IPL 2022: প্রথম জয়ের সন্ধান পেতে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ, দ্বৈরথে এগিয়ে কারা?
আইপিএলে কাল ডাবল হেডার। বিকেল সাড়ে তিনটে থেকে ডাবল হেডারের প্রথম ম্যাচে মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংস তিনটি ম্যাচ খেলে ফেললেও জয়ের মুখ দেখেনি। সানরাইজার্সও দুটি ম্যাচে দুটিতেই পরাস্ত হয়েছে। আইপিএলে দক্ষিণ ভারতীয় ডার্বিতে কাল কারা শেষ হাসি হাসে সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

পারস্পরিক দ্বৈরথে
দুই দলের মধ্যে ১৭টি সাক্ষাতে চেন্নাই সুপার কিংস জিতেছে ১৩টিতে, চারটিতে জিতেছে সানরাইজার্স। শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যানেও ৪-১ ব্যবধানে এগিয়ে সিএসকে। গত মরশুমে চেন্নাই সুপার কিংসের কাছে দুবারই হেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ।

চেন্নাইয়ের চিন্তা
চেন্নাই সুপার কিংসকে কিছুটা চিন্তায় রাখছে ঋতুরাজ গায়কোয়াড়ের অফ ফর্ম। কাগিসো রাবাডা ও উমেশ যাদবের বলে আউট হওয়ার পাশাপাশি রান আউটও হয়েছেন ঋতুরাজ, দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তিনটি ম্য়াচেই। গত মরশুমেও তিনি ব্যর্থতা দিয়ে শুরু করলেও পরের দিকে জ্বলে উঠে টুর্নামেন্টের সেরা রান সংগ্রহকারী হয়েছিলেন। মঈন আলিও সেভাবে দাগ কাটতে ব্যর্থ। অধিনায়ক রবীন্দ্র জাদেজাও চেনা ছন্দে নেই, ক্যাপ্টেনের উপর প্রত্যাশার চাপও বাড়ছে। সিএসকের ইতিবাচক দিক মহেন্দ্র সিং ধোনি ও শিবম দুবের ফর্ম। বোলিংয়ে দীপক চাহারের অভাব প্রকট হলেও ডোয়েইন ব্র্যাভো, ডোয়েইন প্রিটোরিয়াস, ক্রিস জর্ডনরা পরিস্থিতি সামলাতে ভালোই চেষ্টা করছেন।

সানরাইজার্সের সমস্যা
সানরাইজার্স হায়দরাবাদে অভিষেক শর্মা ও কেন উইলিয়ামসনের ওপেনিং জুটি পুরো পাওয়ারপ্লে খেলতে পারেনি, তাঁদের কম্বাইন্ড স্ট্রাইক রেটও বাকি দলগুলির তুলনায় সবচেয়ে খারাপ। অধিনায়ক কেন নিজেকে ব্যাটিং অর্ডারে নামিয়ে আনতেই পারেন, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করামদের ব্যাটিং অর্ডারে রদবদল হতে পারে। ভুবনেশ্বর কুমার পাওয়ারপ্লে এবং টি নটরাজন ডেথ ওভারে কৃপণ বোলিং করে ভরসা দিলেও উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, রোমারিও শেফার্ডরা মাঝের ওভারগুলিতে অনেক রান দিয়ে ফেলছেন। এই ত্রুটিও শোধরাতে হবে অরেঞ্জ আর্মিদের। সিএসকের ব্যাটারদের ডানহাতি লেগ স্পিনারের বিপক্ষে দুর্বলতার কথা ভেবে শ্রেয়স গোপালকে খেলাতে পারে সানরাইজার্স।
|
সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস খুব বেশি রদবদলের পথে হাঁটে না। তবে কোন ভারতীয় পেসারকে কাল নামানো হয় সেটা দেখার। সানরাইজার্স শ্রেয়স গোপালের পাশাপাশি মার্কো জানসেন, কার্তিক ত্যাগী ও প্রিয়ম গর্গকে খেলানোর ভাবনাচিন্তা করছে। মহেন্দ্র সিং ধোনি (এখনও অবধি ২১৭) এবং সুরেশ রায়না (২০০)-র পর তৃতীয় ক্রিকেটার হিসেবে কাল চেন্নাই সুপার কিংসের হয়ে ১৫০তম টি ২০ ম্যাচ খেলতে চলেছেন রবীন্দ্র জাদেজা। মহেন্দ্র সিং ধোনির আইপিএলে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট (১৯৫) সানরাইজার্সের বিরুদ্ধেই, তিনিই হায়দরাবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানও করেছেন।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, মঈন আলি, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), ডোয়েইন ব্র্যাভো, ডোয়েইন প্রিটোরিয়াস, ক্রিস জর্ডন, তুষার দেশপাণ্ডে
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, আব্দুল সামাদ, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, শ্রেয়স গোপাল, টি নটরাজন












Click it and Unblock the Notifications