IPL 2022: সমস্যা বাড়ছে দিল্লি ক্যাপিটালসের, আইপিএলে ঋষভ পন্থদের সূচি একনজরে
আইপিএলের গত মরশুমে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে অফে গিয়েও ফাইনালের টিকিট পায়নি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। ২০১৯ সালেও প্লে অফে পৌঁছেছিল, ২০২০ সালের আইপিএলে ফাইনালে উঠেও ট্রফি অধরাই থাকে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লির। আইপিএলে নিলাম থেকে যে ক্রিকেটারদের দিল্লি ক্যাপিটালস নিয়েছে তাতে তারা নিশ্চিতভাবেই অন্যতম শক্তিশালী দল। যদিও নানা কারণে তাদের চিন্তাও বাড়ছে।
|
প্রস্ততি শুরু সমস্যা নিয়েই
দিল্লি ক্যাপিটালস আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া (Anrich Nortje)-কে নিয়েই চিন্তা সবচেয়ে বেশি। বিদেশিদের মধ্যে ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি গতিতে বলা করা এই পেসার হিপ ইনজুরিতে ভুগছেন টি ২০ বিশ্বকাপ থেকেই। কবে মাঠে ফিরতে পারবেন সে বিষয়ে কিছু বলতে পারছে না ক্রিকেট সাউথ আফ্রিকা। গত দুটি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নরকিয়া ছিটকে গেলে সেটি হবে দিল্লির সবচেয়ে বড় ধাক্কা। লুঙ্গি এনগিডি ও মুস্তাফিজুর রহমান থাকলেও তাঁরা কোনওভাবেই নরকিয়ার আদর্শ বিকল্প নয়। সেক্ষেত্রে চেতন সাকারিয়া ও খলিল আহমেদের উপর ভরসা করতে হবে পন্থকে। কমলেশ নাগরকোটিও রয়েছেন।
|
চিন্তা থাকছেই
প্রথম দিকে আইপিএলে চার বিদেশি নামানো নিয়েও সংশয় রয়েছে। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ এ দেশে পৌঁছানোর আগে দিল্লি ক্যাপিটালসের দুটি ম্যাচ হয়ে যাবে। তাঁরা ৬ এপ্রিল এ দেশে পৌঁছাবেন। ফলে তৃতীয় ম্যাচেও তাঁদের মাঠে নামা কার্যত অসম্ভব। টিম সেইফার্ট পৃথ্বী শ-র সঙ্গে ওপেন করতে পারেন। যদিও এনসিএ-তে ফিটনেস টেস্টে পৃথ্বী খারাপ ফল করায় তিনিও আইপিএল খেলার সবুজ সঙ্কেত পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
|
ভরসা যাঁরা
দিল্লি ক্যাপিটালস তাকিয়ে থাকবে যশ ঢুলের দিকেও। রঞ্জিতে অভিষেক ম্যাচে দুই ইনিংসে শতরান করার পর, তৃতীয় ম্যাচে ছত্তিসগঢ়ের বিরুদ্ধে অপরাজিত ২০০ হাঁকিয়ে আইপিএল শিবিরে এসেছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক ঢুল। তাঁকেও ওপেনার হিসেবে ভাবা যেতেই পারে। মিডল অর্ডারে রভম্যান পাওয়েল ভরসা হতে পারেন। সেই সঙ্গে দুরন্ত ছন্দে থাকা ঋষভ পন্থ তো রয়েছেনই। নজর থাকবহে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাকলাগানো পারফরম্যান্স উপহার দেওয়া ভিকি অস্টওয়ালের দিকেও।
|
দিল্লি ক্যাপিটালসের ম্যাচগুলি
এবার একনজরে দেখা যাক দিল্লি ক্যাপিটালস কবে কাদের বিরুদ্ধে খেলতে নামবে: ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স (বিকেল সাড়ে ৩টে), ২ এপ্রিল গুজরাত টাইটান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ৭ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে), ১৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা সাড়ে ৭টা), ২০ এপ্রিল পাঞ্জাব কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২২ এপ্রিল রাজস্থান রয়্যালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১ মে লখনউ সুপার জায়ান্টস (বিকেল সাড়ে ৩টে), ৫ মে সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধ্যা সাড়ে ৭টা), ৮ মে চেন্নাই সুপার কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১১ মে রাজস্থান রয়্যালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৬ মে পাঞ্জাব কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২১ মে মুম্বই ইন্ডিয়ান্স।












Click it and Unblock the Notifications