IPL 2022: বাদশার থিম সং দিয়েই জার্সি উন্মোচন লখনউ সুপার জায়ান্টসের, রাহুলকে নিয়ে কী পরিকল্পনা গম্ভীরের?
আইপিএলে শক্তিশালী দল নিয়েই অভিযানে নামতে চলেছে লখনউ সুপার জায়ান্টসের। বাদশার গাওয়া থিম সং আর তার মাধ্যমেই লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলের জার্সি প্রকাশ হলো আজ। লোকেশ রাহুলকে নিয়ে বিশেষ পরিকল্পনার কথাও জানিয়েছেন মেন্টর গৌতম গম্ভীর। মার্ক উড ছিটকে গেলেও চিন্তিত নন লখনউ শিবির।
রাহুলকে স্পেস দিচ্ছেন গম্ভীর
ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারদের চেয়ে কিছুটা এগিয়েই রয়েছেন লোকেশ রাহুল। তবে রবি শাস্ত্রী মনে করেন, এবারের আইপিএলে অধিনায়কত্ব ভারতের ভাবি অধিনায়কের দিশা দেখাতেই পারে। পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়া রাহুল এবার লখনউয়ের দায়িত্বে। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর বলেছেন, অধিনায়কই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। ফলে রাহুল মাঠে ও মাঠের বাইরে দলকে নেতৃত্ব দেবেন। অধিনায়ক যিনি ব্যাট করতে পারেন এমনটা নয়, আমরা রাহুলকে চাইছি ব্যাটার যিনি নেতৃত্ব দিতে পারেন সেভাবেই। রাহুলকে নির্ভীক হয়ে দল পরিচালনা করার সবরকমের স্বাধীনতা দেওয়ারও পক্ষপাতী গম্ভীর। তাঁর কথায়, ঝুঁকি নেওয়ার বিষয়ে শেখাটাও একজন ক্যাপ্টেনের কাছে গুরুত্বপূর্ণ। সফল অধিনায়ক হতে গেলে হিসেব কষে ঝুঁকি নিতেই হবে।
|
দায়িত্বে বদল
গম্ভীর আরও জানিয়ে দিয়েছেন, পাঞ্জাবে যেমন রাহুলকে উইকেটকিপিংও করতে হতো, লখনউয়ে সেটা করতে হবে না। উইকেটের পিছনে দাঁড়াবেন কুইন্টন ডি কক। ফলে রাহুল ফ্রি ও রিল্যাক্সড থেকে নিজের ব্যাটিং ও অধিনায়কত্বে আরও বেশি মনোনিবেশ করতে পারবেন বলেই উপলব্ধি গম্ভীরের। তিনি আরও বলেন, ভবিষ্যতের ভারত অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা আর জাতীয় দলের নেতৃত্ব পাওয়ার মধ্যে অনেকটাই ফারাক। ভারতীয় দলের কথা ভেবে কারও আইপিএলে নামা উচিত নয়। আইপিএল নিশ্চিতভাবেই নিজেকে মেলে ধরার মঞ্চ। তবে তার মানে এই নয় আইপিএলে নেতৃত্ব দিতে দিতেই একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে ভারতের ক্যাপ্টেন হওয়া যাবে।
|
উডের বিকল্প ব্লেসিং
মার্ক উডের বিকল্প হিসেবে লখনউ জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে নিয়েছে। গম্ভীর বলেন, দেড়শো কিলোমিটার বেগে নিয়মিত বল করার দক্ষতাসম্পন্ন উডের ছিটকে যাওয়া কিছুটা সমস্যার, তবে উদ্বিগ্ন নই। দুষ্মন্ত চামিরা-সহ অনেকেই এই সুযোগ নিতে মুখিয়ে থাকবেন।
|
সমস্যা নেই
লখনউ সুপার জায়ান্টসে অলরাউন্ডারদের প্রাধান্য দেওয়া হচ্ছে। বহুমুখী প্রতিভাসম্পন্ন ক্রিকেটার থাকলে অনেক বিকল্পও খুলে যায়, সেটা নিশ্চিত করতেই গম্ভীররা কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার অনুমোদন পেয়েই ঝুঁকেছেন অলরাউন্ডার নিতে। একজন ব্যাটার যিনি দু-তিন ওভার বলও করতে পারেন, এমন ক্রিকেটার নেওয়া হয়েছে। ঠিক এই জায়গাতেই নাম আসছে দুজনের- দীপক হুডা ও ক্রুণাল পাণ্ডিয়া। বরোদা দলে থাকাকালীন দীপক হুডার সঙ্গে ক্রুণাল পাণ্ডিয়ার বিবাদ চরম পর্যায়ে গিয়েছিল। এবার দুজনেই লখনউ সুপার জায়ান্টসে। তবে এতে কোনও অসুবিধা হবে না বলেই দাবি গৌতির। তিনি বলেন, মাঠের বাইরে যে বেস্ট ফ্রেন্ড হতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। সকলেই পেশাদার, জানেন কার কী দায়িত্ব। আমারও যে বিভিন্ন দলে সকলেই বন্ধু ছিল তা নয়, তবে তার প্রভাব খেলায় পড়েনি। নিজের সেরাটা দিয়েছি। সেভাবেই লখনউয়ের হয়েও দলকে জেতাতে সকলে নিজেদের মেলে ধরবেন।
(প্রচ্ছদের ছবি- লোকেশ রাহুলের ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications