IPL 2022: কেকেআরে আগ্রাসী মেজাজেই খেলতে চান ফিঞ্চ, কার ফোন পেয়েই নাইট শিবিরে যোগদান?
আইপিএলে কাল গুজরাত টাইটান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। নজর থাকবে অ্যারন ফিঞ্চের দিকে। আইপিএলে নিজের নবম ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেই ঝকঝকে অর্ধশতরান উপহার দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে ফর্মে না থাকলেও টি ২০ আন্তর্জাতিকে ম্যাচ-জেতানো ৫৫ করে ভারতে পা রাখেন। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ৭ রানের বেশি করতে না পারলেও রাজস্থান রয়্যালস ম্যাচেই করেন অর্ধশতরান। জয়ের রাস্তায় ফিরতে তাঁর ব্যাটে ঝড়ের অপেক্ষায় নাইটরা। ফিঞ্চও নামতে চান আগ্রাসী মানসিকতা নিয়েই।

নিলামের অভিজ্ঞতা
এ বছর যখন আইপিএলের মেগা নিলাম হয় তখন শ্রীলঙ্কার সঙ্গে খেলা ছিল অস্ট্রেলিয়ার। ফলে নিলামের দিকে নজর রাখতে পারেননি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিলামের দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে ফিঞ্চ বলেন, এর আগে নিলামের দিনে নার্ভাস লাগত। কারণ, সকলের মতো আমিও আশাবাদী থাকতাম কোনও দল আমাকে নেবে। এটা একটা দারুণ প্রতিযোগিতা যেখানে না থাকলে অনেক কিছু মিস করতে হয়। বিশ্বের নানা প্রান্তের ভালো ক্রিকেটারদের সঙ্গে লাগাতার অনুশীলন করা, খেলার মাধ্যমে নিজেকে উন্নত করার সুযোগ মেলে। ফলে সেই সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা থেকেই নার্ভাস লাগে। চলতি বছর মেগা নিলামে অবিক্রিত থাকায় হতাশই হয়েছিলেন ফিঞ্চ। কিন্তু একদিন হঠাৎ ফোন পান বাজ (হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম)-এর। ম্যাকালাম কেকেআরে যোগ দিতে বলেন। প্রস্তাব পেয়ে উত্তেজিত ফিঞ্চ এই সুযোগ হাতছাড়া না করে সম্মতি দিয়ে দেন।

কেকেআরের শক্তি
কলকাতা নাইট রাইডার্সে বেশ কয়েকজন গেম-চেঞ্জারের উপস্থিতিকে ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত করেছেন ফিঞ্চ। তাঁর উপলব্ধি এই দলে এমন দক্ষ ক্রিকেটাররা রয়েছেন যাঁরা যে কোনও পরিস্থিতিতে নিজেদের মেলে ধরতে প্রস্তুত। একাও ম্যাচ বের করার মতো ক্রিকেটার রয়েছেন। সে কারণেই কলকাতা নাইট রাইডার্স যে আগ্রাসী হয়ে মাঠে নামে তা প্রতিপক্ষকে চাপে ফেলার পক্ষে যথেষ্ট বলেই মত ফিঞ্চের। তাঁর দল অস্ট্রেলিয়ার মতো কেকেআর একই ধরনের মানসিকতা নিয়ে এগোচ্ছে বলে মানিয়ে নিতে সুবিধা হচ্ছে ফিঞ্চের। তাঁর কথায়, প্রতিপক্ষের উপর শুরু থেকেই চাপ বজায় রাখলে সুবিধা হয়। কেকেআরের বিরুদ্ধে তাই যে দলই নামবে তারা আগে থেকেই ভাববে আগ্রাসী আক্রমণের মুখোমুখি হতে হবে। আর তাই বিপক্ষকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দেওয়ার পক্ষে যথেষ্ট বলে মনে করেন ফিঞ্চ।
|
কামিন্সের প্রশংসা
অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সের প্রশংসা করে ফিঞ্চ হলেন, আমরা তাঁকে আইপিএল প্যাট বলি। কেন না, অস্ট্রেলিয়ার থেকেও আইপিএলে কেকেআরের হয়ে অনেক ভালো ব্যাট করেন কামিন্স। তিনি ব্যাটিংয়ে মনোনিবেশ করেছেন। কেকেআরের হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন। যে আগ্রাসী মানসিকতা নিয়ে তিনি সাতে ব্যাট করতে নেমে প্রথম বল থেকে চালিয়ে খেলে ম্যাচের রং বদলে দিচ্ছেন তা ব্রিলিয়ান্ট। বিগ ব্যাশে আন্দ্রে রাসেলের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে ফিঞ্চের। ব্যাটে-বলে পাওয়ারফুল রাসেলও ম্যাচ ঘোরাতে সক্ষম। ফের কেকেআরে তাঁর সঙ্গে এক দলে থাকাও উপভোগ করছেন ফিঞ্চ।
নজর কেড়েছেন ভেঙ্কটেশ
উচ্চতাকে কাজে লাগিয়ে যেভাবে ভেঙ্কটেশ আইয়ার ব্যাট করছেন তাঁরও প্রশংসা শোনা গিয়েছে ফিঞ্চের গলায়। বুদ্ধিদীপ্ত ব্যাটিং করে আইয়ার দলকে জেতানোর ক্ষমতা রাখেন বলেও উল্লেখ করেছেন ফিঞ্চ। যে দায়িত্ব কাঁধে নিয়ে তিনি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেন সেটাই নজর কেড়েছে ফিঞ্চের। কেকেআর আইপিএলে ফিঞ্চের নবম ফ্র্যাঞ্চাইজি। এই দলের ধারাবাহিকতা তাঁকে আকৃষ্ট করে। যেভাবে অনেকেই দীর্ঘদিন কেকেআরের সঙ্গে যুক্ত, তাতে পারস্পরিক বন্ধন দৃঢ় হয় বলেই দাবি ফিঞ্চের। অন্য ফ্র্যাঞ্চাইজির চেয়ে কেকেআর এখানেই অনেক আলাদা বলে অভিমত তাঁর। আগে থেকেই অনেক বন্ধু রয়েছেন এই দলে। এখন তার অঙ্গ হিসেবে নাইটদের সাফল্য এনে দিতে প্রত্যয়ী অজি অধিনায়ক।












Click it and Unblock the Notifications