IPL 2021 : আমিরশাহীতে বাবার স্পর্শের অপেক্ষায় অর্জুন তেন্ডুলকর, মুম্বই ইন্ডিয়ান্সের বড় ঘোষণা
আইপিএলের জন্য ফের মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিতে চলেছেন সচিন তেন্ডুলকর।
সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল চলার সময় কিংবদন্তি বাবার স্পর্শ ও পরামর্শ পেতে চলেছেন পুত্র অর্জুন তেন্ডুলকর। ড্রেসিংরুমে ফের মাস্টার ব্লাস্টারের সান্নিধ্য পেতে চলেছে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারাও। রবিবার এ সংক্রান্ত এ বড় ঘোষণার মাধ্যমে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অর্থবহ পোস্টটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। কিংবদন্তির সাহচর্যে মুম্বই এবারও আইপিএল জিততে সক্ষম হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের একাংশের।
|
মুম্বই ইন্ডিয়ান্সের টুইট
আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বে অংশ নিতে আগেই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের গোটা দল। ইংল্যান্ড সফরে ব্যস্ত থাকায় রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং সূর্যকুমার যাদব কেবল শিবিরে অনুপস্থিত ছিলেন। শনিবার ওই তিন ক্রিকেটারও সপরিবারে আইপিএল খেলতে আবু ধাবি পৌঁছে যেতেই চনমনে হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও রোহিত, বুমরাহ, সূর্যরা রয়েছেন বাধ্যতামূলক আইসোলেশনে। তবু তাঁদের নামই দলের মনোবল বাড়ানোর পক্ষে যথেষ্ট। যেমন কিংবদন্তি সচিন তেন্ডুলকরও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এক বড় সম্পদ। সেই সম্পদই নিজে গিয়ে উপস্থিত হয়েছেন আমিরশাহীতে আইপিএলের প্রাঙ্গনে। আইকনের নাম লেখা নীল সু্টকেসের ছবি দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তা দেখে আত্মবিশ্বাসে ডগমগ হয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আইসোলেশনে সচিন
২০১৩ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে বাইশ গজ কাঁপিয়েছিলেন সচিন তেন্ডুলকর। ২০১৪ সাল থেকে রোহিত শর্মা নেতৃত্বাধীন দলের আইকন হিসেবে ডাগ আউটে নিয়মত বসতে দেখা যাচ্ছিল মাস্টার ব্লাস্টারকে। ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সচিন। তাই তাঁকে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া আইপিএল চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে দেখা যায়নি। চলতি বছরের আইপিএলের প্রথম পর্বেও রোহিত শর্মাদের সঙ্গে ছিলেন না মাস্টার ব্লাস্টার। তবে তাঁর পরামর্শ পেয়ে দ্বিতীয় পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ভালো কিছু করতে চলেছে বলেই আশা ক্রিকেট প্রেমীদের। আপাতত করোনা বিধি মেনে ৬ দিনের আইসোলেশনে রয়েছেন সচিন। আবু ধাবি পৌঁছে তাঁর আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ এসেছে। বড় অঘটন না ঘটলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচেই ডাগ আউটে দেখা যাবে কিংবদন্তিকে।

পিতা-পুত্রের যুগলবন্দি
এবারের আইপিএল উপলক্ষ্যে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে জুড়ে রয়েছেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। আবু ধাবিতে দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করছেন তিনি। নেটে তাঁকে নিয়মিত বোলিং করতে দেখা যাচ্ছে। বিশ্ব কাঁপানো ক্রিকেটারদের পরামর্শ আত্মস্থ করতেও কসুর করছেন না অর্জুন। সেই তাঁর কাছেই বাড়তি পাওনা হয়ে এসে উপস্থিত তাঁর বাবা তথা ক্রিকেটের ঈশ্বর সচিন। ছেলেকে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্স শিবির পেয়ে কীভাবে গাইড করেন মাস্টার ব্লাস্টার সেদিকে তাকিয়ে থাকবে দেশ। সচিনের পরামর্শ পাওয়ার অপেক্ষায় বসে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বাকি সদস্যরাও।

আইপিএল ২০২১-এ মুম্বই ইন্ডিয়ান্স
২০২০ সালের আইপিএল খেতাব জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। চলতি মরসুমে খেতাব ধরে রাখার যুদ্ধে কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে রোহিত শর্মার দল। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে মুম্বই। ১৯ সেপ্টেম্বর অর্থাৎ চলতি বছরের আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই খেলতে নামছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ তিন বারের চ্যাম্পিয়ন এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।












Click it and Unblock the Notifications