সেপ্টেম্বরে ইংল্যান্ডেই হোক আইপিএলের বাকি ম্যাচ, দাবি পিটারসেনের
করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। তবে আইপিএল গভর্নিং কাউন্সিল বা বিসিসিআই, উভয়েরই দাবি আইপিএল বাতিল হয়নি। এ বছরই ফাঁকা সময় দেখে আইপিএল আয়োজন করা যাবে। কোথায় হবে তা অবশ্য এখনই চূড়ান্ত হওয়ার নয়। তবে আইপিএল আয়োজনের দাবি উঠছে বিভিন্ন দেশ থেকে।

সঠিক সময়ের সন্ধান
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু অগাস্টের ৪ তারিখ। পঞ্চম তথা শেষ টেস্ট শুরু ১০ সেপ্টেম্বর। অর্থাৎ ১৪ সেপ্টেম্বরের মধ্যে সিরিজ শেষ হয়ে যাচ্ছে। টি ২০ বিশ্বকাপ শুরু ১৮ অক্টোবর। তবে করোনা পরিস্থিতিতে ভারতে তা হবে কিনা তা নিয়ে সংশয় থাকছে। সেক্ষেত্রে টি ২০ বিশ্বকাপ সরতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। টি ২০ বিশ্বকাপের আগে ভারতের দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে টি ২০ ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের, দেশের মাটিতেই। তবে তা না করে এই সময়টুকুতেই আইপিএলের বাকি ম্যাচগুলি খেলানোও হতে পারে। কারণ টি ২০ বিশ্বকাপের পর নভেম্বরে কিছুটা সময় থাকলেও সেরা সময় কিন্তু সেপ্টেম্বরের এই উইন্ডোই। বিশেষ করে টি ২০ বিশ্বকাপ খেললে আইপিএলের প্রস্তুতিও সারতে পারবেন অনেক ক্রিকেটারই।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

পিটারসেনের দাবি
কেভিন পিটারসেন চাইছেন আইপিএলের বাকি ম্যাচগুলি হোক ইংল্যান্ডেই। কেন না, সে সময় ভারত ও ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা ইংল্যান্ডেই থাকবেন। সেপ্টেম্বরে মনোরম আবহাওয়াও থাকে ইংল্যান্ডে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেপি নিজের কলামে লিখেছেন, সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল হয়েছে। দক্ষিণ আফ্রিকাতে হয়েছে। এবার ইংল্যান্ডে হোক। ইংল্যান্ডের যা পরিস্থিতি তাতে মাঠে বসেও আইপিএলের খেলা দেখতে পারবেন দর্শকরা।
ছবি- রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

কাউন্টিরা আগ্রহী
ইতিমধ্যেই আইপিএল আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে মিডলসেক্স, সারে, ওয়ারউইকশায়ার ও ল্যাঙ্কাশায়ার। আইপিএলে বাকি রয়েছে আর ৩১টি ম্যাচ। কেভিন পিটারসনের মতে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ইংল্যান্ডে দারুণ আবহাওয়া থাকে। তাই লন্ডনের দুটি মাঠের পাশাপাশি ম্যাঞ্চেস্টার, বার্মিংহাম ও লিডসে আইপিএল আয়োজনের পক্ষে জোরালো সওয়াল করেছেন পিটারসেন।
(ছবি- বিসিসিআই/আইপিএল)

শ্রীলঙ্কার দাবি
সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে ইংল্যান্ড বা নিদেনপক্ষে সংযুক্ত আরব আমিরশাহীতেই আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজনের জোরালো সম্ভাবনা। তবে টি ২০ বিশ্বকাপ যদি ভারতে না হয় করোনা পরিস্থিতিতে তাহলে বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরশাহীর মাঠগুলিতে আইপিএলের ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। ফলে হাল ছাড়তে নারাজ। শ্রীলঙ্কাও আইপিএল আয়োজনে আগ্রহ দেখিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ম্যানজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর অর্জুন ডি সিলভা আইপিএল শ্রীলঙ্কায় আয়োজনে আগ্রহী। শ্রীলঙ্কায় এপ্রিলের তুলনায় দৈনিক করোনা সংক্রমণ ৩০০ বেড়ে এখন দৈনিক ২ হাজার মানুষের নতুন করে সংক্রমণের খবর আসছে। তবে অতিমারি পরিস্থিতিতে লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজন করে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আইপিএল পেতে মরিয়া। কলম্বোর খেত্তারামা, পাল্লেকেলে, সূর্যওয়েওয়া ও ডাম্বুলার মাঠে ফ্লাডলাইটও রয়েছে। প্রথম তিনটি স্টেডিয়ামে আইসিসি-র টুর্নামেন্টের ম্যাচও হয়েছে। গত বছর অক্টোবর ও নভেম্বরে পাঁচ দলের লঙ্কা প্রিমিয়ার লিগের সব কটি ম্যাচ হয়েছিল সূর্যওয়েওয়াতে। আইপিএলের ক্ষেত্রেও তেমনটাই হতে পারে। ২০২০ সালেও আইপিএল আয়োজনের দাবি জানিয়েছিল শ্রীলঙ্কা। তবে বিসিসিআই সংযুক্ত আরব আমিরশাহীকেই প্রাধান্য দেয়। এবারও তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই।
(ছবি- বিসিসিআই/আইপিএল)












Click it and Unblock the Notifications