IPL 2022: গুজরাত টাইটান্সের চ্যালেঞ্জের মুখে চেন্নাই সুপার কিংস, দুই দলের সামনেই কোন কোন নজিরের হাতছানি?
আইপিএলে আজ ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএলের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত। রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংস টানা চারটি ম্যাচে পরাস্ত হওয়ার পর পঞ্চম ম্যাচে জয় পেয়েছে। দুই পয়েন্ট নিয়ে চারবারের চ্যাম্পিয়নরা রয়েছে নবম স্থানে। আজ জিতলেও সিএসকের অবস্থানে পরিবর্তন হবে না ঠিকই, তবে প্লে অফের লড়াইয়ে তারা ভালোভাবেই থাকতে পারবে।

চেন্নাই কোথায় দাঁড়িয়ে?
চেন্নাই সুপার কিংসের চিন্তার কারণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের খারাপ ফর্ম। গতবারের আইপিএলেও তিনি শুরুটা ভালো না করলেও টুর্নামেন্ট যত এগিয়েছে তত সাফল্য পেয়ে সর্বাধিক রান সংগ্রহকারীও হয়েছিলেন। সিএসকে চাইবে দ্রুত চেনা ছন্দে ফিরুন ঋতুরাজ। রবিন উথাপ্পা, শিবম দুবের ব্যাট থেকে ফের বড় রানের প্রত্যাশাও থাকবে। বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা কিছুটা কমেছে। মাহিশ থিকশানা, ক্রিস জর্ডন, ডোয়েইন ব্র্যাভোদের উপর ভরসা রাখতে হবে রবীন্দ্র জাদেজাকে।

মিডল অর্ডার নিয়ে চিন্তা গুজরাতের
গুজরাত টাইটান্সের ব্যাটিং গভীরতাও যে খুব ভালো তা নয়। তবে রাহুল তেওয়াটিয়া লোয়ার অর্ডারে বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচ ঘোরানোর যে ক্ষমতা রাখেন তা দেখা গিয়েছে। তবে ম্যাথু ওয়েড, সাই সুদর্শন বা বিজয় শঙ্কররা ব্যাট হাতে ভরসা দিতে পারেননি গুজরাত টাইটান্সকে। সবচেয়ে ইতিবাচক ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার ছন্দে থাকা, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। লকি ফার্গুসনের গতি, রশিদ খানের ঘূর্ণির পাশাপাশি অভিষেকে নজরকাড়া যশ দয়ালদের সামনে কঠিন পরীক্ষাই দিতে হবে চেন্নাই সুপার কিংস ব্যাটারদের।
|
গুজরাতের ক্রিকেটারদের সামনে নজিরের হাতছানি
আগের ম্যাচে রশিদ খান উইকেটহীন থাকায় আজ একটি উইকেট পেলে শততম আইপিএল উইকেট দখলের নজির স্পর্শ করতে পারবেন রশিদ খান। আইপিএলে ৫০তম উইকেটটি পেতে হার্দিক পাণ্ডিয়া রয়েছেন চার কদম দূরে। টি ২০ ক্রিকেটে শততম ক্যাচ ধরতে একটি ক্যাচ তালুবন্দি করতে হবে গুজরাত টাইটান্স অধিনায়ককে। ডেভিড মিলার আর চারটি চার মারলে আইপিএলে তাঁর বাউন্ডারির সংখ্যা হবে ১৫০। টি ২০-তে ৩৫০তম ছক্কা মারতে দুই কদম দূরে রয়েছেন মিলার। আইপিএলে ৯৩টি ছক্কা রয়েছে মিলারের। শুভমান গিল একটি চার মারলে টি ২০ ক্রিকেটে শততম বাউন্ডারি মারার নজির গড়বেন। বিজয় শঙ্কর আইপিএলে ৪৬টি চার মেরেছেন এখনও অবধি, চারটি আরও মারলে ৫০টি বাউন্ডারি মারার নজির গড়বেন তিনি।
|
সিএসকের ক্রিকেটাররা যে নজিরের অপেক্ষায়
আইপিএলে ৫ হাজার রান করতে রবিন উথাপ্পার প্রয়োজন ৮৪। চেন্নাই সুপার কিংস অধিনায়ক রবীন্দ্র জাদেজা ১২ রান করলে টি ২০ ক্রিকেটে তাঁর ৩ হাজার রান পূর্ণ হবে। ৪৮ রান করলে আইপিএলে ২৫০০ রান হবে। ২ রান করলে আইপিএলে ৪ হাজার রান হবে অম্বাতি রায়ুডুর। ব্র্যাভো ১০ রান করলে আইপিএলে সিএসকের হয়ে ১ হাজার রান করার নজির গড়ে ফেলবেন। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজার তিনিই হবেন দ্বিতীয় ক্রিকেটার, সিএসকের হয়ে আইপিএলে যাঁর ১০০০ রান ও ১০০-র বেশি উইকেট রয়েছে। তিনটি ছক্কা মারলে ব্র্যাভোর আইপিএলে ছক্কার হাফ সেঞ্চুরি হয়ে যাবে। একই নজির গড়তে মঈন আলির দরকার চারটি ওভার বাউন্ডারি। টি ২০ ক্রিকেটে ১৫০ উইকেট পেতে মঈন আলির প্রয়োজন একটি শিকার।
|
সম্ভাব্য একাদশ
আইপিএলে টস জিতলেই ফিল্ডিং নিচ্ছে বিভিন্ন দল। ব্যতিক্রম হয়নি পুনেতেও। তবে এমসিএ স্টেডিয়ামে দেখা গিয়েছে টস হেরে প্রথমে ব্যাট করা দলই জিতেছে ৫টির মধ্যে তিনটি ম্যাচে। চেন্নাই সুপার কিংস পুনের এমসিএ স্টেডিয়ামে আইপিএলে শেষ সাতটি ম্যাচের ৬টিতেই জিতেছে। এবার দেখে নেওয়া যাক দুই দল আজ কেমন হতে পারে-
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, মঈন আলি, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), ডোয়েইন ব্র্যাভো, ক্রিস জর্ডন, মাহিশ থিকশানা, মুকেশ চৌধুরী
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), সাই সুদর্শন বা বিজয় শঙ্কর, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, লকি ফার্গুসন, যশ দয়াল।












Click it and Unblock the Notifications