IPL 2022: মঈন আলি চোটের কারণে কয়েকটি ম্যাচে অনিশ্চিত, চেন্নাই সুপার কিংসে সমস্যা বেড়েই চলেছে
চেন্নাই সুপার কিংসের সমস্যা বেড়েই চলেছে। এবার চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়লেন তারকা অলরাউন্ডার মঈন আলি। যদিও চোট পাওয়ার আগে তিনি মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন। গত শনিবার অনুশীলনে গোড়ালিতে চোট লেগেছে মঈনের। স্ক্যান রিপোর্ট এলেই বোঝা যাবে তাঁকে কতদিন মাঠে বাইরে থাকতে হবে।

দুই নির্ভরযোগ্য পেসার দীপক চাহার ও অ্যাডাম মিলনে চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। বিয়ে করার জন্য ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। মিলনের পরিবর্ত হিসেবে মাথেশা পাথিরানাকে নিয়েছে সিএসকে। তবে এখনও শ্রীলঙ্কার জুনিয়র মালিঙ্গা চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচও খেলেননি। চাহারের বিকল্পও পাওয়া যায়নি। তার মধ্যেই মঈনের চোট।

আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের প্রথম একাদশ নিয়েই খেলছে চেন্নাই সুপার কিংস। ১ মে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ফলে প্রথম একাদশে দরকার পড়লে বিকল্পের সংখ্যাও কমছে সিএসকের। গত ১৭ এপ্রিল মঈন আলি গুজরাত টাইটান্স ম্যাচে শেষবার মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে তিন উইকেটে পরাস্ত হয় গতবারের চ্যাম্পিয়নরা। মঈনের অনুপস্থিতিতে চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশে নেওয়া হয়েছে মিচেল স্যান্টনারকে। কেকেআর ম্যাচে তিনি ৩১ রানের বিনিময়ে এক উইকেট নেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতে ১১ রান করার পাশাপাশি ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। আজও এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তিনি ২ ওভার বল করেছেন দিয়েছেন মাত্র ৮ রান।

২০২১ সালে মঈন আলি সিএসকে জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন। ১৫ ম্যাচে করেছিলেন ৩৫৭ রান, সর্বাধিক ৫৮। বল হাতে তুলে নিয়েছিলেন ৬টি উইকেট। কিন্তু এবার এখনও অবধি প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ। ভিসা সমস্যায় ভারতে এসে পৌঁছেছিলেন দেরিতে, ফলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে তিনি খেলতে পারেননি। পাঁচটি ম্যাচে করেন মাত্র ৮৭ রান, গড় ১৭.৪০। সর্বাধিক ৪৮ রান করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খাতা খুলতে পারেননি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে করেন ৩৫। আরসিবির বিরুদ্ধে তিন ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। এবারের আইপিএলে তিনি সবমিলিয়ে ৮ ওভার বল করেছেন, একটিও উইকেট পাননি, ৬৮ রান খরচ করেছেন। সাত ম্যাচে এখনও অবধি মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে সিএসকে। আজ জিতলে অষ্টম স্থান দখল করতে পারেন জাদেজারা।












Click it and Unblock the Notifications