কেন লোয়ার অর্ডারে রাসেল? কেকেআরের ফ্যানদের প্রশ্নের উত্তর দিলেন ব্যাটিং কোচ হাসি
কেন লোয়ার অর্ডারে রাসেল? কেকেআরের ফ্যানদের প্রশ্নের উত্তর দিলেন ব্যাটিং কোচ হাসি
চলতি আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হতশ্রী পারফরম্যান্সে বিরক্ত হয়েছেন ফ্যানরা। শাহরুখ শিবিরের বেশকিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। ব্যাটিং অর্ডারের নিচের দিকে আন্দ্রে রাসেলকে পাঠানো থেকে দলে মন্থর শুভমান গিলের প্রয়োজনীয়তা নিয়ে কথা তুলছেন কেকেআর-প্রেমীরা। তাঁদের উত্তর দিয়েছেন শাহরুখ খান শিবিরের ব্যাটিং কোচ ডেভিড হাসি।

রাজস্থানের বিরুদ্ধে কলকাতার হার
শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের মন্থর ব্যাটিংয়ে হতাশ হন ক্রিকেট প্রেমীরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান তোলে কলকাতা। শাহরুখ খান শিবিরের হয়ে সবচেয়ে বেশি ৩৬ রান করেন রাহুল ত্রিপাঠী। জবাবে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।

কেন লোয়ার অর্ডারে
চলতি আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে কেকেআর। সবকটি ম্যাচেই ব্যাটিং বিভাগের লোয়ার অর্ডারে নেমেছেন বিধ্বংসী রাসেল। পরে নেমে ক্যারিবিয়ান তারকার কাছে ব্যাট চালানোর সুযোগ থাকে না বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু সেটাই কেকেআরের পরিকল্পনার অন্তর্গত বলে জানিয়েছেন ব্যাটিং কোচ ডেভিড হাসি। তাঁর হাতে শুরুতে পার্টনারশিপ তৈরি হলে শেষের দিকে ব্যাট চালিয়ে বড় স্কোর খাড়া করাই রাসেলের দায়িত্ব বলে জানিয়েছেন হাসি।

গিলের পাশে হাসি
শনিবার রাজস্থানের বিরুদ্ধে কলকাতার হারের জন্য ওপেনিং জুটির মন্থর ব্যাটিংকে কাঠগড়ায় তুলছে ক্রিকেট মহলের একটা অংশ। তাঁদের বিরুদ্ধে গিয়ে তরুণ শুভমান গিলের পাশেই দাঁড়িয়েছেন কেকেআরের ব্যাটিং কোচ ডেভিড হাসি। তাঁর কথায়, দলের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করেছেন গিল। একটু সময় দিলে কেকেআর ওপেনার চলতি আইপিএলের অন্যতম শীর্ষ স্কোরিং ব্যাটসম্যান হবেন বলেও বিশ্বাস করেন হাসি।

পরিকল্পনায় পরিবর্তনের আভাস
চলতি আইপিএলের প্রথম পাঁচের মধ্যে চার ম্যাচ হেরে বসে থাকা কেকেআরের ব্যাটিং পরিকল্পনায় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন ডেভিড হাসি। পরোক্ষে তিনি বুঝিয়ে দেন যে পরের ম্যাচে কলকাতার ব্যাটিং বিভাগে বেশকিছু নতুন মুখ দেখা যেতে পারে। করুণ নায়ার, গুরকিরত সিং মান, শেলডন জ্যাকসন, বেন কাটিং, টিম সেইফার্টের মতো ক্রিকেটাররা নাইটদের রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন। তাঁদের মধ্যে কেউ না কেউ আগামী ম্যাচে সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications