মুখোমুখি মুম্বই-বেঙ্গালুরু, শক্তিতে এগিয়ে কোন দল? আইপিএল ২০২১-এর প্রথম ম্যাচে দুই দলের জন্য কোন প্রেক্ষাপট
মুখোমুখি মুম্বই-বেঙ্গালুরু, শক্তিতে এগিয়ে কোন দল? আইপিএল ২০২১-এর প্রথম ম্যাচে দুই দলের জন্য কোন প্রেক্ষাপট
২০২১ সালের আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। হাই-ভোল্টেজ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে শক্তিতে কোন দল এগিয়ে, তা এক নজরে দেখে নেওয়া যাক। ম্যাচের প্রেক্ষাপট, স্থান এবং সময় সম্পর্কে জেনে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা
শক্তি : ফর্মে থাকলে অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। দলে রয়েছেন কুইন্টন ডি কক, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যানরাও। বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো তারকারা।
দুর্বলতা : দীর্ঘদিন ম্যাচের মধ্যে নেই জসপ্রীত বুমরাহ। এটা যেমন চিন্তার, তেমনই বোলার হার্দিক পান্ডিয়ার স্বাভাবিক ছন্দে না ফেরাটাও এই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে ভাবাবে বলে মনে করা হচ্ছে।

রয়্যাল চ্যালেঞ্জার্সের শক্তি ও দুর্বলতা
শক্তি : অধিনায়ক বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। দলে রয়েছেন গ্লেম ম্যাক্সওয়েল, দেবদত্ত পাড়িক্কল, এবি ডিভিলিয়ার্সের মতো দুঁদে ব্যাটসম্যানরা। বোলিং বিভাগকে ভরসা জোগাতে পারেন কেইল জেমিয়েসন, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দরের মতো দক্ষ ক্রিকেটাররা।
দুর্বলতা : ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ছন্দে না থাকা যুজবেন্দ্র চাহাল আইপিএলে আরসিবির চিন্তা হতে পারে। দীর্ঘদিন বাইশ গজের বাইরে থাকা নভদীপ সাইনির প্রত্যাবর্তন নিয়েও চিন্তিত আরসিবি ফ্যানরা।

প্রেক্ষাপট
মুম্বই ইন্ডিয়ান্স : টানা দুই বার সহ মোট পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। করোনা ভাইরাসের আবহে ২০২০ সালের আইপিএল খেতাবও যায় রোহিত শর্মা শিবিরের ঝুলিতে। এবার চ্যাম্পিয়ন হলে আইপিএল জয়ের হ্যাটট্রিক করবে মুম্বই। সেই লক্ষ্যে শুক্রবার থেকে শুরু হতে চলা আইপিএলের শুরু থেকেই সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে রোহিত শর্মা অ্যান্ড কোং।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ২০২০ সালের আইপিএলের প্লে-অফে পৌঁছেও খেতাব জয় অধরাই থেকে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। তবে এবার দলের খোলনোলচে পাল্টে ফেলা হয়েছে। নতুন দল নিয়ে সফলতার স্বপ্ন দেখছেন বিরাট কোহলি। লক্ষ্যে পৌঁছতে আইপিএল ২০২১-এ মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ জিততে মরিয়া আরসিবি।

কোথায় এবং কখন ম্যাচ
শুক্রবার আরসিবি এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২১ সালের আইপিএল। চেন্নাইয়ের চিপকে হবে ম্যাচে। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। ডিজনি + হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং চলবে।












Click it and Unblock the Notifications