মহেন্দ্র সিং ধোনি কি থাকবেন আইপিএল নিলামে? জল্পনার মধ্যেই সিএসকে ক্যাপ্টেনের 'কুল' ভিডিও ভাইরাল
আইপিএলে এবার মুম্বই ইন্ডিয়ান্সের মহাকীর্তি স্পর্শের হাতছানি চেন্নাই সুপার কিংসের সামনে। মুম্বই ইন্ডিয়ান্স ১৪ বার আইপিএল খেলে জিতেছে ৫ বার, রানার আপ হয়েছে ১ বার। চেন্নাই সুপার কিংস ১২ বার আইপিএল খেলে খেতাব জিতেছে ৪ বার, পাঁচবার রানার-আপ। আইপিএল এবার থেকে আবার ১০ দলের। আইপিএল নিলামের আগে শেষ মুহূর্তের পরিকল্পনা, চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত সব দলই। নিলামের প্রস্তুতিতে নিজে হাজির থাকতে ২৭ জানুয়ারি চেন্নাই পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

চেন্নাইয়ের চার
ধোনির চেন্নাই সুপার কিংস এবার আইপিএলে নামবে খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে। রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মঈন আলি ও ঋতুরাজ গায়কোয়াড়কে সিএসকে রেখে দিয়েছে। ধোনির মতামতকে মান্যতা দিয়ে সিএসকে ১৬ কোটি টাকায় রেখে দিয়েছে রবীন্দ্র জাদেজাকে। ধোনি রয়েছেন দ্বিতীয় পছন্দ হিসেবে।

সিএসকে-র পরিকল্পনা
আগের দলের কয়েকজনকেও নিলাম থেকে ফের দলে নিতে পারে সিএসকে। গত আইপিএল চলাকালীন ধোনি বলেছিলেন, ক্রিকেট থেকে তাঁর অবসরের মুহূর্তটা মাঠে হাজির থেকে দেখার সুযোগ পাবেন চেন্নাইয়ের দর্শকরা। তবে আইপিএল এবার মুম্বই ও আমেদাবাদেই সীমাবদ্ধ থাকতে চলেছে। আবার ধোনি পরের আইপিএল খেলবেন কিনা সেটাও স্পষ্ট নয়। ফলে চেন্নাইয়ে মাহি শেষ আইপিএল ম্যাচ কবে খেলবেন বা আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা চলছেই।
মাহি-ম্যাজিক
চেন্নাই তথা তামিলনাড়ুতে ধোনির ব্যাপক জনপ্রিয়তা। চেন্নাই সুপার কিংসকে নেতৃত্বদান, সাফল্য এনে দেওয়ার সঙ্গে সেই সম্পর্ক নিবিড় হয়েছে। ধোনিই আরও একটি মরশুমে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন। দল গঠনেও ধোনির মতামত, খুঁটিনাটি বিশ্লেষণধর্মী সুপারিশই গুরুত্ব যে পাবে তা নিয়ে কোনও সংশয় নেই। চেন্নাই সুপার কিংস সূত্রে জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংস আইপিএল নিলামের যে স্ট্র্যাটেজি তৈরি করছে তাতে সক্রিয়ভাবেই অংশ নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এমনকী তিনি চেন্নাই থেকে বেঙ্গালুরু গিয়ে আইপিএল নিলামেও উপস্থিত থাকবেন। দল গঠনে কোচ-সহ সিএসকে টিম ম্যানেজমেন্ট আস্থা রাখছে ধোনির ক্ষুরধার ক্রিকেটীয় মস্তিষ্কেই।
ভাইরাল ভিডিও
এরই মধ্যে 'থালা' ধোনির নানা মুডের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ধোনিকে কখনও দেখা গিয়েছে টেনিস কোর্টে। কখনও আবার শুটিং রেঞ্জে। কলকাতাতেও পুলিশ ট্রেনিং স্কুলে গিয়ে ধোনিকে লক্ষ্যভেদ করতে দেখা গিয়েছে। চেন্নাইয়েও ক্যাপ্টেন কুল সেই একই মেজাজে। তাঁকে কখনও দেখা গিয়েছে রাইফেল নিয়ে টার্গেটের দিকে তাক করতে। কখনও বা হাতে পিস্তল। আইপিএল নিলামে পরিকল্পনার বাস্তবায়নে ধোনি ও তাঁর দল চেন্নাই সুপার কিংস লক্ষ্যভেদে কতটা সফল হয় তার উত্তর মিলবে রবিবার। চেন্নাই সুপার কিংসের ঝুলিতে রয়েছে ৪৮ কোটি টাকা। ইয়েলো আর্মি ৭ বিদেশি-সহ সর্বাধিক ২১ জন ক্রিকেটার নিতে পারবে আইপিএল নিলাম থেকে।












Click it and Unblock the Notifications