IPL 2022: কুলদীপের পাল্টা কিষাণ ঝড়! দিল্লি ক্যাপিটালসের সামনে চ্যালেঞ্জিং টার্গেট মুম্বই ইন্ডিয়ান্সের
আইপিএলে আজ ডাবল হেডার। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিন, দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। টস জিতে রোহিত শর্মাদের ব্যাট করতে পাঠান ঋষভ পন্থ। নির্ধারিত ২০ ওভারে রান তুলেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। মহেন্দ্র সিং ধোনির পর এবারের টুর্নামেন্টের দ্বিতীয় অর্ধশতরানটি এসেছে ঈশান কিষাণের ব্যাট থেকে। ধোনি গতকাল অপরাজিত ছিলেন ৩৮ বলে ৫০ রানে। কিষাণ এদিন অপরাজিত রইলেন ৪৮ বলে ৮১ রানে।

মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটিতেই ওঠে ৬৭ রান। ৮.২ ওভারে রোহিত শর্মা কুলদীপ যাদবের শিকার হন। শার্দুল ঠাকুর তাঁর একটি ক্যাচ ফেললেও অর্ধশতরান থেকে ৯ রান দূরে থামতে হয় মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে। চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে রোহিত করেন ৩২ বলে ৪১ রান। ১০.৪ ওভারে আনমোলপ্রীত সিংও কুলদীপের শিকার। তিনি করেন ৯ বলে ৮। মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয় উইকেটটি হারায় ৮৩ রানের মাথায়। তিনটি চারের সাহায্যে ১৫ বলে ২২ রান করে খলিল আহমেদের শিকার হন তিলক বর্মা। ১৪.২ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর তখন ৩ উইকেটে ১১৭। কায়রন পোলার্ড ফেরেন টিম সেইফার্টের অবিশ্বাস্য ক্যাচে। এই উইকেটটি নেন কুলদীপ যাদব। ৬ বলে ৩ রানে আউট হন পোলার্ড, ১৫.৫ ওভারে দলের ১২২ রানের মাথায়।

এরপর ঝোড়ো ব্যাটিং করে ঈশান কিষাণকে সঙ্গত দেন টিম ডেভিড। তিনি ১৯তম ওভারের শেষ বলে আউট হন ৮ বলে ১২ রান করে। মুম্বই ইন্ডিয়ান্সের এই পঞ্চম উইকেটটি পড়ে ১৫৯ রানে। শেষ ওভারে ইনিংসের সবচেয়ে বেশি রান ওঠে। ড্যানিয়েল স্যামসের ছক্কা, কিষাণের জোড়া চারের দৌলতে এই ওভারে ১৮ রান দেন শার্দুল ঠাকুর। কিষাণের বিস্ফোরক ইনিংসে রয়েছে ১১টি চার ও ২টি ছক্কা। ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন স্যামস। পাওয়ারপ্লে-র শেষে ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল বিনা উইকেটে ৫৩। ১২.৫ ওভারে ১০০ ও ১৮.১ ওভারে দেড়শো পূর্ণ হয়। ঈশান কিষাণের অর্ধশতরানটি আসে ৩৪ বলে।

৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে খুশি কুলদীপ যাদব। তিনি বলেন, টি ২০ ক্রিকেটে লেংথ নিয়ে রিকি পন্টিংয়ের পরামর্শ নিয়েছি। ভারতীয় দলে থাকাকালীন রোহিত শর্মার সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে। উইকেট থেকে প্রত্যাশিত সুবিধা মেলেনি, লেংথ ও গতির তারতম্য ঘটিয়েই এই পারফরম্যান্স। তিনটি উইকেটই গুরুত্বপূর্ণ ছিল। পোলার্ডের উইকেট ওই সময় নিতে না পারলে মুম্বই ইন্ডিয়ান্স আরও রান তুলতেই পারতো। খলিল আহমেদ ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। শার্দুল ঠাকুর ৪ ওভারে ৪৭, অক্ষর প্যাটেল ৪ ওভারে ৪০, কমলেশ নাগরকোটি ২ ওভারে ২৯ ও ললিত যাদব ২ ওভারে ১৫ রান দিয়েছেন, তবে কেউই উইকেট পাননি।












Click it and Unblock the Notifications