IPL 2021 : কেকেআরের বিরুদ্ধে মাঠে নীল জার্সিতে বিরাটের আরসিবি, কারণটা জানেন কি?
কোভিড যুদ্ধে সামিল ফ্রন্টলাইন ওয়ার্কারদের সম্মান জানাতে আইপিএলের প্রথম ম্যাচে নীল জার্সিতে মাঠে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্ব। করোনা ভাইরাসের আবহে আট দলের তুল্যমূল্য লড়াই দেখতে মুখিয়ে রয়েছে বিশ্ব। টি২০ বিশ্বকাপের আগে টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দেশ। সেই আশা ও আকাঙ্খার মধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় প্রশংসীত হয়েছে।

করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের অব্যাহত রয়েছে। অতিমারীর তৃতীয় ঢেউয়ের প্রভাব রুখতে তৎপর প্রশাসন। মানুষের সেবার নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করে চলেছেন। দিয়ে চলেছেন জরুরিকালীন পরিষেবা। সেই তাঁরা সহ কোভিড ১৯-র বিরুদ্ধে লড়াই করা সব ফ্রন্টলাইন ওয়ার্কারদের শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে অন্য অবয়বে মাঠে নামবেন বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্সরা।
আগামী ২০ সেপ্টেম্বর আবু ধাবিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আরসিবি। এই ম্যাচে বিরাটদের পরিচিত লাল কিংবা সবুজ জার্সি ছেড়ে হালকা নীল জার্সি গায়ে মাঠ নামতে দেখা যাবে। করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা দেশের সব যোদ্ধাদের সম্মান জানাতেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুইটারে এক ভিডিও পোস্ট করে এই বার্তা দিয়েছে বিরাট কোহলির দল।
সোশ্যাল মিডিয়ায় আরসিবির পোস্ট করা এই ভিডিওতে বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, দেবদত্ত পাড়িক্কল, নভদীপ সাইনিদের কোভিড ১৯-র বিরুদ্ধে যুদ্ধকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের সম্মান প্রদর্শন করতে দেখা গিয়েছে। একই সঙ্গে কেকেআরের বিরুদ্ধে যে জার্সি পরে তাঁরা মাঠে নামবেন, তারও প্রদর্শন করেছেন আরসিবি ক্রিকেটাররা। জানিয়েছেন যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ব্যবহার করা পিপিই কিটের রং (হালকা নীল) অনুসারে এই জার্সি তৈরি করা হয়েছে।
RCB to wear Blue Jersey v KKR on 20th
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 14, 2021
We at RCB are honoured to sport the Blue kit, that resembles the colour of the PPE kits of the frontline warriors, to pay tribute to their invaluable service while leading the fight against the Covid pandemic.#PlayBold #1Team1Fight pic.twitter.com/r0NPBdybAS
উল্লেখ্য ২০২০ সালের আইপিএলেও করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের সম্মান প্রদর্শনে কার্যত একই রকম উদ্যোগ নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে আগের মতোই বিরাট কোহলি নেতৃত্বাধীন দলের ভাবনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। অধিকাংশ সময়ই লাল জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায় পরিবেশ। পরিবেশ বাঁচাও সুলভ প্রচারের অংশ হিসেবে কখনও সখনও সবুজ জার্সিতেও মাঠে কাঁপাতে দেখা যায় আরসিবি-কে।
উল্লেখ্য চলতি বছরের আইপিএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাঁচটি ম্যাচ জেতার সৌজন্যে ১০ পয়েন্ট হাসিল করতে সক্ষম হয়েছেন বিরাট কোহলিরা। আইপিএল তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আরসিবি। একাধিকবার কাছে পৌঁছেও এখনও পর্যন্ত একবারও টুর্নামেন্ট জিততে না পারা বিরাটের দল এবার খেতাব ঘরে তুলতে মরিয়া।












Click it and Unblock the Notifications