আইপিএল ২০২১ : দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের
আইপিএল ২০২১ : দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের
আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের এমএ চিদম্বরম বা চিপক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে বড় রান করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোই লক্ষ্য বলে জানালেন রোহিত শর্মা। পিচ মন্থর হওয়ার সম্ভাবনা থাকায় এবং শিশিরের কারণে রান তাড়া করে ম্যাচ জেতা মুশকিল হবে বলে মনে করেন মুম্বই অধিনায়ক।

চিপকে চলতি আইপিএলের গত পাঁচ ম্যাচে আগে ব্যাট করা দল জয় হাসিল করেছে। ১৮ এপ্রিলের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে আগে ব্যাট করে ২০৪ রান তুলেছিল আরসিবি। সেই লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছিল ইয়ন মর্গ্যানের দল। সেই পরিসংখ্যান এবং পরিবেশ ও পরিস্থিতির দিকে তাকিয়ে রোহিত আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। টসে জিতলে তিনিও যে একই সিদ্ধান্ত নিতেন তা পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের তরুণ অধিনায়ক ঋষভ পন্থও।
একই মাঠে গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ জিতেছিল রোহিত শর্মার দল। তবে আজ যে পরিবেশ এবং পরিস্থিতি আলাদা, তা মেনে নিয়েছেন মুম্বই অধিনায়ক। তাই আজ দলে অ্যাডাম মিলনের পরিবর্তে প্রথম একাদশে স্পিনার জয়ন্ত যাদবকে সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে দুটি পরিবর্তন করা হয়েছে। সুযোগ পেয়েছেন ললিত যাদব ও শিমরোন হেটমায়ার।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার।
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : শিখর ধাওয়ান, পৃথ্বী শ, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক ও অধিনায়ক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টইনিস, ললিত যাদব, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আবেশ খান, অমিত মিশ্র।












Click it and Unblock the Notifications