আইপিএলের উদ্বোধনী ম্যাচে নামার আগে যে কারণে বিরাট 'রিল্যাক্সড'
আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ভারতের অধিনায়ক আর সহ অধিনায়কের দ্বৈরথ। তবে আইপিএলে রোহিত শর্মা সাফল্যের নিরিখে বিরাট কোহলিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। যদিও এবারের দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি।

তারুণ্যে আস্থা
বিরাট মনে করেন ভারতীয় দলের যে তরুণ ক্রিকেটাররা তাঁর দলে রয়েছেন দেশের হয়ে খেলা তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকটাই। আরসিবি মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাতকারে বিরাট নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন, আমিও যখন প্রথম আইপিএল খেলি দেশের হয়ে পারফরম্যান্স আমাকে আইপিএলের আসরে সফল হতে আত্মবিশ্বাস জুগিয়েছিল। আমার আশা একই কথা প্রযোজ্য হবে ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজদের ক্ষেত্রেও। যুজবেন্দ্র চাহালও জাতীয় দলের সঙ্গে অনেকদিন ধরে রয়েছেন, খেলছেন। তাঁদের এই অভিজ্ঞতা আমাদের দলের পক্ষে ইতিবাচক হবে আমাদের সঠিক পথে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। বিরাট কোহলি বরাবরই ইমপ্যাক্ট প্লেয়ারদের ভূমিকার কথা বলে থাকেন। এবারও তিনি বলেন, আমাদের তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক আসরে খেলার অভিজ্ঞতার সুবাদে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন। এই ক্রিকেটাররা খেলার গতিপ্রকৃতির উপর কতটা দাপট নিয়ে প্রভাব ফেলতে পারেন তা জানে বিপক্ষ দলগুলিও। যা আমাদের দলের পক্ষে খুবই মঙ্গল।

হোম অ্যাডভান্টেজ না পাওয়া
ভারতের মাটিতে ৬৭৭ দিন পর আইপিএল ফিরলেও কোনও দল যে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিরাট। তিনি বলেন, গত আইপিএলের মতো এটাও বেশ ভালো। এটা ঠিক চিন্নাস্বামীতে খেলার অনুভূতি আলাদা। কিন্তু নিরপেক্ষ কেন্দ্রে খেলা হলে একেকটি দলের শক্তি অনুযায়ী খেলাগুলি যে কতটা প্রতিযোগিতামূলক হতে পারে তা দেখা গিয়েছে গত আইপিএলেই। শেষ অবধি অনেকগুলি দল প্লে অফে ওঠার দৌড়ে ছিল এটাও খুব ইতিবাচক দিক। উল্লেখ্য, গতবার প্লে অফ থেকেই বিদায় নিয়েছিল আরসিবি। তবে গতবারের অভিজ্ঞতা ও শিক্ষাকে কাজে লাগিয়ে এবার দল ভালো করবে বলেও বিশ্বাস বিরাটের।

বিরাটের আত্মবিশ্বাস
আরসিবি অধিনায়ক প্রত্যয়ী কণ্ঠে বলেন, এবার আরও কয়েক ধাপ এগোতে হবে। এবারের দল আরও ভালো। গ্লেন ম্যাক্সওয়েলকে পাওয়া দারুণ ব্যাপার। ঝাই রিচার্ডসনকে নেওয়া হয়েছে। ড্যান ক্রিশ্চিয়ান, ড্যানিয়েল স্যামসদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা কয়েকজন ভারতীয় ক্রিকেটারও দলে রয়েছেন। দল নিয়ে বলতে পারেন আমি রিল্যাক্সড। স্নায়ুযুদ্ধ সামাল দেওয়ার মতো দলের ভালোই শক্তি রয়েছে। উদ্বোধনী ম্যাচ খেলতে এবং দলগতভাবে খেলে সাফল্য পেতে আমরা সকলেই মুখিয়ে আছি। বিরাটের মতোই আত্মবিশ্বাসী দলের আরেক সিনিয়র সদস্য এবি ডি ভিলিয়ার্স।

সম্ভাব্য প্রথম একাদশ
দেবদত্ত পাড়িক্কাল করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে করোনা নেগেটিভ ও ম্যাচ ফিট হয়ে তিনি দুই দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন। প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় তাই আর নেই। ফলে বিরাটের সঙ্গে ওপেন করবেন দেবদত্তই। তবে কোয়ারান্টিন পর্ব শেষ না হওয়ায় প্রথম ম্যাচে অ্যাডাম জাম্পা ও ফিন অ্যালেনকে পাচ্ছে না আরসিবি। বিরাটদের প্রথম একাদশ হতে পারে এমন- বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ আজহারউদ্দিন (উইকেটকিপার), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল। তবে অধিনায়কের নাম যখন বিরাট তখন টসের সময় চূড়ান্ত দল জানাতে গিয়ে তিনি চমকও দিতে পারেন।
Bold Diaries: Virat Kohli Interview Part 1
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 8, 2021
Captain Kohli talks about the beautiful feeling of becoming a dad, the hardships of bio bubble life, stellar growth of some of the RCB youngsters, and much more on @myntra presents Bold Diaries.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/zWCcZAqG9A












Click it and Unblock the Notifications