আইপিএল ২০২১: ফাইনালে কলকাতাকে হারানো কেন সহজ হবে না ধোনির চেন্নাইয়ের
আইপিএলের ১৪তম সংস্করণে ফাইনালে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিং ও কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার এই ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে দুবাইয়ের মাঠে। এই ফাইনাল কে জিতবে তা নিয়ে আগ্রহের শেষ নেই। একদিকে যেমন রয়েছে আইপিএলে সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস অন্যদিকে রয়েছে ডার্ক হর্স কলকাতা নাইট রাইডার্স।

ধারাবাহিক চেন্নাই
আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। এই নিয়ে তারা নয়বার আইপিএল ফাইনালে উঠল। এবং প্রত্যেকবারই দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর আগে তিনবার ফাইনাল জিতেছে চেন্নাই।

ডার্ক হর্স কলকাতা
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স যারা এই বছরের আইপিএলের প্রথম ভাগে ভালো ক্রিকেট খেলতে পারেনি। তারা যে প্লে-অফে কোয়ালিফাই করবে তা অতি বড় সমর্থকও আশা করেননি। কিন্তু ইয়ন মর্গানের নেতৃত্বে কলকাতা শুধু শেষ চারে পৌঁছেছে তাই নয় তারা প্রথম এবং দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছে।

রেকর্ড ভালো কলকাতার
কলকাতা এখনও পর্যন্ত দুটি ফাইনাল খেলে দুটিতেই জয়লাভ করেছে। অর্থাৎ ফাইনাল এখনও পর্যন্ত তাদের জয়ের রেকর্ড ১০০ শতাংশ। তৃতীয়বার ফাইনালে তারা কী করে এখন সেদিকেই ক্রিকেটপ্রেমীরা চেয়ে রয়েছেন। যেভাবে কলকাতা টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে ঘুরে দাঁড়িয়েছে, তাতে অনেকেই আশা করছেন কলকাতাকে আটকানো এবছর চেন্নাইয়ের পক্ষে সহজ হবে না।

চেন্নাই মোট ৯বার ফাইনালে
অন্যদিকে চেন্নাই সুপার কিংস মোট ৯ বার আইপিএল ফাইনাল খেলেছে। এত বেশি বার আর কোনও দল আইপিএল ফাইনালে উঠতে পারেনি। তবে ঘটনা হল এর মধ্যে মাত্র তিনবার ফাইনাল জিতেছে ধোনির চেন্নাই। অর্থাৎ ফাইনালে চেন্নাইয়ের রেকর্ড খুব একটা ভালো নয়। আর এই দিকটি ভাবিয়ে তুলছে সিএসকে ভক্তদের।

ক্যাপ্টেন কুল ধোনি
এখনও পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১০, ২০১১ এবং ২০১৮ সালে চেন্নাই ফাইনাল জিতেছে। এছাড়াও ফাইনাল খেলেছে ২০১২, ২০১৩, ২০১৫ এবং ২০১৯ সালে তারপর ২০২১ সালে চেন্নাই ফের ফাইনালে উঠেছে।












Click it and Unblock the Notifications