IPL 2021 : পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস, দুই দলের মুখোমুখি ফলাফল ও সম্ভাব্য প্রথম একাদশ
আইপিএলে পাঞ্জাব কিংসের মুখোমুখি রাজস্থান রয়্যালস, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও সম্ভাব্য প্রথম একাদশ।
করোনা ভাইরাসের জেরে থমকে থাকা আইপিএলের দ্বিতীয় পর্বের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রথম ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নাস্তানাবুদ করে দ্বিতীয় ম্যাচ জিতেছে ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স। আজ সন্ধ্যায় টুর্নামেন্টের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস। কেএল রাহুল ও সঞ্জু স্যামসন নেতৃত্বাধীন দলের মুখোমুখি লড়াইয়ের ফলাফল এবং সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল
আইপিএলে এখনও পর্যন্ত বাইশ বার পাঞ্জাব কিংসের (এক সময়ের কিংস ইলেভেন পাঞ্জাব) মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস। ১২ বার জিতেছে সঞ্জু স্যামসনের দল। ১০ বার জিতেছে কেএল রাহুল নেতৃত্বাধীন পাঞ্জাব। চলতি আইপিএলে প্রথম পর্বে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২১ রান তুলেছিল পাঞ্জাব কিংস। জবাবে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তুলতে পেরেছিল রাজস্থান রয়্যালস।

লিগ তালিকায় অবস্থান
করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া আইপিএল ফের জোরকদমে শুরু হয়েছে। প্রথম পর্বে আট ম্যাচ খেলা হয়ে গিয়েছিল পাঞ্জাব কিংসের। মাত্র তিনটি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল কেএল রাহুলের দল। ৬ পয়েন্ট নিয়ে এই মুহুর্তে আইপিএল তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে প্রীতি জিন্টার পাঞ্জাব। লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। আইপিএলের প্রথম পর্বে সাত ম্যাচ খেলে ৬ পয়েন্ট হাসিল করতে সক্ষম হয়েছে সঞ্জু স্যামসন শিবির।

সবচেয়ে বেশি রান ও উইকেট
চলতি মরসুমের আইপিএলে রানের নিরিখে পাঞ্জাব কিংসের মধ্যে সবার আগে রয়েছেন অধিনায়ক কেএল রাহুল। সাতটি ম্যাচ খেলে ৩৩১ রান করা রাহুল আজ মুখোমুখি হতে চলা দুই দলের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহকও বটে। ইতিমধ্যেই চারটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। অপরাজিত ৯১। রাজস্থান রয়্যালসের হয়ে চলতি আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক সঞ্জু স্যামসন। সাতটি ম্যাচ খেলে ২৭৭ রান করেছেন তরুণ ক্রিকেটার। একটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৮টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। রাজস্থান রয়্যালসের হয়ে সর্বাধিক ১৪ উইকেট নিয়েছেন ক্রিস মরিস।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
পাঞ্জাব কিংস : কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, ক্রিস জর্ডন, আদিল রশিদ, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং।
রাজস্থান রয়্যালস : সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), এভিন লুইস, মনন ভোরা, ডেভিড মিলার, শিবম দুবে, রাহুল তেওয়াতিয়া, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট, তাবরেজ সামসি, চেতন সাকারিয়া।












Click it and Unblock the Notifications