আইপিএলের হাই ভোল্টেজ যুদ্ধে কেমন একাদশ নিয়ে নামতে পারে দিল্লি ও ব্যাঙ্গালোর? কী বলছে পিচ ও আবহাওয়া?
আইপিএলের হাই ভোল্টেজ যুদ্ধে কেমন একাদশ নিয়ে নামতে পারে দিল্লি ও ব্যাঙ্গালোর? কী বলছে পিচ ও আবহাওয়া?
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি আইপিএলের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে চলছে। আজ সন্ধ্যায় সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বিশ্বাস ক্রিকেট প্রেমীদের। তার আগে আরসিবি ও দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক। কোন পিচ এবং কেমন আবহাওয়ায় ম্যাচ খেলা হবে, তাও জেনে নেওয়া প্রয়োজন।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ
করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়াতে চলতি আইপিএল থেকে একেবারে সরে গিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। তাঁর পরিবর্তে ললিত যাদব ও ইশান্ত শর্মার মধ্যে যে কোনও একজন খেলতে পারেন। বাকি দল অপরিবর্তিত থাকবে বলেই মনে করা হচ্ছে।
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা/ললিত যাদব, অমিত মিশ্র, কাগিসো রাবাডা, আবেশ খান।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশ
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচ বিশ্রিভাবে হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই দুটি পরিবর্তন করে আজ মাঠে নামতে পারে বিরাট কোহলি শিবির। ড্যানিয়েল ক্রিস্টিয়ানের পরিবর্তে আজ আরসিবি-র প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ড্যানিয়েল স্যামস। নভদীপ সাইনির পরিবর্তে আজ ফের দলে ফিরতে পারেন শাহবাজ আহমেদ।
দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ড্য়ানিয়েল স্যামস, শাহবাজ আহমেদ, কাইল জেমিয়েসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

পিচ রিপোর্ট
আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানানো হয়েছে। ম্যাচের শুরুর তিন থেকে চার ওভারে ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা পাবেন। জমে গেলে এই পিচে বড় স্কোর খাড়া করা সম্ভব বলে জানিয়েছেন কিউরেটর।

আবহাওয়া পূর্বাভাস
ম্যাচ চলাকালীন আহমেদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। গরমের থেকেও এই মাঠে আজ ক্রিকেটারদের কাছে চ্যালেঞ্জিং হতে পারে শিশির সমস্যা।

ম্যাচের প্রেক্ষাপট
পরপর চার ম্যাচ জেতার পর এমএস ধোনির সিএসকে-র বিরুদ্ধে চলতি আইপিএলের গুরুত্বপূর্ণ মোকাবিলা হেরে লিগ তালিকার প্রথম স্থান হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে সুপার ওভারের মাধ্যমে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। দুই দলই শীর্ষে পৌঁছনোর জন্য একে অপরের বিরুদ্ধে মোকাবিলায় নামবে।

কখন এবং কোথায় দেখা যাবে ম্যাচ
আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি+হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা।
ছবি সৌজন্যে: বিসিসিআই আইপিএল












Click it and Unblock the Notifications