IPL 2021 : ম্যাচ জিতেও স্বস্তি নেই সঞ্জু স্যামসনের, রাজস্থান রয়্যালস অধিনায়কের ঘাড়ে বড় শাস্তির কোপ
মন্থর ওভার রেটের জন্য আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জরিমানা হল সঞ্জু স্যামসনের।
চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। শেষ ওভার পর্যন্ত ম্যাচে চাপা উত্তেজনা জারি থাকে। তরুণ ফাস্ট বোলার কার্তিক ত্যাগীর নায়কোচিত পারফরম্যান্সে ম্যাচে রুদ্ধশ্বাস জয় হাসিল করে রাজস্থান রয়্যালস। তাতেও স্বস্তি পেলেন না দলের তরুণ অধিনায়ক সঞ্জু স্যামসন। ম্যাচ শেষে তাঁর ঘাড়ে নামানো হল বড়সড় শাস্তির খাঁড়া।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হওয়া ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের বিরুদ্ধে ধীর গতিতে ওভার শেষ করানোর দায় চাপানো হয়েছে। এর জেরে ম্যাচও নির্ধারিত সময়ের থেকে দেরিতে শেষ হয়েছে বলে জানানো হয়েছে। বলা হয়েছে যে সঞ্জু এবং তাঁর দলের এই আচরণ আইপিএলের বিধি লঙ্ঘন করেছে। শাস্তি হিসেবে নিয়ম অনুযায়ী এই ভুলের যাবতীয় দায় অধিনায়কের ঘাড়ে চাপিয়ে সঞ্জু স্যামসনকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে এই বলে যে একই ঘটনা ফের ঘটলে রাজস্থান রয়্যালস ও তাঁর অধিনায়ককে আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন স্যামসন।
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালসের হয়ে শুরুটা ঝড়ের গতিতে করেন দুই বাঁ-হাতি ওপেনার। যশশ্বী জয়সওয়াল ও এভিন লুইসের মধ্যে ৫৪ রানের পার্টনারশিপ হয়। ২১ বলে ৩৬ রান করে আউট হন লুইস। এক রানের জন্য হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তরুণ যশশ্বী। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ১৭ বলে ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মহিপাল লোমরোর। দুটি চার ও চারটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ইনিংস শেষে ১৮৫ রান তুলতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস।
জবাবে পাঞ্জাব কিংসের হয়ে শুরুটা অসাধারণভাবেই করেন দুই ওপেনার। অধিনায়ক কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়ালের মধ্যে ১২০ রানের পার্টনারশিপ হয়। ৪৯ রান করে রাহুল ও ৬৭ রান করে মায়াঙ্ক আগরওয়াল আউট হওয়ার পর পাঞ্জাবের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন নিকোলাস পুরান (৩২), আইদেন মার্করাম (২৬)। তা সত্ত্বেও ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়ায়। ম্যাচ জিততে শেষ ছয় বলে ৪ রান করতে হত পাঞ্জাব কিংসকে। তরুণ কার্তিক ত্যাগীর অসাধারণ বোলিংয়ে লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় কেএল রাহুলের দল।












Click it and Unblock the Notifications