সফল অস্ত্রোপচার পাঞ্জাব কিংস অধিনায়কের, রাহুলের ফেরার দিন নিয়ে জল্পনা
অ্যাপেনডিসাইটিসের যন্ত্রণা নিয়ে আপাতত আইপিএলের আসর থেকে সরে থাকতে হচ্ছে পাঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুলের। শনিবার রাত থেকেই যন্ত্রণা শুরু হয়। এরপর তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয় মুম্বইয়ে। আজ সেখানেই সফলভাবে অস্ত্রোপচার হয়েছে।

মুম্বইয়ে অপারেশন
চার্টার্ড বিমানে করে অধিনায়ক লোকেশ রাহুলকে আমেদাবাদ থেকে মুম্বই পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল পাঞ্জাব কিংসের তরফ থেকে। সেখানে আজ তাঁর ল্যাপ্রস্কপিক অ্যাপেনডেক্টমি হয়। জানা গিয়েছে, চিকিৎসকরা পাঞ্জাব কিংস কর্তৃপক্ষকে জানিয়েছেন সপ্তাহখানেক বিশ্রামে থাকতে হবে রাহুলকে। তারপর থেকে তিনি স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারবেন।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

ফেরার দিন নিয়ে জল্পনা
চিকিৎসকরা এ কথা জানানোর পর পাঞ্জাব কিংস ম্যানেজমেন্ট আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে রাহুলের কোয়ারান্টিনে থাকার সময়সীমা ও অন্যান্য বিষয় নিয়ে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের কয়েক ঘণ্টা আগে রাহুল অসুস্থ হয়ে পড়ায় আপাতত দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে ময়াঙ্ক আগরওয়ালের হাতে। যদিও দিল্লির কাছে শোচনীয়ভাবেই হারতে হয়েছে পাঞ্জাবকে। ময়াঙ্ক অবশ্য চোট সারিয়ে দলে ফিরে অপরাজিত ৯৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

লিডার রাহুল
এবারের আইপিএলে সাতটি ম্যাচে রাহুল ৩৩১ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের দৌড়ে ভালোভাবেই রয়েছেন। দিল্লি ম্যাচের আগে অবধি তিনিই ছিলেন সবচেয়ে বেশি রানের মালিক। এদিন তাঁকে টপকে ফের কমলা টুপি পরেন শিখর। এবারের আইপিএলে রাহুলের গড় ৬৬.২০ এবং স্ট্রাইক রেট ১৩৬.২১। চারটি হাফ সেঞ্চুরি করেছেন।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

লক্ষ্য প্লে অফ
আট ম্যাচের তিনটিতে জিতে পাঞ্জাব কিংস পয়েন্ট তালিকায় রয়েছে ছয়ে। আইপিএলের দ্বিতীয়ার্ধে প্লে অফ নিশ্চিত করতে তাই ফর্মে থাকা রাহুলের দিকেই তাকিয়ে তাঁর দল। কেন না, ময়াঙ্ক ও রাহুলের ওপেনিং জুটি বিপক্ষকে ভাবতে বাধ্য করে। সেখানে তাঁদের একজন না থাকলেও শুরুটা ভালো হচ্ছে না। প্রভসিমরান সিংও ভরসা দিতে পারেননি দুটি ম্যাচে। ময়াঙ্ক ছাড়া বাকিরাও ব্যাট হাতে সফল না হওয়ায় ময়াঙ্কের অপরাজিত ৯৯ সত্ত্বেও ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬-র বেশি তুলতে পারেনি পাঞ্জাব। হারতে হয়েছে সাত উইকেটে। পঞ্জাব কিংসের বাকি ম্যাচগুলি কাদের বিরুদ্ধে দেখে নেওয়া যাক: ৬ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৯ মে- চেন্নাই সুপার কিংস (বিকেল সাড়ে ৩টে), ১৩ মে- মুম্বই ইন্ডিয়ান্স (বিকেল সাড়ে ৩টে), ১৫ মে- কলকাতা নাইট রাইডার্স, ১৯ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ২২ মে- রাজস্থান রয়্যালস
(ছবি- বিসিসিআই/আইপিএল)












Click it and Unblock the Notifications