IPL 2021 : ডু অর ডাই ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি পাঞ্জাব, দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে
আইপিএল ২০২১ : মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের মুখোমুখি পরিসংখ্যান ও সম্ভাব্য প্রথম একাদশ।
আজ আইপিএলের দ্বিতীয় ডাবল হেডার অনুষ্ঠিত হতে চলেছে। দিনের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফে পৌঁছতে দুই দলের কাছেই আজকের ম্যাচ মাস্ট উইন গোছের। তাই আজ সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হচ্ছে। তার আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ ও মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

ম্যাচের প্রেক্ষাপট
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ রোহিত শর্মাদের জিততেই হবে। চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের পরপর তিন ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে মুম্বইকে। আজকের ম্যাচে রোহিতরা ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব। অন্যদিকে সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট অর্জন করা পাঞ্জাব কিংস নেট রান রেটে মুম্বইয়ের থেকে এগিয়ে রয়েছে। লিগ তালিকার পঞ্চম স্থানে তাদের অবস্থান। প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে কেএল রাহুলদেরও আজকের ম্যাচ জিততেই হবে।

মুখোমুখি ফলাফল
আইপিএলে এখনও পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ বার জিতেছে পাঞ্জাব কিংস (একদা কিংস ইলেভেন পাঞ্জাব)। চলতি আইপিএলের প্রথম পর্বে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রভাব বিস্তার করেছিল পাঞ্জাব। ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। পাঞ্জাব কিংসের হয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি ও রবি বিষ্ণোই। জবাবে ১৭.৪ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল প্রীতি জিন্টার দল। ৫২ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
চলতি আইপিএলে নিজেদের গত ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল রোহিত শর্মার দল। তা সত্ত্বেও আজকের ম্যাচে প্রথম একাদশে বিশেষ কোনও পরিবর্তনের পথে নাও যেতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আজকের ম্যাচে খেলতে নামা পাঞ্জাব কিংসের প্রথম একাদশও কার্যত অপরিবর্তিত থাকার কথা।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ : কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, দীপক হুডা, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, নাথান এলিস।












Click it and Unblock the Notifications