IPL 2021 : হাঁটুর চোটে ছিটকে গেলেন কেকেআরের তারকা স্পিনার, দেশে ফিরে অস্ত্রোপচার
IPL 2021 : হাঁটুর চোটে ছিটকে গেলেন কেকেআরের তারকা স্পিনার, দেশে ফিরে অস্ত্রোপচার
একে তো কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটিও ম্যাচ খেলতে না পারার যন্ত্রণা, সেই সঙ্গে টি২০ বিশ্বকাপগামী ভারতীয় দলে সুযোগ না পাওয়ার হতাশার দোসর হল চোট। চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। সংযুক্ত আরব আমিরশাহী থেকে বেশকিছু দিন আগেই ভারতে ফিরছেন চায়নাম্যান। আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলা দেশের ঘরোয়া ক্রিকেটে কুলদীপের অংশগ্রহণের ওপর প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

চলতি আইপিএলের প্রথম পর্বে কলকাতা নাইট রাইডার্সের ডাগ আউটে বসেই সময় কেটেছিল কুলদীপ যাদব। তা নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই বোমা ফাটিয়েছিলেন ভারতীয় স্পিনার। কুলদীপের আক্রমণের নিশানায় ছিলেন কেকেআরের বিদেশি অধিনায়ক, কোচ সহ অন্যান্যরা। এরপরও চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে নাইটদের হয়ে তিন ম্য়াচে ভারতীয় স্পিনারকে প্রথম একাদশে দেখা যায়নি। পিটিআই সূত্রে জানা যায় যে অনুশীলনে ফিল্ডিং করতে গিয়ে তিনি হাঁটুতে চোট পেয়েছেন। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর কেকেআরের অভিজ্ঞ স্পিনার হরভজন সিংও কুলদীপের চোটের আপডেট দিয়েছিলেন। কিন্তু অবস্থা যে এতটা গুরুতর, তা তখন বোঝা যায়নি।
সম্প্রতি যে তথ্য হাতে এসে পৌঁছেছে সে অনুযায়ী হাঁটুর চোটের জেরেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন কুলদীপ যাদব। তাঁকে বেশকিছু দিন আগে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মুম্বইয়ে হাসপাতালে কুলদীপের পায়ে অস্ত্রোপচার হয়েছে বলেও খবর। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমি বা এনসিএ-তে তাঁর রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে। চোট এতটাই গুরুতর যে কুলদীপ মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে পারবেন না বলেও শোনা যাচ্ছে।
২৬ বছরের কুলদীপ যাদব ভারতের হয়ে সাতটি টেস্ট, ৬৫টি ওয়ান ডে ও ২৩টি টি২০ ম্যাচ খেলছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১৭৪। আন্তর্জাতিক ক্রিকেটে দুটি হ্যাটট্রিকের মালিক এই বাঁ-হাতি চায়নাম্যান ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দুই বছর আগে কুলদীপকে শংসাপত্র দিয়েছিলেন স্বয়ং টিম ইন্ডিয়ার কোচ। বিদেশের মাটিতে কুলদীপকেই সেরা ভারতীয় স্পিনার বলেছিলেন রবি শাস্ত্রী। সেহন ক্রিকেটারের আন্তর্জাতিক আঙিনা আচমকাই হারিয়ে যাওয়ার কারণ হিসেবে আইপিএলকে তুলে ধরা হচ্ছে। কেকেআর শিবিরে একের পর এক ম্যাচে প্রথম একাদশের বাইরে কাটিয়ে কুলদীপ জাতীয় নির্বাচকদের চোখের আড়ালে চলে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। কয়েক মাস আগে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের জার্সি গায়ে শেষবার মাঠে দেখা গিয়েছিল কুলদীপ যাদবকে।












Click it and Unblock the Notifications