IPL 2022: ব্র্যান্ড ভ্যালুর বিরাট পতনেও কোহলিই দেশের সেরা, ধোনি মনে করাচ্ছেন সচিনকে! একনজরে তালিকা
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রথম ম্যাচে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। কাল বিরাটরা নামবেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। তারই আগে সামনে এলো বিরাট কোহলির এক অনন্য কীর্তি। টানা পাঁচ বছর বিরাটই দেশের এক নম্বর ব্র্যান্ড এনডোর্সার। আরসিবি ও ভারতীয় দলের নেতৃত্ব ছাড়ার পর কোহলির ব্র্যান্ড ভ্যালুয়েশনে বিরাট পতন সত্ত্বেও!

পতনের পরও শীর্ষে বিরাট
ডাফ অ্যান্ড ফেল্পস সেলেব্রিটি ব্র্যান্ড ভ্যালিডেশন স্টাডি ২০২১ অনুযায়ী বিরাট কোহলিই ভারতীয় ব্র্যান্ড এনডোর্সারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন। ২০২০ সালে তাঁর ব্র্যান্ড ভ্যালুয়েশন ছিল ২৩৮ মিলিয়ন মার্কিন ডলার, সেটা এবার নেমে এসেছে ১৮৬ মার্কিন ডলারে। এই সময়কালে ব্যাট হাতে চেনা ছন্দে না থাকা আর অধিনায়কত্ব ছাড়া নিয়ে নানা বিতর্কিত ঘটনা বিরাটের ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে দাবি করছে ডাফ অ্যান্ড ফেল্পস নামের মাল্টি ফিনান্সিয়াল কোম্পানি। তবে যেহেতু বিরাট এখন আর দেশের অধিনায়ক নন, এমনকী আরসিবিতেও এবং অধিনায়ক ও পরবর্তী অধিনায়ক হিসেবে আরও নাম উঠে আসছে, সেখানে ব্র্যান্ড ভ্যালু কমার ঘটনা অস্বাভাবিক নয় বলে দাবি বিশেষজ্ঞদের।

ধোনি সচিনের মতো
যদিও মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে বিষয়টি উল্টো। ধোনি দেশের সেরা ব্র্যান্ড এনডোর্সারদের তালিকার পাঁচে নেমে গেলেও তাঁর ব্র্যান্ড ভ্যালু কিন্তু বেড়েছে। এখন তা বেড়ে হয়েছে ৬১ মিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে চেন্নাই সুপার কিংসের ব্যর্থতার জেরে একটা সময় জল্পনা শুরু হয়েছিল ধোনি আইপিএল থেকেও সরে দাঁড়াতে পারেন। কিন্তু গত বছর ধোনি সিএসকে-কে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছিলেন। টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টরও হন। এই সব বিষয়ই ধোনিকে সচিনের মতো টাইমলেস ব্র্যান্ড করে তুলেছে বলে অভিমত বিশেষজ্ঞদের।

কে কোথায়?
ক্রীড়াবিদদের মধ্যে বিরাট ও ধোনি ছাড়াও তালিকার ২০ নম্বরে রয়েছেন পিভি সিন্ধু (২২ মিলিয়ন মার্কিন ডলার)। ব্র্যান্ড এনডোর্সারদের তালিকায় বিরাট কোহলির পরেই রয়েছেন রণবীর সিং, ১৫৮ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তিনি এক ধাপ উঠে এসেছেন। ১৪০ মিলিয়ন ব্র্যান্ড ভ্যালু নিয়ে তিনে উঠে এসেছেন অক্ষয় কুমার। শাহরুখ খানকে সরিয়ে চার নম্বর জায়গাটি দখল করেছেন আলিয়া ভাট (৬৮ মিলিয়ন মার্কিন ডলার)। তিনিই বর্তমানে দেশের সেরা মহিলা ব্র্যান্ড এনডোর্সার।

ব্র্যান্ড ভ্যালুতে দেশের ১০
ভারতীয় মুদ্রায় দেখলে বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু ১৪১২ কোটি টাকা। রণবীর সিংয়ের ১২০২ কোটি টাকা। তিনে থাকা অক্ষয় কুমারের ১০৬০ কোটি টাকা। আলিয়া ভাটের ৫১৭.৩ কোটি টাকা। মহেন্দ্র সিং ধোনির ৪৬৪ কোটি টাকা। ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে অমিতাভ বচ্চন (৪১১ কোটি টাকা), দীপিকা পাড়ুকোন (৩৯২ কোটি টাকা), সলমন খান (৩৯২ কোটি টাকা), আয়ুষ্মান খুরানা (৩৭৪ কোটি টাকা) এবং হৃতিক রোশন (৩৬৮ কোটি) টাকা।












Click it and Unblock the Notifications