IPL 2021 : মাস্ট উইন ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি রাজস্থান, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ ও মুখোমুখি পরিসংখ্যান
আইপিএল ২০২১ : প্লে-অফে পৌঁছনোর আশা জিইয়ে রাখতে সানরইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততেই হবে রাজস্থান রয়্যালসকে।
আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর আশা জিইয়ে রাখতে সোমবারের ম্যাচ জিততেই হবে সঞ্জু স্যামসনদের। অন্যদিকে চলতি আইপিএলের শেষ চারে পৌঁছনোর আশা শেষ হয়ে গেলেও রাজস্থানকে মরণ কামড় দিতে প্রস্তুত সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলেরস সম্ভাব্য প্রথম একাদশ এবং মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

ম্যাচের প্রেক্ষাপট
৯ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাজয় শিকার করতে হয়েছে সঞ্জু স্যামসনের দলকে। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর আশা জিইয়ে রাখতে সোমবারের ম্যাচ জিততেই হবে রাজস্থানকে। সঙ্গে নেট রান রেটও বাড়াতে হবে। কারণ একই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে একাধিক দল। অন্যদিকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শনিবারের ম্যাচ হেরে চলতি আইপিএলের প্লে অফে পৌঁছনোর আশা শেষ হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। ৯ ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে কেন উইলিয়ামসনের দল।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান
আইপিএলে এখনও পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৭ বার জিতেছে রাজস্থান রয়্যালস। ৭ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলের প্রথম পর্বের ম্যাচে দাপুটে জয় হাসিল করেছিল রাজস্থান। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রান তুলেছিল রয়্যালস। ১২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন জস বাটলার। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। দলে হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছিলেন মনীশ পাণ্ডে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
দুই দলই তাদের গত ম্যাচে হেরে গিয়েছ। ফলে দুই দলেই বেশকিছু পরিবর্তন সাধিত হতে পারে। সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে জেসন রয়, জগদীশ সূচিত, বাসিল থাম্পির মতো ক্রিকেটারদের অন্তর্ভূক্তি ঘটতে পারে। অন্যদিকে রাজস্থান শিবিরে ফিরতে পারেন এভিন লুইস। সুযোগ পেতে পারেন স্পিনার শ্রেয়স গোপাল।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ : সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, এভিন লুইস, ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, রাহুল তেওয়াটিয়া, মহীপাল লোমরর, শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পণ্ডে, বিরাট সিং, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, জগদীশ সূচিত, বসিল থাম্পি।

ম্যাচ সম্পর্কে তথ্য
আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। আধ ঘণ্টা আগে হবে টস। ম্যাচে এভিন লুইস, সঞ্জু স্যামসন, কার্তিক ত্যাগী, মনীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমারদের পারফরম্যান্সের দিকে বিশেষ নজর থাকবে। পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর।












Click it and Unblock the Notifications