IPL 2021 : ছয় ব্যাটসম্যানের ছয় ছক্কা! মরু শহরে নাইট রাইডার্সের অনুশীলনে ধুন্ধুমার
আইপিএলের প্রস্তুতি ম্যাচে ৬টি ছক্কা হাঁকালেন কলকাতা নাইট রাইডার্সের ৬ জন ব্যাটসম্যান।
অনেকটা পিছিয়ে থেকেই আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে কড়া সংঘর্ষের সম্মুখীন হতে হবে দীনেশ কার্তিকদের। দলের ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনার শপথ নিয়েছেন নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। লড়তে প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররাও। তারই আঁচ পাওয়া গেল কেকেআরের অনুশীলনে। প্রস্তুতি ম্যাচে ৬টি ছক্কা হাঁকিয়ে পরিবেশ গরম করলেন দলের ছয় জন ব্যাটসম্যান। ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
|
কেকেআরের ছয় ছক্কা
আগামী ১৯ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার থেকে করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া ২০২১ সালের আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। টুর্নামেন্টে ভালো কিছু করতে জোরকদমে অনুশীলন চলছে কলকাতা নাইট রাইডার্সের। বুধবার আবু ধাবিতে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেন দীনেশ কার্তিকরা। যেখানে ছক্কার বন্যা বইতে দেখা যায়। লম্বা ছয়টি ওভার বাউন্ডারি হাঁকান নাইট রাইডার্সের পৃথক ছয় ব্যাটসম্যান। সেই ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কে কে ছক্কা হাঁকালেন
আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের ছক্কায় পরিপূ্র্ণ ভিডিওটি নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে। বিশেষ করে কেকেআর প্রেমীদের মনে আশার আলো সঞ্চার করেছে এই দৃশ্য। ভিডিওতে প্রথম ছক্কাটি হাঁকাতে দেখা যায় দীনেশ কার্তিককে। ধারাভাষ্যকারের দায়িত্ব ছেড়ে ফের ব্যাট হাতে বাইশ গজে নেমেই সাড়া ফেলে দিয়েছেন ডিকে। সুইপ শটে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক। দ্বিতীয় ছক্কাটি হাঁকিয়েছেন করুণ নায়ার। যাঁকে আইপিএলের প্রথম পর্বে কেকেআরের প্রথম একাদশে দেখা যায়নি। লেগ সাইডে ফাস্ট বোলার কমলেশ নাগারকোটির ব্যাট থেকে এসেছে লম্বা ওভার বাউন্ডারি। চেনা মেজাজে বল বাউন্ডারির বাইরে পাঠাতে দেখা গিয়েছে রাহুল ত্রিপাঠী ও নীতীশ রানাকে। ভিডিওতে ষষ্ঠ ছক্কাটি মারতে দেখা গিয়েছে কেকেআরেরক ফাস্ট বোলার শিবম মাভিকে।

নাইট রাইডার্সের পারফরম্যান্স
ভারতে হওয়া আইপিএলের প্রথম পর্বে ক্রিকেট প্রেমীদের হতাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। সাতটি ম্যাচের মাত্র দুটি জিততে সক্ষম হয়েছে ইয়ন মর্গ্যানের দল। আট দলের আইপিএল তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে কেকেআর। প্লে-অফে পৌঁছতে লিগ পর্বে নিজেদের অবশিষ্ট সাত ম্যাচের মধ্যে অন্তত পাঁচটি জিততেই হবে ব্রেন্ডন ম্যাকালামের দলকে।

অভিযান শুরু কবে
আগামী ২০ সেপ্টেম্বর আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। আবু ধাবিতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মোকাবিলায় নামছে শাহরুখ খানের দল। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications