দুঃসময়ে ম্যাক্সওয়েল পাশে পেয়েছিলেন এই ভারতীয়কে, দিতে চান প্রতিদান
নিউজিল্যান্ড সফরে এখনও চেনা ছন্দে নেই। এর মধ্যেই আইপিএল নিয়ে নিজের ভাবনার কথা জানালেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বিরাট কোহলির কাছ থেকে শিখতে চান অনেক কিছু। বিরাট কোহলি এখনও আইপিএল জয়ের স্বাদ পাননি। দুঃসময়ে পাশে থাকা বন্ধুকে আইপিএল চ্যাম্পিয়ন করাতে নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর ম্যাক্সওয়েল। শিখতে চান নেতৃত্বদানের কিছু খুঁটিনাটিও।

ম্যাক্সওয়েল ম্যাক্সিমাম
গত আইপিএলে চেনা ছন্দে ছিলেন না একেবারেই। ১৩ ম্যাচে ১০৮ রান করেন। সর্বাধিক ৩২। বল হাতে নেন ৩ উইকেট। নিলামের আগে তাঁকে ছেড়েও দেয় কিংস ইলেভেন পঞ্জাব বা অধুনা পঞ্জাব কিংস। তা সত্ত্বেও নিলামে নিজের দর ক্রমে বাড়িয়েই চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এবার আইপিএল নিলামেও অনেক ফ্র্যাঞ্চাইজির টার্গেট ছিলেন ম্যাক্সওয়েল। তবে সকলকে টেক্কা দিয়ে ১৪.২৫ কোটি টাকায় ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলে এটাই তাঁর কেরিয়ারে সবচেয়ে বেশি দর।

বিরাটের প্রশংসা
আইপিএলের আসরে আসার আগেই অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ম্যাক্সওয়েল। তিনি বলেন, তিন ধরনের ফরম্যাটেই বিগত কয়েক বছর ধরে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন বিরাট। ফরম্যাট বদলালে দ্রুত তিনি মানিয়ে নিতে পারেন, দীর্ঘ সময় ধরে দাপট দেখাতে পারেন এবং সর্বোপরি ভারতে যে প্রত্যাশার চাপ রয়েছে তাঁকে ও তাঁর অধিনায়কত্ব ঘিরে তা দারুণভাবে সামলাচ্ছেন ভারত অধিনায়ক।

শিখতে চান ম্যাক্সওয়েল
বিরাট কোহলির অধিনায়কত্বে খেলতে মুখিয়ে রয়েছেন ম্যাক্সওয়েল। তিনি জানিয়েছেন, শুধু খেলাই নয় শিখতেও চান অনেক কিছু। মাঠে তো বটেই, মাঠের বাইরে, অনুশীলনে বিরাট কীভাবে সব কিছু সামলান তা দেখতে মুখিয়ে আছি। তাঁকে দেখে অধিনায়কত্বের খুঁটিনাটি শিখেও নিজেকে সমৃদ্ধ করতে চান ম্যাক্সওয়েল।

বিরাট বন্ধু
বিরাটের সঙ্গে ম্যাক্সওয়েলের বন্ধুত্ব অনেক দিনের। তা এক অন্য উচ্চতায় পৌঁছায় ২০১৯ সালে। মানসিকভাবে বিধ্বস্ত থাকায় মেন্টাল হেল্থ ব্রেক নিয়েছিলেন ম্যাক্সওয়েল। তিনি জানিয়েছেন, সেই সময় আমার পাশে ছিলেন বিরাট। আমার কী ধরনের সমস্যা তা উপলব্ধি করতে পেরেছিলেন ভারত অধিনায়ক। প্রত্যাশার চাপ-সহ আমার সমস্যাগুলি বুঝে পরামর্শ দিয়েছিলেন, হয়তো তিনি আমার এই বিষয়গুলির সঙ্গে নিজেকে মেলাতে পেরেই তাঁর অভিজ্ঞতা থেকে আমাকে মানসিকভাবে দৃঢ় করতে এগিয়ে আসেন। আরসিবি এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি আইপিএলে। বন্ধুকে তাঁর সেই অপ্রাপ্তির অবসান ঘটানোর লক্ষ্যে নিজের সেরাটা দিতে তৈরি ম্যাক্সওয়েল।












Click it and Unblock the Notifications