কোন আইপিএল দলে টি২০ বিশ্বকাপে সুযোগ পাওয়া ভারতীয় ক্রিকেটারদের সংখ্যা সর্বাধিক
আইপিএল ২০২১-র কোন কোন দলে রয়েছে টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পাওয়া সবচেয়ে বেশি ক্রিকেটা।
আগামী অক্টোবরে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে সদ্য। সেই আবহেই চলতি মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু চলেছে আইপিএল। তাতে অংশ নিতে ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেটাররা ইতিমধ্যেই আমিরশাহী পৌঁছতে শুরু করেছেন। যাঁদের কাছে এই আইপিএল একাধারে আসন্ন টি২০ বিশ্বকাপের প্রস্তুতিও হতে চলেছে বলা চলে। তারই সূত্রে দেখে নেওয়া যাক আইপিএল খেলা কোন দলগুলিকে টিম ইন্ডিয়ার ২০ ওভারের বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারের সংখ্যা বেশি।

মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তথা তাদের প্রধান শক্তি রোহিত শর্মা টি২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের ট্র্যাম্প কার্ড হতে চলেছেন। আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলে জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটার, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন দেশের দ্রুততম বোলার হিসেবে টেস্টে একশো উইকেট নিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া দীর্ঘদিন বাইশ গজের বাইরে থাকলেও তিনি আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা হতে চলেছেন। ভারতের ১৫ জনের দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব, তরুণ ইশান কিষাণ ও রাহুল চাহার।

দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস থেকে মোট চার জন ক্রিকেটার আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ১৫ জনের দলে সুযোগ পেয়েছেন। তার মধ্যে রবিচন্দ্রণ অশ্বিনের সুযোগ পাওয়াটা সাড়া জাগানো নির্বাচন বলা যেতে পারে। ২০১৭ সালের শেষবার ভারতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেছিলেন অ্যাশ। আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের জেরেই অশ্বিনকে ফের নীল জার্সি গায়ে মাঠ কাঁপাতে দেখা যাবে। যিনি আবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম ভরসা। দিল্লি ফ্র্যাঞ্চাইজির উইকেটরক্ষক ঋষভ পন্থ, অক্ষর প্যাটেলও এই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলের সঙ্গে রিজার্ভ হিসেবে যুক্ত রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার।

চেন্নাই সুুপার কিংস
তিন বারের আইপিএলজয়ী চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনিকে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দলের মেন্টর নির্বাচন করা হয়েছে। সিএসকে দলে রয়েছে রবীন্দ্র জাদেজার মতো অল রাউন্ডার, যিনি ২০ ওভারের বিশ্বকাপও কাঁপাতে চলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে ভারতের জয়ের কারিগর হওয়া শার্দুল ঠাকুরকে এই আইপিএলে ধোনির দলের হয়ে ভাল কিছু করতে দেখা যাবে। একই সঙ্গে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলের রিজার্ভ ক্যাটেগরিতেও তিনি রয়েছেন। একই ক্যাটেগরিতে রয়েছেন সিএসকের আরও এক ফাস্ট বোলার দীপক চাহার।
কলকাতা নাইট রাইডার্সের একমাত্র প্রতিনিধি হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী। সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের ফাস্ট বোলার যথাক্রমে ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামিও রয়েছে টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ও পাঞ্জাব কিংসের দলনেতা কেএল রাহুলের নামই বা বাদ যায় কেন।

ভারতের টি২০ বিশ্বকাপের দল
বিরাট কোহলি (অঘিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রণ অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি।
রিজার্ভ - শ্রেয়স আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর।












Click it and Unblock the Notifications