IPL 2022: থিকশানার ঘূর্ণির রহস্যভেদে ব্যর্থ আরসিবি, চলতি আইপিএলে প্রথম জয় জাদেজার চেন্নাই সুপার কিংসের
চলতি আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেল গতবারের চ্যাম্পিয়নরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে ২১০ রান তুলেও পাঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। কিন্তু এদিন সব বিভাগে টেক্কা দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারাল রবীন্দ্র জাদেজার দল। ব্যাট হাতে শিবম দুবে ও রবিন উথাপ্পা এবং বল হাতে মহিশ থিকশানা ও রবীন্দ্র জাদেজার দাপটেই এল ২৩ রানে জয়। চার ম্যাচে পরাজয়ের পর চলতি আইপিএলে পঞ্চম তথা ২০০তম আইপিএল ম্যাচে মূল্যবান ২ পয়েন্ট নিশ্চিত করল সিএসকে।

জয়ের জন্য ২১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে আরসিবি ২০ ওভারে তুলল ৯ উইকেটে ১৯৩ রান। শুরু থেকেই অস্বস্তিতে ছিল আরসিবি। ২.৫ ওভারে ফাফ দু প্লেসিকে আউট করেন মহিশ থিকশানা, ৯ বলে ৮ রান করেন আরসিবি অধিনায়ক। ১৪ রানে প্রথম উইকেট হারানোর পর ২০ রানের মাথায় বিরাট কোহলির উইকেট হারায় আরসিবি। বিরাটকে ফেরান মুকেশ চৌধুরী। ৩ বলে ১ রান করে তিনি শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে আউট কোহলি। পাওয়ারপ্লের শেষ ওভারের শেষ বলে ৪২ রানে তৃতীয় উইকেট পড়়ে আরসিবির। অনুজ রাওয়াত ১৬ বলে ১২ রান করে লেগ বিফোর হন থিকশানার বলে। ৬.৫ ওভারে গ্লেন ম্যাক্সওয়েল রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন। ২টি করে চার ও ছয় মেরে ১১ বলে তিনি করেন ২৬।

এরপর সুযশ প্রভুদেশাই ও শাহবাজ আহমেদ দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১২.২ ওভারে প্রভুদেশাই থিকশানার বলে বোল্ড হন দলের ১১০ রানে। ১৮ বলে ৩৪ রান করেন তিনি। ১৪.৩ ওভারে থিকশানাই বোল্ড করেন শাহবাজকে। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৭ বলে সর্বাধিক ৪১ করেন বাংলার অলরাউন্ডার। ষোড়শ ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে ওয়ানিন্দু হাসারঙ্গা (৭) ও আকাশ দীপ (০) রানে জাদেজার শিকার হন। ১৪৬ রানে অষ্টম উইকেট পড়ার পর আগ্রাসী ব্যাটিং শুরু করেন দীনেশ কার্তিক। ১৭তম ওভারে মুকেশ ২৩ রান দিলে শেষ তিন ওভারে আরসিবির দরকার ছিল ৩ ওভারে ৪৮ রান। ১৮তম ওভারের দ্বিতীয় বলে ডোয়েইন ব্র্যাভোর বলে কার্তিকের ক্যাচ বাউন্ডারি লাইনের ধারে জাদেজার হাতে জমা পড়তেই জয় কার্যত হাতের মুঠোয় চলে আসে সিএসকের। মহম্মদ সিরাজ ১১ বলে ১৪ ও জশ হ্যাজলউড ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন। সিরাজ ব্র্যাভোর শেষ বলে হেলিকপ্টার শটে চার মারেন। ব্র্যাভো ৪ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন।

চেন্নাই সুপার কিংসের আজ সফলতম বোলার মহিশ থিকশানা। শ্রীলঙ্কার এই মিস্ট্রি স্পিনার সিএসকের হয়ে দ্বিতীয় ম্যাচে নেমেই এদিন ৪ ওভারে ৩৩ রান খরচ করে তুলে নিলেন চারটি উইকেট। ফাফ দু প্লেসি, অনুজ রাওয়াতের উইকেট পাওয়ার পর শাহবাজ আহমেদ ও সুযশ প্রভুদেশাইকে বোল্ড করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে থিকশানার অভিষেক ২০১৮ সালে। গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার হয়ে অভিষেক দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২১ বছরের এই অফ স্পিনার ৪টি একদিনের আন্তর্জাতিকে ৬টি এবং ১৫টি টি ২০ আন্তর্জাতিকে ১৪টি উইকেট পেয়েছেন। কেরিয়ারের ৫০তম টি ২০ ম্যাচের পর তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ৫৫। জাদেজা ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন। এর আগে, শিবম দুবের অপরাজিত ৯৫ ও রবিন উথাপ্পার ৮৮ রানের সুবাদে চলতি আইপিএলে সর্বাধিক, ৪ উইকেটে ২১৬ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস।












Click it and Unblock the Notifications