IPL 2022: ভারতীয় দলে অধিনায়ক রোহিতের উত্তরসূরী কে? ঋষভ পন্থকে পাশে বসিয়ে কী বললেন রিকি পন্টিং?
রোহিত শর্মা এখন ভারতের তিন ফরম্যাটেরই অধিনায়ক। পরবর্তী ভারত অধিনায়ক হওয়ার দৌড়ে জল্পনায় ভাসছে অনেক নাম। জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুলের সঙ্গে দৌড়ে রয়েছেন ঋষভ পন্থ। অনেকেই বলেন, আইপিএলে ক্যাপ্টেন্সি করা রোহিত শর্মার ব্যাটিংয়ে আত্মবিশ্বাসই বাড়ায়নি, বদলে দেয় অ্যাপ্রোচ। অধিনায়কত্বেও সেক্ষেত্রে সুবিধাই হচ্ছে। রোহিতকে কাছ থেকে দেখা রিকি পন্টিং এবার ঋষভ পন্থকেও দিলেন দরাজ সার্টিফিকেট।
|
পন্থের প্রশংসায় পন্টিং
অস্ট্রেলিয়ার দু-বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে, বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালসের হেড কোচ। আর সেই দলেই অধিনায়ক ঋষভ পন্থ। রিকি পন্টিং আজ সাংবাদিক বৈঠকে বলেন, আইপিএলের মতো উত্তেজক টুর্নামেন্টে যেখানে প্রচুর চাপ সামলাতে হয়, সেখানে অধিনায়কত্বের অভিজ্ঞতা সমৃদ্ধ করে কোনও ক্রিকেটারকে। আর তারই ভিত্তিতে আমার কোনও সংশয়ই নেই যে, ঋষভ পন্থ নিশ্চিতভাবেই ভারতীয় দলের অধিনায়ক হওয়ার সুযোগ পাবেন কয়েক বছরের মধ্যেই।
|
রোহিতের সঙ্গে মিল
রিকি পন্টিং রোহিত শর্মার সঙ্গে বেশ কিছু বিষয়ে ঋষভ পন্থের মিল খুঁজে পান। পন্টিং বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও ২৩-২৪ বছর বয়সে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হন। একই বিষয় প্রযোজ্য পন্থের ক্ষেত্রেও। আমি জানি দুজনেই খুব ভালো বন্ধু। বিভিন্ন বিষয়, এমনকী নেতৃত্ব দেওয়া নিয়েও রোহিতের সঙ্গে পন্থের আলোচনা হয়। পন্থের সফরও রোহিতের মতোই হতে চলেছে বলে আশাবাদী পন্টিং বলেন, অল্প বয়সে সফল ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হওয়া এবং ক্রমাগত উন্নতির মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত যেমন সাফল্য পেয়েছেন, পন্থও তেমনটাই পেতে পারেন। উল্লেখ্য, রোহিত বিরাট কোহলির পর পাকাপাকিভাবে ভারত অধিনায়ক হয়েছেন ৩৪ বছর বয়সে। কিন্তু পন্থের এখন বয়স কম, ফলে অধিনায়ক হলে তিনি অনেক সময়ও পাবেন। পন্থ যে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার যোগ্য তেমনটা মনে করেন সুনীল গাভাসকরও।
|
অনেক বেশি পরিণত
লোকেশ রাহুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজে ভারতের সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন ঋষভ পন্থ। তিন ফরম্যাটেই তিনি এখন দেশের ১ নম্বর উইকেটকিপার-ব্যাটার। পন্থ যে এখন অনেক বেশি পরিণত সে কথা উল্লেখ করে পন্টিং বলেন, ক্রিকেটার ও ব্যক্তি হিসেবে ঋষভ পন্থের নাটকীয় বিবর্তন বিগত কয়েক বছর ধরে দেখছি। ভারতীয় দলে তাঁর দায়িত্ব বেড়েছে, দিল্লি ক্যাপিটালসে গত বছর নেতৃত্ব দিয়েছেন, এই সব কিছু থেকেই তিনি যা শিখেছেন তা যথেষ্ট ইতিবাচক হবে তাঁর কেরিয়ারে। এর ফলে প্রতিদিনিই নিজেকে ব্যক্তি এবং অধিনায়ক হিসেবে নিজেকে আরও পরিণত ও উন্নত করতে পারবেন পন্থ। বিশেষ করে ১২ বা ১৮ মাস ধরে তাঁর যা পরিণতি লক্ষ্য করা যাচ্ছে, তা সে ব্যাটিংয়েই হোক বা লিডারশিপ কিংবা ক্যাপ্টেন্সিতে, এক কথায় অসাধারণ। পন্থ নিজে অনেক ভালো অধিনায়কের অধীনে খেলেছেন। এই অভিজ্ঞতাও তাঁর পক্ষে সদর্থক হবে বলে উল্লেখ করে পন্থকে সবরকম সহযোগিতা করার বার্তা দিয়েছেম পন্টিং।
|
বড় অস্ত্র পাওয়েল
দিল্লি ক্যাপিটালস প্রথম কয়েকটি ম্যাচে ডেভিড ওয়ার্নার ও আনরিখ নরকিয়াকে কে পাবে না। লুঙ্গি এনগিডি, মুস্তাফিজুর রহমানও কালকের ম্যাচে নেই। শক্তির নিরিখে প্রতিপক্ষের চেয়ে একটু দু্র্বল হওয়া সত্ত্বেও ভালো আইপিএলে ভালো শুরু নিয়ে আত্মবিশ্বাসী পন্টিং। দিল্লি ক্যাপিটালসের কাল দুই বড় বিদেশি অস্ত্র রভম্যান পাওয়েল ও টিম সেইফার্ট। বিশেষ করে পাওয়েলকে নিয়ে উচ্ছ্বসিত পন্থ। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক বলেন, চার বা পাঁচে ব্যাট করানো হবে পাওয়ারফুল পাওয়েলকে। নীচের দিকে একজন আক্রমণাত্মক ব্যাটার আমরা খুঁজছিলাম। আশা করি, পাওয়েল সেই দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন। পাশাপাশি ডেভিড ওয়ার্নার এলেও দল যে শক্তিশালী হবে তা স্বীকার করেছেন পন্থ।
(প্রচ্ছদের ছবি- ঋষভ পন্থ ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications