কোহলির আরও কোন দুটি রেকর্ড ভাঙতে পারেন?
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে শতরান হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন জস বাটলার। যদিও গতকাল ওয়াংখেড়েতে ফিরতি সাক্ষাতে বাটলারের ব্যাটে প্রত্যাশিত ঝড় ওঠেনি, হেরেও গিয়েছে রাজস্থান রয়্যালস। এর ফলে সঞ্জু স্যামসনরা যেমন টানা দুটি ম্যাচে পরাস্ত হলেন, তেমনই টানা পাঁচ ম্যাচ হারার পর জয়ের মুখ দেখেছে শ্রেয়স আইয়ারের কেকেআর। তবে বাটলার গতকাল গড়েছেন জোড়া নজির।

চারের হাফ সেঞ্চুরি
জস বাটলার কেকেআরের বিরুদ্ধে গতকাল তিনটি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২২ রান করেন। টিম সাউদির বলে বাটলারের ক্যাচ ধরেন শিবম মাভি। তবে এই ম্যাচে তিনটি চার মারায় চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৫০টি নজির গড়লেন রাজস্থান রয়্যালসের ওপেনার তথা ইংল্যান্ডের তারকা। চার মারার নিরিখে এবার বাটলারের পিছনে রয়েছেন লোকেশ রাহুল (৩৮), অভিষেক শর্মা (৩৬), শ্রেয়স আইয়ার (৩৩), হার্দিক পাণ্ডিয়া (৩২) ও শিখর ধাওয়ান (৩০)।

সবচেয়ে বেশি ছক্কা
চলতি আইপিএলে এখনও অবধি সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরটিও জস বাটলারের দখলে। তিনি এবারের আইপিএলে ৩৬টি ছক্কা হাঁকিয়েছেন। তারপর রয়েছেন আন্দ্রে রাসেল, কেকেআর তারকা মেরেছেন ২২টি ছক্কা। তিনে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন, তিনি এখনও অবধি ২১টি এবং লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল ও পাঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন ২০টি করে ছক্কা মেরেছেন। ফলে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী বাটলার বাকিদের চেয়ে এগিয়ে অনেকটাই।

বিরাটের ঘাড়ে নিঃশ্বাস
গতকাল ২২ রান করায় চলতি আইপিএলে এখনও অবধি ১০টি ম্যাচের ১০ ইনিংসে ১ বার অপরাজিত থেকে মোট ৫৮৮ রান করেছেন বাটলার। গড় ৬৫.৩৩, স্ট্রাইক রেট ১৫০.৭৬। আইপিএলের ইতিহাসে প্রথম ১০ ইনিংসের নিরিখে এটিই সর্বাধিক স্কোর। এক্ষেত্রে বাটলার পিছনে ফেলেছেন বিরাট কোহলিকে। ২০১৬ সালের আইপিএলে সর্বাধিক রানের মালিক হয়েছিলেন বিরাট কোহলি। সেবার প্রথম ১০ ইনিংসে তাঁর রান ছিল ৫৬৮। লিগ পর্বে রাজস্থান রয়্যালসের আরও ৪টি ম্যাচ বাকি। যদি প্লে অফ ও ফাইনালে ওঠে রাজস্থান রয়্যালস, তাহলে বিরাট কোহলির অসামান্য কীর্তি ভেঙে ফেলার হাতছানিও থাকবে বাটলারের সামনে।

একাধিক নজিরের হাতছানি
বিরাট কোহলি ২০১৬ সালের আইপিএলে ১৬ ম্যাচে ৪ বার অপরাজিত থেকে ৯৭৩ রান করেছিলেন। এই রেকর্ড কেউ ভাঙতে পারবেন সেটা সেই সময় বোঝা যায়নি, তবে এবার খেলা জমিয়ে দিয়েছেন বাটলার। সেবার বিরাটের সর্বাধিক স্কোর ছিল ১১৩, গড় ৮১.০৮, স্ট্রাইক রেট ১৫২.০৩। চারটি শতরান ও সাতটি অর্ধশতরান করেছিলেন। বাটলার এবারের আইপিএলে এখনও অবধি তিনটি করে শতরান ও অর্ধশতরান হাঁকিয়েছেন। ফলে আর একটি শতরান করলেই কোনও আইপিএল মরশুমে সর্বাধিক শতরানের বিরাট-নজির স্পর্শ করবেন বাটলার। বিরাট কোহলি ২০১৯ সালে একটি শতরান পেয়েছিলেন, ফলে তাঁর আইপিএলে রয়েছে পাঁচটি শতরান। বাটলারের আইপিএলে মোট চারটি শতরান রয়েছে। আরেকটি শতরান করলে আইপিএলে শতরানের সংখ্যার নিরিখে কোহলির নজির ছুঁয়ে ফেলবেন। আইপিএলে সর্বাধিক ৬টি শতরান রয়েছে ক্রিস গেইলের।












Click it and Unblock the Notifications