IPL 2022: সঞ্জুর রাজস্থান রয়্যালস চাইছে লিগের শীর্ষস্থান দখল করতে, টস জিতে ফিল্ডিং পন্থের দিল্লির
আইপিএলের ৩৪তম ম্যাচে আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালস ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। আজ জিতলে রাজস্থান দখল করতে পারবে লিগের শীর্ষস্থান, দিল্লি জিতলে ছয় থেকে উঠে আসবে চারে। টস জিতে আজ ফিল্ডিং নিয়েছে দিল্লি ক্যাপিটালস। দুই দলের একাদশই অপরিবর্তিত।
|
টস জিতে ফিল্ডিং
এবারের আইপিএলে এখনও অবধি প্রতি ম্যাচেই টস জেতা দল ফিল্ডিং নিয়েছে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। যদিও রাজস্থান রয়্যালস যে চারটি ম্যাচ জিতেছে চারটিই প্রথমে ব্যাট করে। টস জেতার পর দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ বলেন, প্রথমে ফিল্ডিং নেওয়ায় আমাদের জোরে বোলারদের সুবিধা হবে। স্পিনাররাও আরও বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন। বাইরে কে কী বলছেন তা নিয়ে না ভেবে ক্রিকেটারদের বলেছি, নিজেদের খেলায় মনোনিবেশ করতে। এই উইকেটে দেড়শো থেকে ১৬০ রানের মধ্যেই প্রতিপক্ষকে বেঁধে ফেলতে চাইছি। রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন, আমি টসের ফলাফল নিয়ে বিশেষ ভাবছি না। দুরকম পরিস্থিতির জন্যই তৈরি। টস আমার হাতে নেই। বলা ভালো, আমার নাগালের বাইরেই চলে যাচ্ছে। ব্যাটার ও বোলারদের সবরকম পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হবে। আমরা সেটা করতেও পারছি। আমাদের দল যে মানের ক্রিকেট খেলছে তা নিয়ে আমি সন্তুষ্ট। ধারাবাহিকতা ধরে রাখাই আমাদের লক্ষ্য।
|
পন্টিংকে ছাড়া দিল্লি
পরিবারের সদস্য করোনা আক্রান্ত হওয়ায় রিকি পন্টিং আজ দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে নেই। তিনি পাঁচদিন আইসোলেশনে থাকবেন। করোনা সংক্রমণ ছড়ানোয় হোটেলে নানারকম ঘটনা ঘটলেও দলের সব কিছুই ঠিক রয়েছে বলে দাবি পৃথ্বী শ-র। তিনি বলেন, পন্টিং মাঠে না এলেও আমাদের বার্তা দিয়েছেন কীভাবে এই ম্যাচে পরিকল্পনামাফিক খেলতে হবে। তিনি আমাদের দলের বস। তবে তিনি না থাকলেও শেন ওয়াটসন, অজিত আগরকর, প্রবীণ আমরেরা রয়েছেন। তাঁদেরও অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে দলের কোনও অসুবিধা হবে না বলে মনে করেন পৃথ্বী।
|
হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা
আইপিএলে দিল্লি ও রাজস্থানের পারস্পরিক ২৪টি সাক্ষাতে দুই দলই জিতেছে ১২টি করে ম্যাচ। ২০১৮ সাল থেকে টানা পাঁচটি ম্যাচে হারার পর দিল্লির বিরুদ্ধে গত বছরের আইপিএলেই প্রথম জয়ের স্বাদ পায় রাজস্থান। মুম্বইয়ে সেই ম্যাচটি রাজস্থান জেতে ৩ উইকেটে। আবু ধাবিতে ফিরতি সাক্ষাতে দিল্লি ক্যাপিটালস ৩৩ রানে জিতেছিল। ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা সাতটি ম্যাচে দিল্লিকে পরাস্ত করেছিল রাজস্থান। ২০১৮ সালের আইপিএলে প্রথম সাক্ষাতটি জেতে রাজস্থান, ফিরতি সাক্ষাত দিল্লি দখলে যায়। শেষ পাঁচটি সাক্ষাতের নিরিখে দিল্লি ক্যাপিটালস এগিয়ে ৪-১ ব্যবধানে।
|
নজরে কুল-চা
ভারতীয় দল টি ২০ বিশ্বকাপে কুল-চা জুটিকে ফেরাবে কিনা তা নিয়ে জল্পনার মধ্য দুই স্পিনার পরস্পরের বিরুদ্ধে নামছে। এখনও আইপিএলে সর্বাধিক উইকেট দখলের দৌড়ে প্রথম দুটি স্থান রয়েছে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের দখলে। ৬ ম্যাচে চাহাল পেয়েছেন ১৭ উইকেট, তার মধ্যে রয়েছে কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক। কুলদীপ ৬ ম্যাচে ঝুলিতে পুরেছেন ১৩ উইকেট। কুল-চা দ্বৈরথ আজ ক্রিকেটপ্রেমীদের কাছে চিত্তাকর্ষক হতে পারে, এটাও দেখার দুই দলের বিস্ফোরক ব্যাটারদের শান্ত রাখতে কে বেশি কার্যকরী হন। ম্যাথু হেডেন অবশ্য ধারাবাহিকতা ও আত্মবিশ্বাসের নিরিখে চাহালকেই কুলদীপের চেয়ে এগিয়ে রাখছেন। একইসঙ্গে নজর থাকবে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি এবং রাজস্থানের বিস্ফোরক ওপেনার জস বাটলারের দিকেও।
দিল্লি ক্যাপিটালস- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ
রাজস্থান রয়্যালস- জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, করুণ নায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল












Click it and Unblock the Notifications