করোনার আবহে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়দের অবশেষে মালদ্বীপ পাঠাল বিসিসিআই
করোনার আবহে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়দের অবশেষে মালদ্বীপ পাঠাল বিসিসিআই
অবশেষে অচলাবস্থা কাটল। বিসিসিআইয়ের উদ্যোগে ভারতে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয় রথিরা নিরাপদে মালদ্বীপের উদ্দেশে উড়ে গেলেন। এর খবর নিজেই টুইট করে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কার্যত অসম্ভবকে সম্ভব করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডকে বাহবা দিয়েছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের ক্রিকেট বোর্ড।

ভারত ছাড়লেন পন্টিংরা
যেমনটা ভাবা হয়েছিল, তেমনটা অপেক্ষা করতে হল না ভারতে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয় রথিদের। টুর্নামেন্ট স্থগিত হওয়ার ৪৮ ঘণ্টা কাটার আগেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিংদের জন্য মালদ্বীপ পৌঁছনোর ব্যবস্থা করে কথা রাখল বিসিসিআই। বৃহস্পতিবার ভারত থেকে একই বিমানে মালদ্বীপের পথে রওনা হন থমকে যাওয়া আইপিএলে অংশ নেওয়া অজি ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকাররা।

বিসিসিআই-কে ধন্যবাদ জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
অতিমারীতে বিপর্যস্ত ভারতে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয় ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকারদের পাশ থেকে সরে গিয়েছিল তাদের সরকার। ফলে ইচ্ছা থাকলেও দেশের ক্রিকেটারদের জন্য কিছু করতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তা বলে বিসিসিআই হাল না ছেড়ে কার্যত অসাধ্য সাধন করে দেখিয়েছে। আর তাতে মুগ্ধ হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বোর্ডের গুনগান গাইতে শুরু করেছে সিএ। এ নিয়ে টুইটও করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

কতদিন মালদ্বীপে থাকবেন স্মিথরা
বৃহস্পতিবারের টুইটে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যতদিন যাতায়াতে নিষেধাজ্ঞা জারি থাকবে ততদিন মালদ্বীপে থাকতে হবে গ্লেন ম্যাক্সওয়েল, রিকি পন্টিং, ডেভিড হাসিদের। অস্ট্রেলিয়া সরকার সবুজ সংকেত দিলে তবেই তাঁদের দেশে ফেরানো হবে বলে জানানো হয়েছে। অস্ট্রেলিয়দের মধ্যে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি ভারতে থেকে গিয়েছেন। কোভিড ১৯ আক্রান্ত প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যানকে আরও কিছুদিন আইসোলেশনে থাকতে হবে বলে জানানো হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয় ক্রিকেট অ্যাসোসিয়েশন।
|
কোন সংকটে ছিলেন অস্ট্রেলিয়রা
করোনা ভাইরাসের জেরে আইপিএল বাতিল হতেই উভয় সংকটে পড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ এবং ধারাভাষ্যকাররা। আগামী ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয় সরকার। এই সময়ের মধ্যে ভারতে আইপিএল খেলতে দেশের তারকাদের ফেরাতে তাঁরা কোনও ব্যবস্থা নেবে না বলে জানিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, গ্লেন ম্যাক্সওয়েলদের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হবে না বলে জানিয়ে দিয়েছিল তাঁদের দেশের ক্রিকেট বোর্ড। সবপক্ষের সঙ্গে কথা বলে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দিয়েছে বিসিসিআই।

কতজন ক্রিকেটার একসঙ্গে উড়ে গেলেন মালদ্বীপ
ভারতে করোনা ভাইরাসের প্রভাব লাগামছাড়া হয়েছে। আতঙ্কিত হয়ে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিন অস্ট্রেলিয় ক্রিকেটার। আগেই দেশে ফিরে গিয়েছিলেন অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা এবং কেন রিচার্ডসন। তাঁরা ছাড়া বিভিন্ন দলের জৈব সুরক্ষা বলয়ে ছিলেন ১৪ জন অস্ট্রেলিয় ক্রিকেটার। সেই তালিকায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস লিনের মতো হাই প্রোফাইল নামগুলি অন্তর্ভূক্ত। দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ হিসেবে ভারতে ছিলেন যথাক্রমে রিকি পন্টিং ও সাইমন ক্যাটিচ। আইপিএল উপলক্ষে ভারতে ছিলেন ব্রেট লি, মাইকেল স্ল্যাটারের মতো প্রাক্তন অস্ট্রেলিয় ত্রিকেটাররাও। সবমিলিয়ে মোট ৩৯ জন একসঙ্গে মালদ্বীপ রওনা হয়েছেন।












Click it and Unblock the Notifications