অপসারিত ওয়ার্নার, সানরাইজার্স হায়দরাবাদকে বাকি আইপিএলে নেতৃত্ব দেবেন কেন
লাগাতার ব্যর্থতার জেরে সরিয়ে দেওয়া হলো ডেভিড ওয়ার্নারকে। আইপিএলের বাকি ম্যাচগুলিতে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
৬টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে সানরাইজার্স। চলতি আইপিএলে চেনা ছন্দেও নেই ডেভিড ওয়ার্নার। অন্যদিকে, মিডল অর্ডারে ভরসা দিচ্ছেন কেন উইলিয়ামসন। দলকে সাফল্যের রাস্তায় আনার লক্ষ্যে তাঁর নেতৃত্বের উপরই আস্থা রাখল ম্যানেজমেন্ট।
🚨 Announcement 🚨 pic.twitter.com/B9tBDWwzHe
— SunRisers Hyderabad (@SunRisers) May 1, 2021
বল ট্যাম্পারিং কাণ্ডের দায়ে নির্বাসিত থাকা ওয়ার্নারের অনুপস্থিতিতে ২০১৮ সালে কেন উইলিয়ামসন সানরাইজার্সকে নেতৃত্ব দেন। সে বছর ১৭ ম্যাচে ৭৩৫ রান করে সর্বাধিক রান সংগ্রহকারীও হয়েছিলেন। তাঁর নেতৃত্বে ওই বছর সানরাইজার্স আইপিএলে নিজেদের দ্বিতীয় ফাইনালটি খেলতে সক্ষম হয়। উইলিয়ামসনের নেতৃত্বে মোট ২৬টি ম্যাচে সানরাইজার্স ১৪টি জিতেছে, হেরেছে ১২টিতে।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
ওয়ার্নারের অবদানের কথা স্বীকার করলেও সানরাইজার্স হায়দরাবাদের বিবৃতি দেখে মনে হচ্ছে, কাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম একাদশেও ঠাঁই হবে না ওয়ার্নারের। বিবৃতিতে বলা হয়েছে, কালকের ম্যাচে বিদেশিদের কম্বিনেশনে পরিবর্তন আনা হচ্ছে। ওয়ার্নার মাঠ ও মাঠের বাইরে দলকে একইভাবে সহযোগিতা করবেন এটাও প্রত্যাশা করা হচ্ছে। ৬টি ম্যাচে ১৯৩ রান করেছেন ওয়ার্নার। সর্বাধিক ৫৭। দুটি হাফ সেঞ্চুরি পেয়েছেন। তবে স্ট্রাইক রেট ১১০.২৮, যা ওয়ার্নার-সুলভ নয়। চেন্নাই সুপার কিংসের কাছে সাত উইকেটে হারের দায় পুরোপুরি নিজের কাঁধে নিয়ে তিনি বলেছিলেন, আমার মন্থর ব্যাটিংয়েই দল বড় রান তুলতে পারেননি। দলে ফিরে মণীশ খুব ভালো খেলেছেন। শেষের দিকে কেদার যাদব ও কেন উইলিয়ামসন দারুণ চেষ্টা চালালেও তা পর্যাপ্ত ছিল না। অথচ এই ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স প্রথম আইপিএল জেতে ২০১৬ সালে। সেবার ১৭টি ম্যাচে ৮৪৮ রান করেছিলেন অজি ওপেনার, আইপিএলের ইতিহাসে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ধারাবাহিকও ছিলেন তিনি।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
অন্যদিকে, এবারের আইপিএলে তিনটি ম্যাচে ১৩৫ স্ট্রাইক রেট রেখে একটি অর্ধশতরান-সহ ১০৮ রান করেছেন কেন উইলিয়ামসন। সর্বাধিক অপরাজিত ৬৬। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ সুপার ওভার অবধি নিয়ে গিয়েছিলেন। সুপার ওভারেও তিনি টেক্কা দেন ওয়ার্নারকে।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
দুই রান নিতে গিয়ে ওয়ার্নারের ভুলেই এক রান পেতে হয় সানরাইজার্সকে। নন স্ট্রাইকিং এন্ডে ব্যাট পুরোপুরি লাইনে না ছুঁইয়ে দৌড়ে আসায় এক রান কাটা যায়। ওটা দুই রান হলেও ম্যাচের ফল অন্যরকম হতো। ক্লান্ত উইলিয়ামসনের পরিবর্তে জনি বেয়ারস্টোকে কেন সুপার ওভারে পাঠানো হয়নি তা নিয়েও প্রশ্ন ওঠে। এখন দেখার, নতুন অধিনায়কের হাত ধরে ফের সাফল্যের রাস্তায় ফিরতে পারে কিনা সানরাইজার্স।
সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ: ২ মে- রাজস্থান রয়্যালস (বিকেল সাড়ে ৩টে), ৪ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ৭ মে- চেন্নাই সুপার কিংস, ৯ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৩ মে- রাজস্থান রয়্যালস, ১৭ মে- দিল্লি ক্যাপিটালস, ১৯ মে- পঞ্জাব কিংস, ২১ মে- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে)












Click it and Unblock the Notifications