IPL 2022: টাইটান্সের বিজয়রথ থামানোর চ্যালেঞ্জ সানরাইজার্সের, গুজরাত ও হায়দরাবাদের একাদশ কি অপরিবর্তিত থাকছে?
আইপিএলে এখনও পর্যন্ত গুজরাত টাইটান্সই একমাত্র দল যারা একটি ম্যাচেও হারেনি। তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে হার্দিক পাণ্ডিয়ার দল। কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ প্রথম দুটি ম্যাচে হারলেও গতকালই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। এই আবহে কাল মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাত-হায়দরাবাদের দ্বৈরথ।

শেষ দুই বলে জোড়া ছক্কা হাঁকিয়ে সুনীল গাভাসকরের 'আইসম্যান' রাহুল তেওয়াটিয়া পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যেভাবে লখনউয়ের জয় সুনিশ্চিত করেছেন, সেই ম্যাচ চলাকালীনই হার্দিক পাণ্ডিয়া নিজেকে 'ক্যাপ্টেন কুল' হিসেবেও প্রমাণ করেছেন। তিনটির মধ্যে দুটি ম্যাচ মিডল অর্ডার যেভাবে জিতিয়েছে তাতে এই দিকটি নিয়েও উদ্বেগের কোনও কারণ নেই। শুভমান গিল রান পাচ্ছেন, অলরাউন্ডার হিসেবে ক্রমাগত হার্দিকও চেনা ছন্দ ফিরে পেতে শুরু করেছেন, পাওয়ারপ্লের ওভারগুলিতে মহম্মদ শামি, লকি ফার্গুসনরা ভরসা দিচ্ছেন। সবমিলিয়ে ধারেভারে সানরাইজার্সের চেয়ে অনেক এগিয়ে থেকেই শুরু করবে টাইটান্স। রশিদ খানও ভালো ফর্মে রয়েছেন, নিজের পুরানো দলের বিরুদ্ধেও তিনি জ্বলে ওঠার অপেক্ষায়। এমনকী এই ম্যাচে তিনি ২টি উইকেট দখল করলেই আইপিএলে ১০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়বেন আফগান স্পিনার। হার্দিক পাণ্ডিয়া আইপিএলে শততম ছক্কা থেকে এক কদম দূরে।

আগের ম্যাচেই চেন্নাই সুপার কিংসকে দাপটের সঙ্গে হারিয়েছে সানরাইজার্স। রান পেয়েছেন অভিষেক শর্মা। কয়েক মাস পর মাঠে ফিরে ছন্দ ফিরে পাচ্ছেন কেন উইলিয়ামসনও। রাহুল ত্রিপাঠীও তিনে নেমে ভরসা দিতে শুরু করেছেন। তবে উইলিয়ামসনের স্ট্রাইক রেট সানরাইজার্সের ক্ষেত্রে কিছুটা চিন্তার। দ্রুতগতিতে রান তুলতে উইলিয়ামসন ব্যাটিং অর্ডারে নিজেকে নামিয়ে আনতে পারেন। মহম্মদ শামির বিরুদ্ধে তাঁর ব্যাটিংয়ের দিকে নজর থাকবে। কেন না, শামিই একমাত্র বোলার যিনি আইপিএলে নিউজিল্যান্ডের অধিনায়ককে তিনবার আউট করেছেন। ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিকরা যেভাবে বোলিং করছেন তাতে এই বিভাগ নিয়ে অরেঞ্জ আর্মি অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারে। তবে রশিদ খানের স্পিনের বিরুদ্ধে ব্যাটারদের বড় পরীক্ষা হতে চলেছে।

গুজরাত টাইটান্সের উইকেটকিপার ম্যাথু ওয়েড ব্যাট হাতে চেনা ছন্দে নেই। তবুও হার্দিকরা এখনই তাঁর পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজ বা ঋদ্ধিমান সাহাকে কালকের ম্যাচে খেলাবেন বলে মনে করা হচ্ছে না। সানরাইজার্সও উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। যদি না ভারতীয় পেসারদের মধ্যে চলতি আইপিএলে দ্রুততম বল করা উমরান মালিকের জায়গায় শ্রেয়স গোপালকে প্রথম একাদশে নিয়ে আসে। সবমিলিয়ে কালকের ম্যাচে দুই দলের প্রথম একাদশ অপরিবর্তিত থাকলে অবাক হওয়ার কিছু নেই।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), এইডেন মার্করাম, ওয়াশিংটন সুন্দর, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক বা শ্রেয়স গোপাল, টি নটরাজন।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- ম্যাথু ওয়েড (উইকেটকিপার), শুভমান গিল, সাই সুদর্শন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর বা অভিনব মনোহর, রশিদ খান, দর্শন নালকণ্ডে, মহম্মদ শামি, লকি ফার্গুসন।












Click it and Unblock the Notifications