IPL 2022: রয়-হেলস সমস্যায় ফেলেছেন ফ্র্যাঞ্চাইজিদের! কোন প্রবণতা ঠেকাতে কড়া পদক্ষেপের দিকে বিসিসিআই?
আইপিএল শুরু হয়ে গিয়েছে। এখনও অবধি যে চারটি ম্যাচ হয়েছে তাতে জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও গুজরাত লায়ন্স। পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। জাতীয় দলে খেলা বা চোটর কারণে কয়েকটি দল সব ক্রিকেটারদের পায়নি। কিন্তু গুজরাত লায়ন্স ও কলকাতা নাইট রাইডার্সকে সমস্যায় ফেলা দুই ক্রিকেটারের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের ভাবনাচিন্তা করছে বিসিসিআই।

প্রতি বছরই দেখা গিয়েছে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে কয়েকজন ক্রিকেটার আইপিএল থেকে সরে দাঁড়ান। গত বছর করোনা পরিস্থিতিতে টুর্নামেন্ট শুরুর পরও কেউ কেউ দেশে ফিরে গিয়েছেন। এবারও শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের দুই তারকা। ওপেনার জেসন রয়কে নিয়েছিল গুজরাত টাইটান্স, অ্যালেক্স হেলসকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাঁরা সরে দাঁড়ানোয় বিকল্পের সন্ধানে নামতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের। ধাক্কা খেয়েছে পরিকল্পনাও। স্বাভাবিকভাবেই প্লেয়ারদের শেষ মুহূর্তে সরে দাঁড়ানো নিয়ে বিভিন্ন সময়ে বোর্ডের কাছে অসন্তোষ ব্যক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিরা। এবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিষয়টি আলোচিতও হয়েছে বলে দাবি করেছে ক্রিকবাজ নামক ক্রিকেট ওয়েবসাইট। তাদের দাবি, বোর্ড এবার কড়া পদক্ষেপের পথেও হাঁটতে চলেছে।

অনেকেই মনে করছেন প্রত্যাশিত দর না পাওয়াতেই ক্রিকেটারদের আইপিএল থেকে সরে দাঁড়ানোর প্রবণতা রয়েছে। উল্লেখ্য, রয় ও হেলস দুজনকেই বেস প্রাইসে কিনেছিল যথাক্রমে গুজরাত ও কলকাতা। তারপরেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। এ প্রসঙ্গে সম্প্রতি ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া সাক্ষাতকারে বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের রেখে দল সাজানোর পরও কেউ কেউ শেষ মুহূর্তে সরে দাঁড়াচ্ছেন। এই ধরনের প্রবণতা সমর্থনযোগ্য নয়। এতে দলগুলির পরিকল্পনা বা ভারসাম্যে যেমন ব্যাঘাত ঘটছে, তেমনই ওই ক্রিকেটাররা বিভিন্ন দলে যাওয়ায় অনেক ক্রিকেটারের সামনে আইপিএলের দরজাও খুলছে না।

আইপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য ক্রিকবাজকে বলেছেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের প্রতি বোর্ডের দায়বদ্ধতা রয়েছে। অনেক কিছু পরিকল্পনা করেই ফ্র্যাঞ্চাইজিরা নিলামে কোনও ক্রিকেটারকে নিতে ঝাঁপায়। সেই ক্রিকেটাররা সরে দাঁড়ালে পরিকল্পনা ধাক্কা খায়। এমন কোনও নিয়ম এখনও নেই যে কোনও ক্রিকেটার সরে দাঁড়ালে তাঁকে কয়েক বছরের জন্য আইপিএল খেলতে দেওয়া হবে না। তবে এই বিষয়টি খতিয়ে দেখে পরিস্থিতি অনুয়ায়ী পদক্ষেপ করা জরুরি হয়ে পড়েছে। গ্রহণযোগ্য কারণ ছাড়া পুলআউট যে বিসিসিআই বরদাস্ত করবে না সেই ইঙ্গিত মিলেছে। উল্লেখ্য, রয় ঠাসা ক্রীড়াসূচির কারণ দেখিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানো ও বিশ্রান নিয়ে নিজের খেলার উন্নতি ঘটানোর কথা জানিয়েছেন। হেলস আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে দেখান জৈব সুরক্ষা বলয়ে ক্লান্তির কথা।












Click it and Unblock the Notifications