IPL 2021 : হর্ষলের গর্বের দিনে সমালোচিত ভারতের বিশ্বকাপের দল নির্বাচন, আরসিবি-কে ফুল মার্কস বিরাটের
আরসবি-র তৃতীয় বোলার হিসেবে আইপিএলে হ্যাটট্রিক হর্ষল প্যাটেলের, দলকে ফুল মার্কস দিলেন বিরাট কোহলি।
আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনবদ্য জয় হাসিল করতে সক্ষম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সৌজন্যে হর্ষল প্যাটেলের ইতিহাস রচনাকারী হ্যাটট্রিক, গ্লেন ম্যাক্সওয়েল ও বিরাট কোহলির অনবদ্য ব্যাটিং পারফরম্যান্স। দলগত দক্ষতার মাধ্যমে হাসিল করা এই জয়ে উচ্ছ্বসিত আরসিবি অধিনায়ক দলের পারফরম্যান্সকে ফুল মার্কস দিয়েছেন। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ফের ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবের ব্যর্থতার পর টি২০ বিশ্বকাপের জন্য ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ম্যাচ শেষে দলের ব্যর্থতা মেনে নিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

হর্ষল প্যাটেলের প্রথম হ্যাটট্রিক
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করতে সক্ষম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সৌজন্যে হর্ষল প্যাটেলের অনবদ্য হ্যাটট্রিক। আইপিএলে প্রথমবার এই নজির গড়লেন গুজরাতের ডান হাতি ফাস্ট বোলার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তৃতীয় বোলার হিসেবে টুর্নামেন্টে হ্যাটট্রিক করলেন হর্ষল। তাঁর আগে ভারতের প্রাক্তনী প্রবীণ কুমার (২০১০) ও ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রী (২০১৭) আরসিবি শিবিরের হয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগে হ্যাটট্রিক করেছেন। হর্ষলের হাত ধরে সবমিলিয়ে মোট ২০টি হ্যাটট্রিক প্রত্যক্ষ করল আইপিএল। এর আগে ২০১৯ সালের আইপিএলে শেষবার এমন ঘটনা ঘটেছিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। টুর্নামেন্টের একই সংস্করণে আরসিবির বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন ভারতীয় স্পিনার শ্রেয়স গোপাল। আইপিএলে সবচেয়ে বেশি তিন বার হ্যাটট্রিক করেছেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার অমিত মিশ্র। এই গৌরবজনক তালিকায় নিজের নাম অন্তর্ভূক্ত করতে পেরে উচ্ছ্বসিত হয়েছেন হর্ষল প্যাটেল। তাঁর পারফরম্যান্স দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় ডান হাতি ফাস্ট বোলারের গর্ব বেড়ে দ্বিগুন হয়েছে। ছয় বার হ্যাটট্রিকের কাছে পৌঁছে লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তাই তিনি আরও খুশি বলে জানিয়েছেন গুজরাতের ফাস্ট বোলার। ম্যাচে ৪ উইকেট নিয়েছেন হর্ষল। সবমিলিয়ে চলতি আইপিএলে ১০ ম্যাচ খেলে ২৩ উইকেট নেওয়া বোলার বেগুনি টুপি জয়ের দৌড়ে সবার ওপরে রয়েছেন।

দশে দশ দিলেন বিরাট
চলতি আইপিএলের দুই পর্বেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এমন ঘটনা ইতিহাস ঘেঁটে খুঁজে পাচ্ছেন না পরিসংখ্যানবিদরা। চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর আরসিবির এই কামব্যাক এবং সংযুক্ত আরব আমিরশাহীতে সাত ম্যাচ পর দলের জয়ের সরণীতে ফেরার আনন্দে উচ্ছ্বসিত হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। গর্বের সঙ্গে জানিয়েছেন যে ম্যাচের সব বিভাগেই শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে টেক্কা দিয়েছেন তাঁর দলের ক্রিকেটাররা। আরসিবি-র স্কোরবোর্ডে আরও ১৫ থেকে ২০ রান সংযুক্ত করা যেত মেনে নিয়েও দলের পারফরম্যান্সকে ফুল মার্কস দিয়েছেন অধিনায়ক বিরাট। হ্যাটট্রিকম্যান হর্ষল প্যাটেলের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল, যুজবেন্দ্র চাহালের গুনগানও গেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। ম্যাচে নিজেও ৫১ রানের অনবদ্য ইনিংস খেলার পাশাপাশি টি২০ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন বিরাট।

কী বললেন রোহিত
রবিবারের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে তাঁদের সব বিভাগে পরাস্ত করেছে, তা মেনে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আরসিবি-র বোলারদের প্রশংসায় তিনি পঞ্চমুখ হয়েছেন। একই সঙ্গে নিজের দলের ব্যাটারদের ব্যর্থতাও তুলে ধরতে পিছপা হননি রোহিত। কোনও রাখঢাক না করে নিজের বিফলতার কথাও উল্লেখ করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। বড় শট খেলতে গিয়ে তাঁর আউট হয়ে যাওয়াটা ম্যাচের প্রধান টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় বলে অকপটে স্বীকার করেছেন রোহিত। এই ম্যাচে যাঁর ব্যাট থেকে ২৮ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস আসে। ম্যাচের সেরা ঘোষিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গ্লেন ম্যাক্সওয়েল। যিনি ব্যাট হাতে ৫৬ রান করার পাশাপাশি বল হাতে ২টি উইকেটও নিয়েছেন। ম্যাচ শেষে এই জয়কে দলগত প্রচেষ্টার ফল বলে আখ্যা দিয়েছেন অস্ট্রেলীয় অল রাউন্ডার। তাঁরা মাঠে পরিকল্পনার রূপায়ণ ঘটাতে পেরেছেন বলেও জানিয়েছেন ম্যাক্সওয়েল।

টি২০ বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
চলতি বছরের টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব। অথচ এই দুই ব্যাটার চলতি আইপিএলে ফ্লপ বলা চলে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রবিবারের ম্যাচে ৯ রান করে আউট হয়েছেন ইশান। ৮ রান করে দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হয়েছেন সূর্য। চলতি আইপিএলে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ১০৭ রান করা ইশান ও ১০ ম্যাচ খেলে ১৮৯ রান করা সূর্যকুমার যাদবের ঘাড়ে হুট করে দেশের হয়ে এত বড় টুর্নামেন্ট খেলার ভার দেওয়া উচিত হয়নি বলে মনে করেন নেটিজেনদের একাংশ। পরিবর্তে চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক শিখর ধাওয়ান (৪৩০) ও দিল্লি ক্যাপিটালসের শ্রেয়স আইয়ারকে দলে নিলে কাজের কাজ হতো বলে মনে করেন ক্রিকেট প্রেমীদের কেউ কেউ। উল্লেখ্য ম্যাচ শেষের পর তরুণ ইশান কিষাণের সঙ্গে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে আলাদা করে কথা বলতেও দেখা যায়। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩ রান করে আউট হওয়া হার্দিক পাণ্ডিয়ার পারফরম্যান্সও আতস কাচের নিচে রাখা হচ্ছে। আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা হতে চলা এই অল রাউন্ডার চলতি আইপিএলে আট ম্যাচ খেলে মাত্র ৫৫ রান করতে পেরেছেন।












Click it and Unblock the Notifications