IPL 2021 : একই দলের হয়ে ম্যাচ সংখ্যায় অনন্য নজির গড়ার অপেক্ষায় আরসিবি অধিনায়ক কোহলি
আইপিএলে কোনও এক দলের হয়ে ২০০ ম্যাচ খেলার অনন্য রেকর্ড গড়ার মুখে বিরাট কোহলি।
করোনা ভাইরাসের জেরে থমকে থাকা আইপিএলের দ্বিতীয় পর্বের প্র্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। আজ মাঠে নামছে ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। এই ম্যাচেই এমন এক নজির গড়তে চলেছেন বিরাট কোহলি, যা আইপিএলে অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই। দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

বিরাট কোহলির ২০০ ম্যাচ
আজ সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হবে আরসিবি-কে। একই সঙ্গে এলিট ক্লাবে প্রবেশ করবেন বিরাট কোহলি। আজই ক্রিকেটার হিসেবে আইপিএলে নিজের ২০০তম ম্যাচ খেলতে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। গড়তে চলেছেন এক অনন্য রেকর্ড, যা বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই।

বিরাট কোহলির রেকর্ড
২০০৮ সাল থেকে শুরু হয়েছিল আইপিএল। সেই মরসুম থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে জুড়ে রয়েছেন বিরাট কোহলি। ২০১৩ সালে তাঁর হাতে পাকাপাকি দলের অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়। তখন থেকে এখনও পর্যন্ত আরসিবি-কে মোট ১৩২টি আইপিএলের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট। ক্রিকেটার হিসেবে আজই টুর্নামেন্টে নিজের ২০০তম ম্যাচ খেলতে চলেছেন কোহলি। কোনও একই দলের হয়ে আইপিএলে এত সংখ্যক ম্যাচ খেলার রেকর্ড অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই।

পঞ্চম স্থানে বিরাট
আজ কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে আইপিএলে বিরাট কোহলির ২০০তম ম্যাচ সম্পূর্ণ হবে। পঞ্চম ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবের সদস্য হতে চলেছে আরসিবি অধিনায়ক। তালিকার শীর্ষ স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যিনি আইপিএলে এখনও পর্যন্ত ২১২টি ম্যাচ খেলেছেন। দ্বিতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা আইপিএলে ২০৭টি ম্যাচ খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দীনেশ কার্তিক। টুর্নামেন্টে তিনি ২০৩টি ম্যাচ খেলেছেন। চতুর্থ স্থানে থাকা সুরেশ রায়না আইপিএলে এখনও পর্যন্ত ২০১টি ম্যাচ খেলেছেন।

বিরাট কোহলির আইপিএল কেরিয়ার
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে এখনও পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৬০৭৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। যা এখনও পর্যন্ত সর্বাধিক। আইপিএলে পাঁচটি শতরান ও ৪০টি অর্ধশতরান হাঁকিয়েছেন আরসিবি অধিনায়ক। সর্বোচ্চ স্কোর ১১৩। উল্লেখযোগ্যভাবে আইপিএলে চারটি উইকেটও নিয়েছেন বিরাট।












Click it and Unblock the Notifications