IPL 2022: দুরন্ত হার্দিক! চ্যাম্পিয়ন হতে গুজরাত টাইটান্সের দরকার ১৩১, রাজস্থানের বাটলার কেন এখন বিরাটের পরেই?
আইপিএলে আবির্ভাবের বছরেই ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে খেতাব জিততে গুজরাত টাইটান্সের দরকার ১৩১ রান। আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখালেন হার্দিক পাণ্ডিয়ার দলের বোলাররা। যার ফলে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান রয়্যালস। ৩৫ বলে সর্বাধিক ৩৯ রান করেছেন জস বাটলার। হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। ২০ ওভারে মাত্র ২ রান অতিরিক্ত হিসেবে দিয়েছে গুজরাত।

বাটলারের নজির
আজ ফাইনালে মাঠে বসে খেলা দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রমুখ। জস বাটলার এবারের আইপিএল শেষ করলেন ১৭ ম্যাচে ৮৬৩ রান করে। চারটি করে শতরান ও অর্ধশতরান করেছেন। কোনও আইপিএল মরশুমে বিরাট কোহলির সর্বাধিক ৯৭৩ রানের রেকর্ডটি ভাঙা হলো না বাটলারের। তবে ২০১৬ সালে ডেভিড ওয়ার্নার করেছিলেন ৮৪৮ রান। এদিন ফাইনালে সেই নজির টপকে গেলেন রাজস্থান রয়্যালসে খেলা ইংল্যান্ডের ওপেনার।

ব্যর্থ ব্যাটিং
বাটলারের ৩৯ এবং ওপেনার যশস্বী জয়সওয়ালের ১৬ বলে ২২ রান বাদ দিলে বাকিরা কেউ বলার মতো রান পাননি। অধিনায়ক সঞ্জু স্যামসন ১১ বলে ১৪, দেবদত্ত পাড়িক্কল ১০ বলে ২, শিমরন হেটমায়ার ১২ বলে ১১, রবিচন্দ্রন অশ্বিন ৯ বলে ৬, রিয়ান পরাগ ১৫ বলে ১৫, ট্রেন্ট বোল্ট ৭ বলে ১১, ওবেদ ম্যাককয় ৮ রানে আউট হন। প্রসিদ্ধ কৃষ্ণ একটিও বল না খেলে অপরাজিত থাকেন। ৮.২ ওভারে ৬০ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল রাজস্থান রয়্যালসের। ৭৯ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট পড়ে। পঞ্চম উইকেট পড়ে ৯৪ রানে, ষষ্ঠ উইকেট ৯৮ রানে। ১১২ রানে সপ্তম এবং ১৩০ রানে অষ্টম ও নবম উইকেট হারায় রয়্যালস।

চাপে সঞ্জুরা
বিশেষজ্ঞরা ম্যাচ শুরুর আগে বলেছিলেন, উইকেটে বাউন্স থাকায় পিচ থেকে ফায়দা আদায় করে ব্যাটারদের অস্বস্তিতে রাখতে পারেন পেসাররা। সেটাই হলো। তবে এই উইকেটে জেতার জন্য ১৮০ থেকে ১৯০ রান দরকার হবে বলেও পিচ রিপোর্ট দিতে গিয়ে বলেছিলেন সাইমন ডুল। তার কাছাকাছি পৌঁছাতে পারেনি রাজস্থান রয়্যালস ব্যাটিং ব্যর্থতার জেরেই। পাওয়ারপ্লে-র শেষে স্কোর ছিল ৬ ওভারে ১ উইকেটে ৪৪। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ওঠে ৫০ রান, চার উইকেটের বিনিময়ে। শেষ পাঁচ ওভারে রাজস্থানের আরও চারটি উইকেট পড়ে, রান ওঠে মাত্র ৩৬।

হার্দিক অনবদ্য
হার্দিক পাণ্ডিয়া এদিন জস বাটলার, সঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ারের উইকেট দখল করেন। আর সাই কিশোর ২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। রশিদ খান ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ১ উইকেট। মহম্মদ শামি ৪ ওভারে ৩৩ রান দিয়ে এবং যশ দয়াল তিন ওভারে ১৮ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন।হার্দিক ১৪টি, শামি ১২টি, যশ দয়াল ও রশিদ খান ৯টি করে এবং সাই কিশোর তিনটি ডট বল করেন। হার্দিকের বোলিং এবং অধিনায়কত্বের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।












Click it and Unblock the Notifications