IPL 2022: চাহাল-চাপ সামলে অনবদ্য কার্তিক-শাহবাজ! রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে স্মরণীয় জয় আরসিবির

১১ বলের ব্যবধানে ৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেখান থেকে ফাফ দু প্লেসির দলকে স্মরণীয় জয় নিশ্চিত করল দীনেশ কার্তিক ও শাহবাজ আহমেদের ঝোড়়ো ব্যাটিং। ২৬ বলে ৪৫ রান করে শাহবাজ আউট হলেও আরসিবিকে লক্ষ্য পার করিয়ে দেন কার্তিক। চলতি আইপিএলে প্রথম দুটি ম্যাচ জেতা রাজস্থান রয়্যালস এদিনই প্রথম পরাজয়ের মুখোমুখি হলো। ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতল আরসিবি। ২৩ বলে ৪৪ করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক, সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে।

কার্তিকের পাশাপাশি আরসিবির জয়ে অবদান বাংলার শাহবাজের

জয়ের জন্য ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে আরসিবির ওপেনিং জুটিতে ওঠে ৭ ওভারে ৫৫। ২০ বলে ২৯ রান করে যুজবেন্দ্র চাহালের শিকার হন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। অষ্টম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন অপর ওপেনার অনুজ রাওয়াত। ২৫ বলে ২৬ রানে তিনি নভদীপ সাইনির বলে কট বিহাইন্ড হন। এরপরই সেই নাটকীয় ওভার। নবম ওভারের চতুর্থ বলটি ডেভিড উইলির প্যাডে লেগে গিয়েছিল স্কোয়্যার লেগ অঞ্চলে। এক রান নিতে ছুটে যান বিরাট কোহলি। কিন্তু উইলি তাঁকে ফিরিয়ে দেন। এরই মধ্যে অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে বল ধরে তা রাজস্থান রয়্যালস অধিনায়ক তথা উইকেটকিপার সঞ্জু স্যামসন ছুড়ে দেন নন-স্ট্রাইকিং এন্ডে। চাহাল বল ধরে উইকেট ভেঙে দেন। রিপ্লেতে দেখা যায় কয়েক ইঞ্চি বাইরে ছিলেন বিরাট। ৬ বলে ৫ রান করে তিনি আউট হন।

কার্তিকের পাশাপাশি আরসিবির জয়ে অবদান বাংলার শাহবাজের

পরের বলে উইলি (২ বলে ০) চাহালের ঘূর্ণিতে ঠকে বোল্ড। এই ওভারে আরসিবি তোলে ১ রান, ২ উইকেট হারিয়ে। আরসিবির স্কোর দাঁড়ায় ৯ ওভারে ৪ উইকেটে ৬২। অশ্বিনের পরের ওভারে ৬ রান তুলে আরসিবি ইনিংসের ঠিক মাঝামাঝি অবস্থায় ছিল ৪ উইকেটে ৬৮ রানে। ১১তম ওভারে চাহাল দেন মাত্র ৩ রান। ১২তম ওভারে নভদীপ সাইনি ১৫ রান দিয়ে বসেন, তবে এরপরই তা পুষিয়ে দেন দুরন্ত ক্যাচে। ত্রয়োদশ ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টের বলে আগ্রাসী শট খেলতে গিয়ে আউট হন শেরফান রাদারফোর্ড। কঠিন ক্যাচ তালুবন্দি করেন সাইনি, ব্যক্তিগত ১০ বলে ৫ রান করে রাদারফোর্ড ফিরলে আরসিবি পঞ্চম উইকেট হারায় ৮৭ রানে। এই ওভারে মাত্র ২ রান দিয়ে ১টি উইকেট নেন বোল্ট। ৭ ওভারে আরসিবির প্রয়োজন হয়ে পড়ে ৮২ রান।

কার্তিকের পাশাপাশি আরসিবির জয়ে অবদান বাংলার শাহবাজের

১৪তম ওভারে দীনেশ কার্তিকের আক্রমণাত্মক ব্যাটিংয়ের মোকাবিলায় রবিচন্দ্রন অশ্বিন ২০ রান খরচ করে বসেন। তৃতীয় বলে চার মেরেছিলেন কার্তিক, সেটি ওভারস্টেপিংয়ের কারণে নো হয়। ফ্রি হিটে ছক্কা, তার পরের বলে চার এবং ওভারের শেষ বলে আরেকটি চার মারেন কার্তিক। ১৫তম ওভারে সাইনির বলে কার্তিকের দুটি ও শাহবাজ আহমেদের একটি চারের দৌলতে আরসিবি তোলে ১৬ রান। ফলে সমীকরণ দাঁড়ায় ৩০ বলে তুলতে হবে ৪৫। ১৬তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণর দ্বিতীয় বলে চার ও শেষ বলে ছক্কা হাঁকান শাহবাজ, ওঠে ১৩ রান। শেষ ৪ ওভারে আরসিবির প্রয়োজন ছিল ৩২ রান। ষষ্ঠ উইকেট জুটিতে কার্তিক ও শাহবাজ ৫০ রান পার করে ফেলেন মাত্র ২২ বলে। ১৭তম ওভারে চাহাল ৪ রান দেওয়ায় তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট। ১৮তম ওভারে ট্রেন্ট বোল্টের দ্বিতীয় ও তৃতীয় বলে চার ও ছক্কা মারেন শাহবাজ, চতুর্থ বলে ২ রান নেওয়ার পর পঞ্চম বলে বোল্ড হন শাহবাজ। তিনি করেন ২৬ বলে ৪৫, চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে। আরসিবির ষষ্ঠ উইকেট যখন পড়ে তখন দরকার ১৩ বলে ১৬। ১৯তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ ১২ রান দেওয়ায় শেষ ওভারে জিততে আরসিবির প্রয়োজন দাঁড়ায় তিন রান।

শেষ ওভারে যশস্বী জয়সওয়ালের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন হর্ষল প্যাটেল। প্রসিদ্ধ কৃষ্ণ চার ওভারে ৪০ ও অশ্বিন ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেট পাননি। সাইনি ১টি উইকেট পেলেও ৩ ওভারে ৩৬ রান দেন। হারলেও পয়েন্ট তালিকার শীর্ষ রইল রাজস্থান। ৬টি দলের রয়েছে ৪ পয়েন্ট করে। আরসিবি রইল ষষ্ঠ স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+