IPL 2022: বিশ্বের সেরাদের সঙ্গে তুলনা! সচিনের কোন প্রশংসা শুনে দীনেশ কার্তিক আনন্দে আত্মহারা?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারুক বা জিতুক, লোয়ার অর্ডারে ব্যাট হাতে ঝড় তোলার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার। দীনেশ কার্তিকের কথাই বলছি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অপরাজিত ৩২, কেকেআরের বিরুদ্ধে অপরাজিত ১৪, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত ৪৪, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপরাজিত ৭ এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৪, ডিকের ব্যাটে ঝড় লেগেই আছে।

সেই দীনেশ কার্তিকেরই প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন সচিন তেন্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরের দায়িত্বে থাকা কিংবদন্তি মাস্টার ব্লাস্টার কার্তিককে ৩৬০ ডিগ্রি প্লেয়ার হিসেবে উল্লেখ করেছেন। ১০০এমবিতে পোস্ট করা ভিডিওয় সচিন বলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লোয়ার অর্ডারে বিপজ্জনক প্লেয়ার রয়েছেন, তাঁর নাম দীনেশ কার্তিক। ৩৬০ ডিগ্রি শট খেলতে তিনি পারদর্শী, তা সে স্পিনার বা জোরে বোলার যার বিপক্ষেই হোক না কেন। যখন আক্রমণাত্মক ব্যাটিং করবেন বলে ঠিক করেন, সেটা শুরু করেন প্রথম বল থেকেই। মিড উইকেট বা কভার দিয়েই মারার ব্যাপারে তিনি আগেই মনস্থির করে রেখেছেন, এটা তাঁর ব্যাটিং দেখে মনেই হয় না।

সচিন এরপরই বলেছেন, বল দেখে সেই অনুযায়ী কার্তিক সেটা মেরে থাকেন। বলের লাইন ও লেংথ যে দ্রুততার সঙ্গে তিনি আঁচ করে নেন, তা বিশ্বের খুব কম ব্যাটারই করতে সক্ষম। সচিনের এই প্রশংসায় আনন্দে আত্মহারা দীনেশ কার্তিক। তিনি সচিনের ভিডিওটি শেয়ার করে লিখেছেন, মনে হচ্ছে ক্লাউড নাইনে রয়েছি। ক্রিকেটের গ্রেটেস্ট অব অল টাইম বা G.O.A.T.-র থেকে প্রশংসা পেলে সেটাই স্বাভাবিক।
That feeling of being on cloud 9 when the G.O.A.T of cricket appreciates you ❤️☺️ https://t.co/EsoaWIafVV
— DK (@DineshKarthik) April 14, 2022
দীনেশ কার্তিককে নেতৃত্ব থেকে সরিয়ে ইয়ন মর্গ্যানকে অধিনায়ক করেছিল কেকেআর। এবার নিলামের আগে দুজনকেই ছেড়ে দেয় নাইট ম্যানেজমেন্ট। কার্তিককে নিলাম থেকে তুলে নিয়েছে আরসিবি। সেই সিদ্ধান্ত যথার্থ প্রমাণে অল্প বল হাতে থাকলেও ব্যাট হাতে ঝড় তুলছেন ডিকে। উইকেটকিপিংও ভালোই করছেন। আইপিএলে কার্তিকের পারফরম্যান্স দেখে অনেকে তাঁকে টি ২০ বিশ্বকাপের দলে রাখার দাবিও তুলতে শুরু করেছেন। যদিও ২০১৯ সালের পর ভারতীয় দলে আর সুযোগ পাননি কার্তিক। আইপিএলের পাশাপাশি তামিলনাড়ুর হয়েও খেলেন। ধারাভাষ্যের কাজের ফাঁকেও ক্রিকেট অনুশীলন চালিয়ে যান নিয়মিত। ২০১৯ সলের আইপিএলে ২৪৩, ২০২০ সালে ১৬৯ এবং গত বছর ২২৩ রান করেছিলেন। এবার যেভাবে খেলছেন তাতে সেই রান টপকে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছেন কার্তিক।












Click it and Unblock the Notifications