IPL 2021 : প্রথম ভারতীয় হিসেবে কোহলির মুকুটে টি২০ রেকর্ডের বিরাট পালক, কী বলছে পরিসংখ্যান
IPL 2021 : প্রথম ভারতীয় হিসেবে বিরাট কোহলির মুকুটে টি২০ রেকর্ডের আরও এক পালক
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলের মাস্ট উইন ম্যাচে প্রথম থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করেন বিরাট কোহলি। তারই হাত ধরে টি২০ ফর্ম্যাটে এক অনন্য রেকর্ডের মালিক হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। প্রথম ভারতীয় হিসেবে ২০-২০ ফর্ম্যাটে ১০ হাজার রান পূর্ণ করলেন বিরাট। ভারতীয় অধিনায়কের এই কীর্তিতে মুগ্ধ হয়েছে বিশ্ব। উচ্ছ্বসিত দেশের ক্রিকেট ফ্যানরা।

মু্ম্বইয়ের বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স
চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেট টসে হেরে যান বিরাট কোহলি। আরসিবি-কে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচে প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে দেখা যায় বিরাটকে। আইপিএল কেরিয়ারের ৪২তম অর্ধশতরানটি হাসিল করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। ৪২ বলে ৫১ রান করে আউট হন বিরাট। তিনটি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। একই সঙ্গে টি২০ ফর্ম্যাটে অনবদ্য রেকর্ডেরও মালিক হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

অনন্য ক্লাবে বিরাট কোহলি
এখনও পর্যন্ত কোনও ভারতীয় ব্যাটার যা করে দেখাতে পারেননি, তেমনই এক সম্মানীয় ক্লাবে প্রবেশ করলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক, আইপিএল ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে টি২০ ফর্ম্যাটে ১০ হাজার পূর্ণ করলেন টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। কেরিয়ারে মোট ৩১৪টি টি২০ ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত মোট ১০০৩৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ফর্ম্যাটে ৫টি শতরান ও ৭৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন বিরাট। টি২০ ক্রিকেটে এক ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর ১১৩। ৮৮৯টি চার ও ৩১৯টি ছক্কা এসেছে বিরাটের ব্যাট থেকে।

বিশ্ব তালিকার কততম স্থানে বিরাট
বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি২০ ফর্ম্যাটে ১০ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। তালিকার শীর্ষ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৪৭টি টি২০ ম্যাচ খেলে ১৪২৭৫ রান করেছেন ইউনিভার্স বস। ২২টি শতরান ও ৮৭টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। ৫৬৩টি ম্যাচ খেলে ১১১৯৫ রান করেছেন ডান হাতি অল রাউন্ডার। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের শোয়েব মালিক ৪৩৬টি ম্যাচ খেলে ১০৮০৮ রান করেছেন। ৩০৬টি টি২০ ম্যাচ খেলে ১০০১৯ রান করা ডেভিড ওয়ার্নারকে টপকে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি।

আইপিএল ও দেশের হয়ে বিরাট
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ২০২টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৬১৮৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টের সর্বাঘিক রান সংগ্রাহকও আরসিবি অধিনায়ক। আইপিএলে পাঁচটি শতরান ও ৪২টি অর্ধশতরান এসেছে বিরাটের ব্যাট থেকে। ভারতের হয়ে ৯০টি টি২০ ম্যাচ খেলেছেন কোহলি। ৩১৫৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই স্তরে ২৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।












Click it and Unblock the Notifications